যুক্তরাষ্ট্রের মধুর প্রতিশোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্লিন্ট ডেম্পসির গোলের উল্লাস
ক্লিন্ট ডেম্পসির গোলের উল্লাস

শেষ রাতে ঢুলুঢুলু চোখে যাঁরা ম্যাচ দেখতে বসেছিলেন, মুহূর্তেই তাঁদের ঘুম উধাও৷ ক্লিন্ট ডেম্পসি যখন গোল করে বসলেন, ম্যাচের আয়ু তখন মাত্র ২৯ সেকেন্ড! শুরুটা যেমন, পরশু ঘানা-যুক্তরাষ্ট্রের শেষটাও হলো রোমাঞ্চ দিয়েই৷ ২-১ গোলে ঘানাকে হারিয়ে একরকম প্রতিশোধই নিল যুক্তরাষ্ট্র৷
প্রতিশোধই বটে৷ গত দুই বিশ্বকাপেই যুক্তরাষ্ট্রের কাছে আততায়ী হয়ে এসেছিল ঘানা৷ ২০০৬ বিশ্বকাপে দুই দলের দেখা হয়েছিল গ্রুপপর্বে৷ জিতেছিল ঘানাই৷ পরেরবারের স্মৃতিটা যুক্তরাষ্ট্রের কাছে আরও তিক্ত৷ ২০১০ বিশ্বকাপে শেষ ষোলোর দেখায় ঘানাই হেসেছিল শেষ হাসি৷ দুবারই কিন্তু স্কোরলাইন ২-১৷ শেষবার তো আসামোয়াহ জিয়ানের অন্তিম সময়ের গোলেই স্বপ্নভঙ্গ হয় যুক্তরাষ্ট্রের৷ এবার নিশ্চয় চমকে গেছেন! পরশুর ম্যাচের স্কোরলাইনও যে তাই৷ হয়তো নিয়তিই যুক্তরাষ্ট্রকে এমন পাল্টা-আঘাতের মঞ্চ সাজিয়ে রেখেছিল৷
ঘানার কাছে সেটা আরও বেশি প্রাণঘাতী হয়ে এসেছে শেষ গোলের জন্য৷ ৮২ মিনিটে আন্দ্রে আইয়ু যখন সমতা ফেরালেন, ড্র তো বটেই, হয়তো জয়ই দেখছিল ব্ল্যাক স্টাররা৷ কিন্তু ৮৬ মিনিটে জার্মান বংশোদ্ভূত ডিফেন্ডার জন ব্রুকস কর্নার থেকে হেডে গোল করে মার্কিনদের এনে দিলেন মহামূল্যবান জয়৷ দুই দলের অতীত ইতিহাসের কারণে জয়টার আলাদা একটা মাহাত্ম্য আছে৷ তবে ডেম্পসি সেই আনন্দে বুঁদ হয়ে রইলেন না, ‘ঘানার সঙ্গে আমাদের একটা ইতিহাস আছে৷ জয়টা তাই অন্য রকমই৷ গত দুটি বিশ্বকাপে ওরা আমাদের বিদায় করে দিয়েছিল৷ কিন্তু এই জয়টা যদি আমরা পরে ঠিকঠাক কাজে না লাগাতে পারি, তাহলে এটার কোনো মূল্য থাকবে না৷’
যুক্তরাষ্ট্রের কোচ ইয়ুর্গেন ক্লিন্সমানের জন্য জয়টা স্মরণীয়ই হয়ে থাকবে৷ পরশুর ম্যাচটা ছিল যুক্তরাষ্ট্রের দায়িত্বে তাঁর ৫০তম৷ জয়টা অবশ্য একদিক দিয়ে প্রত্যাশিতই ছিল৷ বিশ্বকাপের শুরুটা বরাবরই দুর্দান্ত এই জার্মান কোচের৷ খেলোয়াড় হিসেবে তিনটি বিশ্বকাপেই প্রথম ম্যাচে জয় পেয়েছিলেন এই জার্মান স্ট্রাইকার৷ কোচ হিসেবেও ২০০৬ বিশ্বকাপে জার্মানিকে জয় এনে দিয়েছিলেন কোস্টারিকার সঙ্গে৷ ঘানার সঙ্গে জয়টা অবশ্য ঠিক তৃপ্তি দিচ্ছে না যুক্তরাষ্ট্র কোচকে, ‘আমাদের ঐক্যটা ভালো ছিল৷ শেষ মুহূর্ত পর্যন্ত আমরা লড়াই করেছি৷ দিন শেষে এটা ছিল অসাধারণ কিছু৷ কিন্তু এখনো আমাদের উন্নতি করার অনেক কিছুই আছে৷ আমরা নিজেদের পায়ে বল রাখতে পারিনি৷’ এএফপি, রয়টার্স৷