যুক্তরাষ্ট্রের মেয়েদের অন্য রকম অভিজ্ঞতা

মেয়েদের ১০০ মিটার স্প্রিন্ট রিলের হিটে দৌড়াচ্ছে যুক্তরাষ্ট্রের মেয়েরা। আশপাশে নেই কোনো প্রতিদ্বন্দ্বী! ফেলিক্সদের প্রতিদ্বন্দ্বিতা শুধু ঘড়ির কাঁটার সঙ্গে। শেষ পর্যন্ত জয়ীও হয়েছেন তাঁরা, নিশ্চিত হয়েছে ফাইনাল।
এর আগে হিটে ব্যাটন হস্তান্তরে ভজকট পাকিয়ে সবার শেষে দৌড় শেষ করেছিল যুক্তরাষ্ট্র। দ্বিতীয়বার ব্যাটন হস্তান্তরের সময় অ্যালিসন ফেলিক্সের হাত থেকে পড়ে যায় তা। কিন্তু পরে মার্কিনরা দাবি করে, ব্রাজিলের তৃতীয় লেগের দৌড়বিদ কাউয়িজা ভেনাসিওর সঙ্গে ধাক্কা লেগেই পড়ে গেছে ব্যাটন। নিজেদের সুযোগ দিতে আপিল করে যুক্তরাষ্ট্র। অ্যাথলেটিকসের নিয়ন্ত্রণ সংস্থা আইএএএফ পরে আবার দৌড়ানোর সুযোগ দেয় দলটিকে।
রাতেই দলটি একাই দৌড়ায়। হিটে অষ্টম হওয়া চীনের (৪২.৭০ সেকেন্ড) চেয়ে কম সময় নিতে পারলে ফাইনালে উঠতে পারবে ফেলিক্সের দল—এমনই ছিল সমীকরণ। সেটি তারা পেরেছেও। মার্কিন মহিলা স্প্রিন্টাররা সময় নিয়েছেন ৪১.৭৭ সেকেন্ড।
এভাবে ফাইনালে যেতে হবে ভাবতে পারেননি যুক্তরাষ্ট্রের মেয়েরা। ফেলিক্স জানালেন তাঁদের অন্য রকম অভিজ্ঞতার কথা, ‘এটা আলাদা ও অদ্ভুত ছিল। ভীষণ স্বস্তি পাচ্ছি। এমন পরিস্থিতেতে আগে কখনো পড়িনি। তবে শেষ পর্যন্ত উতরে যেতে পেরে আমরা খুশি।’ প্রতিদ্বন্দ্বী ছাড়া দৌড়ে কীভাবে ভালো করলেন, তার কিছুটা বললেন ফেলিক্সের সতীর্থ ইংলিশ গার্ডনার, ‘কোচ আমাদের বললেন এটা অনেকটা অনুশীলন, যেটি পুরো বিশ্ব দেখছে। আমরা সেখানে গিয়েছি এবং একে অপরের ওপর আস্থা রেখেছি।’
চীন এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। আইএএএফ অবশ্য সেটি দ্রুতই খারিজ করে দিয়েছে। তথ্যসূত্র: এএফপি, রয়টার্স।