যুক্তরাষ্ট্রের ১০০০ নাকি ৯৯৯?

অলিম্পিকে যুক্তরাষ্ট্রের হাজার সোনা নিশ্চয়ই দারুণ এক অর্জন। কিন্তু সমস্যা হচ্ছে, এমন একটা অর্জনের মুহূর্তেও নিজেদের অলিম্পিক ইতিহাসে যুক্তরাষ্ট্রের মোটা সোনা নিয়ে ছোটখাটো এক বিতর্ক দানা বেঁধেছে। যুক্তরাষ্ট্রের অলিম্পিক সংস্থারই (ইউএসওসি) একজন ইতিহাসবিদ বলেছেন, অলিম্পিকে যুক্তরাষ্ট্রের মোট সোনা ১০০০ নয়, ৯৯৯!
অলিম্পিক শুরুর আগেই বিতর্কটা ডালপালা মেলেছিল। হাজার সোনার হাতছানির মধ্যেই ইউএসওসি ঘোষণা করেছিল অলিম্পিকে তাদের প্রাপ্ত সোনার সংখ্যা ৯৭৭, আর ২৩টি সোনার পদক হলেই সংখ্যাটা হাজার হয়ে যায়। কিন্তু ইউএসওসির ইতিহাসবিদ বিল ম্যালন ‘৯৭৭’ সংখ্যাটির সঙ্গে একমত হতে পারেননি। তিনি বলেছিলেন ৯৭৭ সংখ্যা ভুল। অলিম্পিক থেকে যুক্তরাষ্ট্রের প্রাপ্ত সোনার সংখ্যা আসলে ৯৭৬ (রিও অলিম্পিক শুরুর আগে)। যুক্তরাষ্ট্রের অলিম্পিক কমিটি অবশ্য শেষ পর্যন্ত ৯৭৭ সংখ্যাতেই অটল থাকে।
আরও একটি প্রতিষ্ঠান, যার নাম ইনফোস্ত্রাদা, বলছে ৯৯৯ নয়, এমনকি ১০০০-ও নয়, অলিম্পিকে যুক্তরাষ্ট্রের প্রাপ্ত সোনার সংখ্যা আসলে ১০০১! মহা মুশকিল! মূল ব্যাপার হচ্ছে বিল ম্যালন একটি জায়গায় হিসাব থেকে কিছু একটা বাদ দিচ্ছেন, ইনফোস্ত্রাদা হিসেবে কিছু যোগ করছে। আর গোলটা বেঁধেছে এই জায়গাতেই।
গোলটা আসলে বেঁধেছে ১৯০৪ সালের সেন্ট লুসিয়া অলিম্পিক গেমসকে ঘিরেই। সেবারের অলিম্পিক আসলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের শিকাগোতে। কিন্তু বিশ্বের অনেক দেশই যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলে সফর করতে অনীহা দেখানোয় শেষ পর্যন্ত অলিম্পিক আয়োজনের ভার পায় সেন্ট লুসিয়াই। এই গেমসে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পাশাপাশি এসেছিল বিভিন্ন দেশের কিছু ক্লাবদলও। ফিলাডেলফিয়ার টার্নজেমেইনদে ক্লাব ছিল সেন্ট লুসিয়ায় পা রাখা এমনই একটি দল।
এই ক্লাবেরই জিমন্যাস্ট জুলিয়াস লেনহার্ট সেবার দুটো ইভেন্টে সোনা জিতেছিলেন। এই লেনহার্ট মূলত ছিলেন একজন অস্ট্রিয়ান। তিনি জিমন্যাস্টিকসের ব্যক্তিগত অলরাউন্ড ও দলগত অলরাউন্ড ইভেন্টে সোনা জিতেছিলেন। যেহেতু তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন না, সেহেতু তাঁর প্রাপ্ত সোনা দুটি যুক্তরাষ্ট্রের প্রাপ্ত তালিকা থেকে অনেকেই বাদ দিয়ে দেন। ম্যালন যেমন বাদ দিয়েছেন। ম্যালনের মতে, লেনহার্টের দুটি সোনার একটিও যুক্তরাষ্ট্রের নয়। একটি যাবে অস্ট্রিয়ার ঝুলিতে, অন্যটি তাঁর ক্লাবের নামে, যদিও টার্নমেজেইনদে ক্লাবটি ছিল যুক্তরাষ্ট্রেরই।
ইনফোস্ত্রাদার ভাবনটা ঠিক ম্যালনের বিপরীতে, তাদের মতে, যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে এটি অবশ্যই সেন্ট লুসিয়া অলিম্পিক কর্তৃপক্ষের সমস্যা। এর খেসারত যুক্তরাষ্ট্র দেবে কেন? লেনহার্ট যেকোনো হিসেবেই যুক্তরাষ্ট্রের ক্রীড়াবিদ ছিলেন। জন্মসূত্রে তাঁর জাতীয়তা যা-ই হোক না কেন! লেনহার্টের দুটো পদক প্রাপ্ত সংখ্যার সঙ্গে এক করেই রিও অলিম্পিকের আগে তা দাঁড়িয়েছিল ৯৭৭-এ। রিওতে এখনো পর্যন্ত পাওয়া ২৩ সোনা যোগ করে ১০০০! এ-ই তো!
ম্যালনের যুক্তিতে যদি সমর্থন থাকে, তাহলেও সমস্যা নেই। আসলে একটি সংখ্যার তারতম্য খুব বড় করে দেখতে চায় না ইউএসওসি। তাদের মতে, এটা কোনো বড় ইস্যু নয়। ৯৯৯ হলেও ক্ষতি নেই, ১০০০ তো পাওয়া হচ্ছেই, আজ কিংবা কাল। ৯৯৯ সোনাই বা কোন দেশ অলিম্পিক থেকে তাদের দেশের জন্য নিয়ে এসেছে!