যুক্তিবোধ আর প্রযুক্তি একসঙ্গে চলতে পারে না: ধোনি
বিশ্বকাপে রেফারেল পদ্ধতির প্রয়োগ এবারই প্রথম। প্রযুক্তিভিত্তিক এ পদ্ধতির প্রয়োগ নিয়ে আগে থেকেই কানাঘুষা ছিল। বেঙ্গালুরুতে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার শ্বাসরুদ্ধকর ‘টাই’-এর পর সেই কানাঘুষাটা যেন রীতিমতো ‘চিত্কারে’ রূপ নিয়েছে।ভারত প্রথম থেকেই এ পদ্ধতির বিরোধী। কারণ, এ পদ্ধতির উল্টো পিঠটাই ২০০৮ সালের শ্রীলঙ্কা সফরে দেখে এসেছিল ভারত। গতকাল বেঙ্গালুরুতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে আর েএকবার এ পদ্ধতির ‘শিকার’ হতে হয়েছে মহেন্দ্র সিং ধোনির দলকে।ইংল্যান্ড ইনিংসের ২৫তম ওভারে ব্যাট করছিলেন ইয়ান বেল। যুবরাজ সিংয়ের শেষ বলে কিছুটা এগিয়ে এসে সুইপ করার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু বল লাগে তার প্যাডে। এলবিডব্লিউর জোরালো আবেদন করেন ভারতীয় ক্রিকেটাররা। আম্পায়ার বিলি বাউডেন নাকচ করে দেন সে আবেদন। এরপরই ধোনি সাহায্য নেন রেফারেল পদ্ধতির। রিপ্লেতে দেখা যায়, বল ঠিকই আঘাত হানত মিডলস্ট্যাম্পে। উল্লাসে ফেটে পড়েন ভারতীয় সমর্থকেরা। আউট নিশ্চিত জেনে সাজঘরের দিকে হাঁটাও শুরু করেছিলেন বেল। কিন্তু কিছুক্ষণ পরে সবাইকে হতবাক করে দিয়ে সিদ্ধান্ত জানানো হয় ‘নট আউট’। আবার ফিরিয়ে আনা হয় তাঁকে।এ সিদ্ধান্তটিই ম্যাচের ভাগ্য বদলে দেয় অনেকখানি। তৃতীয় উইকেটে স্ট্রাউসের সঙ্গে তাঁর ১৭০ রানের জুটিটাই গড়ে দিয়েছিল শ্বাসরুদ্ধকর এই ম্যাচটার ভিত্তি। বেলের বিরুদ্ধে যখন এ আবেদন হয়, তখন তিনি ১৭ রান নিয়ে ব্যাট করছিলেন। শেষ পর্যন্ত ‘জীবন পেয়ে’ সেই ১৭ রানকে ৬৯ রানে নিয়ে যেয়ে ইংল্যান্ডের পরাজয় এড়ানোতে দারুণ অবদান রাখেন তিনি।বেলকে কেন আউট দেওয়া হলো না, তা কিছুতেই মাথায় ঢুকছে না ধোনির। রিভিউ পদ্ধতির নিয়মানুসারে কোনো ব্যাটসম্যান যদি ২.৫ মিটার এগিয়ে আসে, তাহলে তাঁকে এলবিডব্লিউ দেওয়া যাবে না। সেই নিয়মানুসারেই বোধহয় ইয়ান বেল টিকে গিয়েছিলেন উইকেটে। কিন্তু এ নিয়মটাই মেনে নিতে পারছেন না ধোনি। তিনি বলেছেন, রিভিউ হচ্ছে, প্রযুক্তির সঙ্গে মানুষের যুক্তিবোধের একটা মিশেল। দুটো কখনো একসঙ্গে চলতে পারে না। এলবির সিদ্ধান্ত মাঠে দাঁড়িয়ে খালি চোখে আম্পয়াররা দেন, তাঁদের যুক্তিবোধ ব্যবহার করে। হয়, এটি পুরোপুরি যুক্তিনির্ভর হতে হবে, নয়তো একে প্রযুক্তি নির্ভর করে দিতে হবে।’ধোনির বক্তব্য, ‘যদি টিভি রিপ্লেতে দেখা যায় যে বলটা সত্যিই স্ট্যাম্পে আঘাত করত, তাহলে ব্যাটসম্যান উইকেট ছেড়ে কতটা বাইরে বেরিয়ে এল, এটা তো কোনো ব্যাপার না। এটা আউটই দেওয়া উচিত।’সব মিলিয়ে সংবাদ সম্মেলনে হতাশাটা চেপে রাখতে পারেননি ধোনি। হতাশার সঙ্গে তাঁর বক্তব্যে বোধগম্য কিছু যুক্তিও অবশ্যই রয়েছে। তাঁর এই যুক্তির পর রেফারেল পদ্ধতি নিয়ে বিতর্কটা যে ভালোভাবেই জমে উঠল, এ কথা বলাই যায়।এদিকে ইংলিশ অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস নাকি এ নিয়মের কথা গতকালই জেনেছেন। তবে, ইয়ান বেলের উইকেটে টিকে যাওয়াটা ‘সৌভাগ্যপ্রসূত’ বলেই মত দিয়েছেন তিনি। রয়টার্স।