যুগপূর্তির আয়োজনে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খালেদ মাসুদ এসে গিয়েছিলেন তিনটার আগেই। আকরাম খান, নাঈমুর রহমান, খালেদ মাহমুদসহ আমন্ত্রিতদের অনেকেই চলে এলেন সময়মতো। বিসিবি হসপিটালিটি এরিয়ার অনুষ্ঠানস্থলও ভরে উঠল মোটামুটি। নির্ধারিত সময় চারটা পেরিয়ে গেল, তবু অনুষ্ঠান শুরুর নাম নেই। বোর্ড প্রধান নাজমুল হাসানেরই যে দেখা নেই!দেখা মিলল তাঁর পৌনে পাঁচটায়, চারটার অনুষ্ঠান শুরু হতে হতে পাঁচটা। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের যুগপূর্তি উদ্যাপন। ত্বরিত উদ্যোগ, ছোট্ট পরিসরে ছিমছাম আয়োজন। বেশ কজন বর্তমান-সাবেক ক্রিকেটারের মিলনমেলায় শুরুর দিকে প্রাণের উচ্ছ্বাস যথেষ্টই ছিল। কিন্তু বিলম্বের বিরক্তিতে সুর যেন খানিকটা কেটে গেল। ছোট্ট আয়োজন বলে আমন্ত্রিতদের তালিকাও ছিল ছোট। কিন্তু জাতীয় ক্রিকেট বা বোর্ড-সংশ্লিষ্ট কেউ না হয়েও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মনজুর কাদের, দুরন্ত রাজশাহীর কর্ণধার মুশফিকুর রহমান বা মোহামেডানের কর্মকর্তা লোকমান ভূঁইয়ারা ঠিকই জায়গা পেয়ে গেলেন। সামনের সারিতে মনজুর কাদেরের অবস্থান, কেক কাটার পর নাঈমুর-বাশারদের না খাইয়ে বোর্ড সভাপতির মুখে তুলে দেওয়ার তোড়জোড় একটু বেশিই নজর কাড়ল। ফটোসেশনেও অনাহূত কারও কারও ফ্রেমে ঢোকার সে কী চেষ্টা! আয়োজনটা তাই প্রাণবন্ত হয়ে উঠতে পারল না।ছোট্ট বক্তৃতা পর্বের পর ‘১২’ আকৃতির কেক কাটা—এই ছিল আয়োজন। বক্তৃতা দিয়েছেন শুধু অভিষেক টেস্টের অধিনায়ক নাঈমুর আর বর্তমান বোর্ড প্রধান। অভিষেক টেস্টের ১৬ জনের দলের আটজন ছিলেন—নাঈমুর, আকরাম, মাসুদ, হাবিবুল বাশার, হাসিবুল হোসেন, মোহাম্মদ রফিক, বিকাশ রঞ্জন দাস (মাহমুদুল হাসান) ও এনামুল হক। ছিলেন সাবেক অধিনায়ক শফিকুল হক, রকিবুল হাসান, গাজী আশরাফ হোসেন, মিনহাজুল আবেদীন, ফারুক আহমেদ ও প্রথম টেস্টের কোচ সারোয়ার ইমরান। বর্তমান ক্রিকেটারদের মধ্যে ছিলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ ও ইলিয়াস সানি। আয়োজনের জন্য বোর্ডকে ধন্যবাদ জানিয়ে নাঈমুর সীমিত সুযোগ-সুবিধার পরও দেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন উত্তরসূরিদের। আর ছোট্ট পরিসরে আয়োজনের ব্যাখ্যা দিলেন বোর্ড প্রধান নাজমুল, ‘যুগপূর্তির ব্যাপারটা আসলে আমার মাথায়ই ছিল না। দিন দুয়েক আগে কয়েকজন সাংবাদিক বলার পর মনে হলো কিছু একটা করা দরকার। এরপরই দ্রুততার সঙ্গে যা করা যায়, আমরা চেষ্টা করেছি। ইচ্ছা থাকলেও তাই আরও বড় পরিসরে আয়োজনের সুযোগ এবার ছিল না।’সরল-সত্য এই স্বীকারোক্তি বা ত্বরিত আয়োজনের জন্য সাধুবাদ তিনি পেতেই পারেন। যুগপূর্তির অনুষ্ঠান খুব আড়ম্বরপূর্ণ হওয়াটাও জরুরি নয়। কিন্তু বোর্ড প্রধান ও বোর্ড কর্তাদের যুগপূর্তি ভুলে যাওয়া বা মাথায় না থাকা—দেশের ক্রিকেটেরই যেন প্রতীক!