যুগের সমাপ্তি দেখছেন ক্রুইফ
আয়াক্স থেকে বার্সেলোনা। এই যাত্রাপথ ছিল তাঁর খেলোয়াড় জীবনে; কোচ জীবনেও। ১৯৮৮ সালে বার্সার কোচ হয়ে নতুন এক যুগের সূচনা করেন। গড়ে তোলেন ‘ড্রিম টিম’। স্বপ্নের যে দলটি টানা চারটি লিগ জিতেছিল। চারটি ইউরোপ সেরার প্রথমটিও। ইয়োহান ক্রুইফের সেই যুগের সমাপ্তি ১৯৯৬ সালে। বার্সা আরেকটি স্বর্ণযুগ পেয়েছিল। পেয়েছে আরেকটি ড্রিম টিমও, পেপ গার্দিওলার নেতৃত্বে। গতকাল গার্দিওলার শেষ ম্যাচের মাধ্যমে সেই যুগেরও সমাপ্তি হয়ে গেল বলে মনে করছেন এই ডাচ্ কিংবদন্তি। ‘যুগের সমাপ্তি’ একটা ভয়ের বার্তাও দেয় সমর্থকদের মধ্যে। ক্রুইফ যুগের সাফল্য গার্দিওলা যুগে অনূদিত হতে বার্সা-সমর্থকদের যে অপেক্ষা করতে হয়েছিল দীর্ঘ এক যুগ। তবে ক্রুইফ বলছেন, ‘যুগের সমাপ্তি’ অন্তত এখানে নেতিবাচক অর্থে তিনি ব্যবহার করছেন না, ‘গার্দিওলার সঙ্গে সঙ্গে একটা যুগের শেষ হয়ে গেল। নতুন আরেকটা যুগের শুরুও কিন্তু হলো। আমি এটা নেতিবাচক অর্থে বোঝাচ্ছি না।’গার্দিওলা কেন সরে দাঁড়ালেন, এ নিয়ে নানা অনুমান আছে। গার্দিওলা নিজেও ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু ক্রুইফ মনে করেন, সমস্যা ছিল অন্য জায়গায়। গার্দিওলাকে কোচ বানিয়েছিল হুয়ান লাপোর্তার কমিটি। কিন্তু মাঝপথে ক্ষমতায় এসেছেন সান্দ্রো রসেল। নতুন সভাপতির নতুন কমিটি লাপোর্তাদের কঠোর সমালোচনা করেছিলেন বিভিন্ন বিষয় নিয়ে। ক্রুইফ মনে করেন, গার্দিওলাও এ নিয়ে একটা মানসিক চাপে সব সময় ছিলেন। গার্দিওলা যে বলছেন শারীরিক-মানসিক শক্তি তাঁর নিঃশেষিত, ক্রুইফের ধারণা, মাঠের বাইরের এই সমস্যাটাও তাতে ভূমিকা রেখেছে, ‘ফুটবল ছাড়াও ওকে আরও অন্যান্য বিষয় নিয়ে মাথা ঘামাতে হয়েছে। এটা যে আপনাকে কত দ্রুত নিঃশেষ করে দেয়, সেটি কল্পনা করাও কঠিন।’গার্দিওলা ছিলেন তাঁরই ছাত্র। তাঁর ড্রিম টিমের অন্যতম যোদ্ধা। গার্দিওলা যে সফল হবেন সেই ভবিষ্যদ্বাণীও করেছিলেন ক্রুইফ। কিন্তু ‘টোটাল ফুটবল’-এর অন্যতম এই রূপকার বার্সার নতুন কোচ টিটো ভিলানোভাকে নিয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি নন। আগে তো দেখতে হবে তাঁকে।এখনকার সাফল্যনির্ভর ফুটবল স্বাভাবিকভাবেই তাঁকে আহত করে। চেলসির অতি রক্ষণাত্মক মানসিকতার সমালোচনা করেছেন আগেই। করলেন আবারও, ‘এটা মানের ঘাটতির ব্যাপার নয়। ওরা তো শেষের দিকে ঠিকই দারুণ খেলল। কেন এই খেলাটা শুরুতে খেলা হলো না? যেটা আপনার শুরুতেই করা উচিত ছিল, সেটা করে দেখানোর জন্য কেন শেষ পর্যন্ত অপেক্ষা করতে হলো?’ সমালোচনা করেছেন চেলসির সাবেক কোচ হোসে মরিনহোরও। বলেছেন, ‘ফুটবলে জয়টাই শেষ কথা নয়।’ এএফপি।