যুগোস্লাভিয়ার আরেক উত্তরসূরি
১৯৯২ সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল স্লোভেনিয়া। ১৮ বছরের মধ্যে সেই দেশটি ফিফা র্যাঙ্কিংয়ে ২৩ নম্বরে উঠে এল! তার চেয়েও বিস্ময়কর—বিশ্বকাপে খেলতে এসে ইংল্যান্ড-যুক্তরাষ্ট্রকে টপকে এখন পর্যন্ত ‘সি’ গ্রুপের সেরা দল তারা। সরল-সোজা এই ইতিহাস মানুষকে বিস্মিত করতে পারে। কিন্তু স্লোভেনিয়ার ইতিহাসটা এত সোজা নয়। দেশটির কাঁধে রয়েছে একসময়ের ফুটবল পরাশক্তি যুগোস্লাভিয়ার ঐতিহ্য। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপের সেমিফাইনাল খেলা যুগোস্লাভিয়া এর পরে একবার সেমিফাইনাল ও চারবার কোয়ার্টার ফাইনাল খেলেছে। একবার অলিম্পিক সোনা, তিনবার রুপা ও একবার ব্রোঞ্জ জিতেছে দলটি। সেই যুগোস্লাভিয়া ভেঙে ১৯৯১ সালে আলাদা রাষ্ট্র ও আলাদা ফুটবল দলে পরিণত হয় স্লোভেনিয়া। উল্লেখ্য, এর আগে-পরে যুগোস্লাভিয়া ভেঙে বসনিয়া-হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া, মেসিডোনিয়া, সার্বিয়া, মন্টেনেগ্রো ও কসোভো ফুটবল দল তৈরি হয়েছে। প্রায় সবাই-ই নিজেকে যুগোস্লাভিয়ার যোগ্য উত্তরসূরি হিসেবে প্রমাণ করার চেষ্টায় মেতেছে।এবার সেই একই চেষ্টা নিয়ে দ্বিতীয় বিশ্বকাপ খেলতে এসেছে স্লোভেনিয়া। প্রথম ম্যাচেই আলজেরিয়াকে হারিয়ে ঐতিহ্যের ভারটাও প্রমাণ করেছে। আর গত পরশু যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাঁরা ড্র করেছে ঠিকই। কিন্তু ম্যাচে দুই গোলে এগিয়ে গিয়ে প্রমাণও করেছে, তারা থাকতেই এসেছে। কোচ মাতাজ কেক অবশ্য স্লোভেনিয়ার এই প্রাপ্তিতে ভেসে যাচ্ছেন না। বরং যুক্তরাষ্ট্রের বিপক্ষে এগিয়ে গিয়েও ম্যাচ জিততে না পারার দুঃখ কোচের কণ্ঠে, ‘এই ম্যাচ থেকে গর্ব করার মতো অনেক কিছু পেয়েছি, আবার কিছু হতাশাও আছে। আমরা ২-০ গোলে এগিয়ে গিয়েও ওদের চাপ সামলে উঠতে পারলাম না। একটা, সম্ভবত দুটিই ভুল করে ফেলেছি আমরা।’কেকের মতো এতটা আত্মসমালোচক হতে পারলেন না অধিনায়ক রবার্ট কোরেন। জিততে না পারলেও নিজেদের খেলায় তিনি খুবই খুশি, ‘সবাই আশা করেছিল যুক্তরাষ্ট্র আমাদের হারাবে। কিন্তু আমরা আবারও ভালো ফুটবল খেলেছি। আমার তো মনে হয়, আমাদের তিন পয়েন্টই প্রাপ্য ছিল। এ ম্যাচের পর আমাদের আত্মবিশ্বাস বেড়ে গেছে। এখন আমরা ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের দিকে চেয়ে আছি।’ইংল্যান্ডের সঙ্গে জিতে বা ড্র করে স্লোভেনিয়া দ্বিতীয় পর্বে যেতে পারবে কি না, সেটা বলবে সময়। তবে তার আগেই দুনিয়াকে নিজেদের চেনানোর কাজটা করতে পেরে খুশি কোরেন, ‘এই বিশ্বকাপে আসার আগে খুব বেশি লোক স্লোভেনিয়ার নাম জানত না। এখন লোকে স্লোভেনিয়া সম্পর্কে অনেক কিছু জানে। আমরা প্রমাণ করেছি, আমাদের এগিয়ে যাওয়ার যোগ্যতা আছে।’ ওয়েবসাইট।