যুদ্ধ ওদের থামাতে পারেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুম ভাঙে গুলির শব্দে। সারা দিন কাটে আতঙ্কে। রাতেও নির্ভার থাকার সুযোগ নেই।এককথায় এই হলো ফিলিস্তিনিদের জীবনকাহিনি। একটুও আনন্দ নেই। নির্বিঘ্নে ফুটবল খেলার সুযোগ মেলে না। ফুটবলের জন্য এটি এক বধ্যভূমি।ফিলিস্তিন ফুটবল দলটা তবু এগোচ্ছে। প্রতিকূলতাকে জয় করাই বীরের কাজ, সেটিই করছেন ফিলিস্তিনের ফুটবলাররা। এশিয়ার মানচিত্রে ভালো একটা অবস্থায় যেতে লড়ে যাচ্ছে নিরন্তর। কিছুটা সাফল্যও এসেছে। সেটিকে সঙ্গী করেই এএফসি চ্যালেঞ্জ কাপে আজ বাংলাদেশের মুখোমুখি ফিলিস্তিন। এই অভিযান ফিলিস্তিনের ফুটবলকে আরও এগিয়ে নেবে বলেই বিশ্বাস দলটার কোচ জামাল মাহমুদের, ‘আমরা অনেক সমস্যার পরও সামনে তাকাচ্ছি।’খেলোয়াড়েরা উজ্জীবিত। বুকে দেশের জন্য ভালোবাসা। মনে যন্ত্রণা। রক্তাক্ত হূদয়ে টোকা দিলেই বেরিয়ে আসতে চায় অজানা অনেক কাহিনি। শুনে শিউরে উঠবেন যে কেউ। কিন্তু এই জীবনেই অভ্যস্ত হয়ে পড়েছেন ফিলিস্তিনিরা।অন্যতম সেরা খেলোয়াড় আবদুল্লাহ কাল বলছিলেন, ‘ইসরায়েলিদের বোমা হামলায় আমাদের অন্তত ২০ জন ফুটবলার মারা গেছে। অনেকেই পঙ্গু। আমরা ঠিকমতো খেলতে পারি না। দুই দিন গুলি-বোমা নেই তো পরের দুই দিন তা এসে হাজির! জানেন, আমাদের স্টেডিয়ামেও বোমা ফেলে ওরা।’ওরা মানে ইসরায়েল। সেই বোমার আঘাতে অনেক ফুটবলারের বাড়ি ধ্বংস হয়ে গেছে। বাবা-মা, ভাইবোন হারিয়ে কেউ অনাথ। এসব নিয়ে কথা বলতে অবশ্য ফিলিস্তিনি ফুটবলাররা স্বচ্ছন্দ নন। এদিক-সেদিক তাকান। কাঠমান্ডু এসেও দেশের দুঃস্মৃতি তাড়া করে যেন!হোটেল লবিতে ছবি তুলতে গিয়ে আরেক অভিজ্ঞতা। প্রথমে খেলোয়াড়েরা ইতস্তত করলেন। একজন আরেকজনকে ইশারায় সরিয়ে দিচ্ছেন, যেন ছবি না তোলে। অনুরোধের পর কয়েকজন রাজি হলেন। কর্মকর্তারাও একই রকম। দেশের কথা বলতে চান না খুব একটা। কাল সংবাদ সম্মেলনে এ-সংক্রান্ত প্রশ্ন হলেও একই ঘটনা। ইতস্তত করলেন কোচ। পরে ম্যাচ কমিশনার এলেন এগিয়ে, ‘রাজনৈতিক প্রশ্ন করা যাবে না।’সংবাদ সম্মেলন থেকে বেরিয়ে দলটির প্রধান কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ ফিরে তাকান পেছনে, ‘রামাল্লার অনেক খেলোয়াড় আমরা আনতে পারিনি। ছয়-সাতজনকে রেখে এসেছি গাজায়। যেকোনো সময় ইসরায়েলি হামলা হবে জেনেও ফিলিস্তিনে ফুটবল চর্চা বন্ধ নেই।’শুধু তা-ই নয়, ফিলিস্তিনের ঘরোয়া লিগ চলছে বেশ ভালোভাবেই। তিন বছর আগে শুরু হয়েছে পেশাদার লিগ। আগামী বছর থেকে ফিলিস্তিনে বিদেশি খেলোয়াড়ের দুয়ার খুলে দেওয়া হচ্ছে। প্রতি দলে খেলতে পারবেন তিনজন করে।দেশের গণ্ডি পেরিয়ে ফিলিস্তিনি ফুটবলাররা বেরিয়ে পড়েছেন বিশ্বজয়েও। আর্জেন্টিনায় দুজন ফিলিস্তিনি খেলোয়াড় খেলছেন এখন। চিলি, জর্ডান, মিসর, সুইডেন, বেলজিয়াম, পোল্যান্ডে আছেন ২০ জন ফুটবলার। ভেতরে ভেতরে অনেক দূর এগিয়েছে ফিলিস্তিন।স্থানীয় লিগে টাকা আসছে। আছে তিনটি স্পনসর। তা থেকে শীর্ষ লিগের ১২টি দলের প্রতিটিকে এক লাখ ডলার করে অনুদান দেওয়া হচ্ছে। খেলোয়াড়েরা ক্লাব থেকে ভালোই টাকা পাচ্ছেন। ফেডারেশন নিয়ম বেঁধে দিয়েছে, প্রতিটি খেলোয়াড়কে মাসে অন্তত এক হাজার ডলার করে দিতে হবে। এই দলের কয়েকজন খেলোয়াড়কে তাঁদের ক্লাব সর্বোচ্চ আড়াই হাজার ডলার মাসিক বেতন দিচ্ছে।ফিলিস্তিনিদের উঠে আসার এই গল্প পৃথিবীর যেকোনো ফুটবলারকে অনুপ্রাণিত না করে পারেই না!