যুদ্ধ চান জেমি সিডন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুবার দুভাবে উত্তর দিলেন জেমি সিডন্স। প্রথমে বললেন, ‘তামিমকে ১৫০ করতে হবে, রাজীবকে (শাহাদাত) ফিফটি।’ পরেরবার, ‘লড়াই করতে হবে...যুদ্ধ।’ঘুরেফিরে অর্থটা প্রায় একই। ৫ উইকেট পড়ে যাওয়ার পর ৮১ রানে অপরাজিত তামিম প্রতিপক্ষ স্রোতের বিরুদ্ধে যুদ্ধে জিতলেই কেবল লম্বা করতে পারেন ইনিংসটা। রানের খাতা না খুলে তাঁর সঙ্গে থাকা শাহাদাতের জন্য ফিফটি করার কাজটাও তেমনই। কিন্তু তামিমের কাছে যে প্রত্যাশা, সেটা শাহাদাতের কাছেও হয় কী করে? নাইটওয়াচম্যান হিসেবে নামা এই ব্যাটসম্যানের পক্ষে আর কতটুকুই বা করা সম্ভব? টেস্টে এখন পর্যন্ত তাঁর সর্বোচ্চ রানই তো ৪০! সিডন্সের কথাটাকে তাই মনে হলো, ডুবন্ত মানুষের খড়কুটো আঁকড়ে ধরে বাঁচার চেষ্টার মতো।চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নে দিন শেষের সংবাদ সম্মেলনে আসা মাহমুদউল্লাহর কথাবার্তার সারমর্মও এটাই। লম্বা ইনিংস খেলতে হবে তামিম ইকবালকে ‘আমরা শুরুতেই কয়েকটা উইকেট হারিয়ে ফেলায় সমস্যা হয়েছে। তারপরও আমার আর তামিমের জুটিতে ভালো রান এসেছে। কাল (আজ) সবার চেষ্টা থাকবে ভালো ব্যাটিং করে স্কোরটাকে বড় করা।’ বাংলাদেশের ‘ব্যাটিং গভীরতা’র কথাও মনে করিয়ে দিলেন তিনি, ‘আমি আশাবাদী...পিচও এখনো ভালো আছে। বাড়তি কিছু নেই উইকেটে। আমাদের বেশ কয়েকজন বাজে শট খেলে আউট হলেও তামিম ভালো ব্যাটিং করছে। এরপর মুশফিকুর আছে, নাঈম আছে। সব মিলিয়ে আমাদের ব্যাটিং-অর্ডারটা বেশ লম্বা। আশা করি, ফলোঅন এড়িয়ে আমরা ভালো স্কোর করতে পারব। ঠিকঠাকভাবে ব্যাট করতে পারলে ভালো একটা রান হবে আমাদের।’তা ছাড়া টেস্টে খারাপ অবস্থা থেকে ফিরে আসার অভিজ্ঞতা সাম্প্রতিক অতীতেও আছে মাহমুদউল্লাহদের। নিউজিল্যান্ড সফরের সে প্রসঙ্গও টেনে আনলেন তিনি সংবাদ সম্মেলনে, ‘কিছুদিন আগে নিউজিল্যান্ড সফরেও এ রকম পরিস্থিতি হয়েছিল। তারপরও আমরা খুব ভালোভাবে ম্যাচে ফিরেছিলাম। আমার বিশ্বাস, এই টেস্টেও সেটা হবে।’ গত মাসে নিউজিল্যান্ড সফরে খেলা একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ১৯৬ রানে ৬ উইকেট হারিয়েও শেষ পর্যন্ত ৪০৮ রান করেছিল বাংলাদেশ। কিন্তু সে টেস্টে তো সেঞ্চুরি করেছিলেন মাহমুদউল্লাহ! কাল তো তিনি ৫১ রান করেই আউট!মাহমুদউল্লাহর কাছে এই দুই টেস্টের আরেকটা বড় পার্থক্য আছে। নিউজিল্যান্ডে ব্যাট করেছেন ৮ নম্বরে, আর এখানে ৫ নম্বরে। দুটোর মধ্যে পার্থক্যের কথা বলতে গিয়ে অবশ্য মাহমুদউল্লাহ ভারসাম্যই রক্ষা করলেন, ‘দল চেয়েছে আমি ৫ নম্বরে ব্যাটিং করি। আমারও তাতে সমস্যা হয়নি। একই মানসিকতা নিয়ে ব্যাটিং করেছি। ব্যাটিংটা উপভোগও করেছি।’ মাহমুদউল্লাহর ব্যাটিং উপভোগ্য ছিল খেলা দেখতে আসা দর্শকদের জন্যও। তবে প্রচণ্ড রোদে দেড় দিন ফিল্ডিং করার পর ব্যাটসম্যানের জন্য ব্যাটিং উপভোগ সহজ কথা নয়। কিন্তু কিছু করার নেই। একটা ভুলের মাশুল তো আর পুরো ম্যাচে টেনে নেওয়া যায় না। ক্লান্তি-শ্রান্তি তাই ভুলেই থাকতে হয়েছে মাহমুদউল্লাহদের, ‘দেড় দিন ফিল্ডিং করলে আপনি অবশ্যই ক্লান্ত হবেন। তারপরও আমাদের চিন্তা ছিল সেটা কাটিয়ে উঠে ভালো রান করার। ব্যক্তিগতভাবে আমি বলব, ক্লান্তিটা আমার ক্ষেত্রে প্রভাব ফেলেনি। আউট হওয়ার আগ পর্যন্ত আমি ব্যাটিং উপভোগ করেছি, তামিমও করছে। ব্যাটিংয়ে গেলে আমরা ক্লান্তি নিয়ে চিন্তা করি না। শুধু ব্যাটিং করি, ভালো খেলার চেষ্টা করি।’তামিম আর মাহমুদউল্লাহর ব্যাটিং বাদ দিলে ভালো খেলার চেষ্টায় ব্যর্থই বলা চলে বাংলাদেশকে। অন্য চার ব্যাটসম্যানের মোট রান তো মাত্র ১৩! তবে আজ ভালো কিছুর আশায়ই শাহাদাতকে নিয়ে উইকেটে যাবেন তামিম, যে উইকেট আশার দোলায় সবচেয়ে বড় প্রভাবক। দিন শেষে অধিনায়ক সাকিব আল হাসান এবং তামিম দুজনই বলেছেন, এখানে ব্যাটিং তৃতীয় দিনেও খুব কঠিন হবে না। জেমি সিডন্স যে যুদ্ধের কথা বলেছেন, সেটা জিততে এর চেয়ে ভালো যুদ্ধক্ষেত্র হয়তো আর হয় না। বাকিটা সৈনিকদের হাতে।