
শহীদ আফ্রিদির সেই আক্ষেপটা নিশ্চয়ই এখন ভালো বুঝতে পারছেন অ্যালিস্টার কুক। সেমিফাইনাল-ফাইনালের সেরা হয়ে পাকিস্তানকে ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়ে আফ্রিদি বলেছিলেন, ‘শিরোপার স্বাদটা যদি আরেকটু লম্বা সময় ধরে পেতাম!’ আফ্রিদির ওই হা-হুতাশের কারণ, ১০ মাস পরই ছিল আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। কুকদেরও তো এখনো বুঁদ থাকার কথা গত অ্যাশেজের সাফল্যে!
ওভালে শেষ বিকেলের আলোয় অ্যাশেজ জয়ের রঙিন উত্সব, কনফেত্তির ওড়াউড়ি আর শ্যাম্পেনের বন্যা—স্মৃতিতে এখনো তরতাজা থাকার কথা সবই। মাত্রই তো তিন মাস আগের ঘটনা! হ্যাটট্রিক অ্যাশেজ জয়ের রেশ কাটতে না-কাটতে আজই আবার নামতে হচ্ছে অ্যাশেজ রক্ষার লড়াইয়ে। দুটি ঘটনাতেই কারণ অভিন্ন। ৫০ ওভারের বিশ্বকাপের বছর এড়াতেই ১০ মাসের ব্যবধানে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছিল আইসিসি। আর অস্ট্রেলিয়ার মাটিতে আগামী বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতির জন্যই এই পিঠাপিঠি অ্যাশেজ।
ইংলিশদের জন্য আক্ষেপের পিঠেই আছে হাতছানি। বছর দশেক আগেও ইংল্যান্ডের জন্য অ্যাশেজ মানেই ছিল স্রেফ ব্যবধান কমানোর লড়াই। সেই ইংল্যান্ডের সামনেই এবার সুযোগ ১৮৯০ সালের পর প্রথমবার টানা চারটি অ্যাশেজ জয়ের! আক্ষেপ ভুলে আরেকটি যুদ্ধে নেমে যাওয়ার জন্য ইতিহাস গড়ার হাতছানিই হতে পারে অনুপ্রেরণার রসদ।
ইংল্যান্ডের আক্ষেপই আবার অস্ট্রেলিয়ার জন্য স্বস্তি। ব্যর্থতাকে পেছনে ফেলার সুযোগ মিলছে এত দ্রুতই! মাইকেল ক্লার্ক যেমন কাল আগের সিরিজের আলোচনাতেই যেতে চাইলেন না, ‘দুটো ভিন্ন সিরিজ, আলাদা কন্ডিশন। তুলনা করা উচিত হবে না। আমাদের কাছে গুরুত্বপূর্ণ হলো আজ আর আগামীকাল।’ তবে এই ‘আজ আর আগামীকাল’কে এবার পক্ষে আনতে না পারলে অবশ্য সাম্প্রতিক অতীতের লজ্জাগুলোও এসে পড়বে সামনে!
ইংলিশদের ইতিহাস ঠেকাতে অস্ট্রেলিয়ার প্রেরণা হতে পারে এবারের যুদ্ধের প্রথম ময়দানের ইতিহাস। ব্রিসবেনে গ্যাবায় গত ২৫ বছরে টেস্ট হারেনি অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের কাছে সর্বশেষ হারটা আরও দুই বছর আগে। তবে এবার এই অস্ট্রেলিয়ান দুর্গও জিততে চান আত্মবিশ্বাসী অ্যালিস্টার কুক, ‘২০০৯ অ্যাশেজেও বলাবলি হচ্ছিল লর্ডসে আমরা ৭০ বছর অস্ট্রেলিয়াকে হারাতে পারি না। সেবার সেই রেকর্ড আমরা বদলে দিয়েছি। ব্রিসবেনে অস্ট্রেলিয়ার রেকর্ড আমাদের জানা। তবে তাতে ভড়কে যাওয়ার কিছু নেই, চেষ্টা করব এবারও রেকর্ড বদলে দিতে!’
দামামা বেজে গেছে। অ্যাশেজ-যুদ্ধ জয়ে বড় অনুঘটক হবে হয়তো এই ব্রিসবেন দুর্গ রক্ষা আর জয়ের লড়াই! ওয়েবসাইট।