যুদ্ধাহত শিশুর পাশে রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ বছরের একটা শিশু। এই বয়সে পায়ের চেয়েও আকারে বড় ফুটবল নিয়ে গুটি গুটি দৌড়ানোর কথা তার, মনের আনন্দে ছুটে বেড়ানোর কথা কল্পনার রাজ্যে। অথচ আট মাস ধরে আহমেদ দাওয়াবচেচের সময় কাটছে হাসপাতালের বিছানায়। গত জুলাইয়ে ইসরায়েলি বোমায় আহত হয়েছে ফিলিস্তিনি শিশুটি। হামলায় বাবা-মা ও ছোট্ট ভাইকেও হারিয়েছে। তবে তার বিবর্ণ হয়ে ওঠা শৈশবে একটু রং, একটু হাসির উপলক্ষ এনে দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো।
জুলাইয়ে হাসপাতালে পড়ে থাকা দাওয়াবচেচের একটি ছবি ছড়িয়ে পড়ে, সারা শরীরে ব্যান্ডেজ। গায়ে রিয়ালের জার্সি। এ ছবি নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চলে। উদ্দেশ্য রিয়াল মাদ্রিদ দলের সঙ্গে শিশুটিকে দেখা করিয়ে দেওয়া। অনুরোধে সাড়া দিয়েছে স্প্যানিশ ক্লাবটি। দাওয়াবচেচকে ক্লাব ভ্রমণের সুযোগ তো দিয়েছেই, সঙ্গে রোনালদো-বেলদের সঙ্গে দেখা করার সুযোগও করে দিয়েছে।
যুদ্ধ যে ক্ষতি করেছে, তা পূরণ করা সম্ভব নয়। তবে অবুঝ শিশুটি হয়তো এই আশাটা পেল, এত অসুন্দরের মাঝে জীবনে সুন্দরের ছোঁয়াও থাকে। সূত্র: ফ্রান্স ২৪।