যুদ্ধের আগে 'মহড়া'!
শুরুর রোমাঞ্চ উবে গেছে সেই কবে। মাঝে কিছুদিন বাস্তবতার সাগরে খাবি খাওয়ার পর এখন আবার একটু ভাসতে শেখার চেষ্টা!
টি-টোয়েন্টির ভুবনে বাংলাদেশের ভ্রমণের প্রায় পুরো সময়টাতেই যাত্রী ছিলেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের টি-টোয়েন্টি অভিষেকে জয়ের নায়ক তিনি। ব্যাট হাতে ২৬ বলে ৩৬, বল হাতে ১ উইকেট নিয়ে ম্যাচ-সেরা। কেনিয়াকে হারানো পরের ম্যাচে তাঁর ছিল দুই উইকেট। চতুর্থ ম্যাচে ২০০৭ আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দেওয়া সেই ম্যাচেও ছিলেন। তখন মনে হচ্ছিল, টি-টোয়েন্টি ক্রিকেটের জন্মই বাংলাদেশের জন্য।
সেই মধুচন্দ্রিমা ফুরিয়ে গেছে দ্রুতই। আনন্দভ্রমণে শুরু হওয়া টি-টোয়েন্টিই বাংলাদেশের জন্য হয়ে দাঁড়িয়েছিল বড় এক ধাঁধা। পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া তো বটেই, মাঠে থেকেই মাশরাফি দেখেছেন আয়ারল্যান্ড-স্কটল্যান্ডের কাছে বাংলাদেশের হার। অনুভব করেছেন টি-টোয়েন্টির ভাষা বুঝতে না পারার অসহায়ত্ব। গত কয়েক দিনে আবার কিছুটা হলেও খুলতে শুরু করেছে ধাঁধার জট। পরাজয়ের ধরনে এখন আর নেই অসহায়ত্ব, কমে গেছে ব্যবধানও। মাশরাফি ছিলেন এই সময়েও। তবে ভেসে থাকার এই লড়াইয়ে যাত্রীকে আচমকাই নিতে হয়েছে কান্ডারির ভূমিকা। সেটিও দারুণ গুরুত্বপূর্ণ এক সময়ে। প্রতিপক্ষ এখন টি-টোয়েন্টির বিশ্বসেরা দল। দরজায় আবার কড়া নাড়ছে ঘরের মাটির বিশ্বকাপ, ওয়ার্ল্ড টি-টোয়েন্টির আগে বাংলাদেশের শেষ সিরিজ। কোন বাংলাদেশকে দেখা যাবে এই সিরিজে?
মাশরাফির বিশ্বাস, গত কিছুদিনের উন্নতির ধারায় বাংলাদেশ এই সিরিজেও এগিয়ে যাবে আরেক ধাপ, ‘ওরা টি-টোয়েন্টিতে এক নম্বরে আছে। একই সময় আমরাও একটা পর্যায় পার করছি। টি-টোয়েন্টিতে কিছুদিন আগেও আমরা ভালো খেলতাম না। এখন কিছু ঘরোয়া টুর্নামেন্ট এবং বেশ কিছু আন্তর্জাতিক ম্যাচ খেলার পর আমরাও একটা দল হিসেবে গড়ে উঠছি। টি-টোয়েন্টি এমন একটি খেলা যে মাঠে নির্দিষ্ট দিনে যারা ভালো করবে, জিতবে তারাই। আশা করি, আমরা ভালো করব। আর নিজেদের সেরাটা খেলতে পারলে কাল (আজ) ভালো একটা ম্যাচ দেখতে পারব আমরা।’
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ এখনো দশে। জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ ছাড়া আর কোনো টেস্ট দলকে টি-টোয়েন্টিতে এখনো হারানো হয়নি। গত কিছুদিনে উন্নতির গ্রাফ ঊর্ধ্বমুখী বটে, তবে এখনো সীমাবদ্ধ সেটি স্রেফ পরাজয়ের ব্যবধান কমানোতেই। মাশরাফির বিশ্বাস, ‘ফিনিশিং টাচ’ দেওয়াটাও এখন দ্রুত শিখে নেবে বাংলাদেশ, ‘র্যাঙ্কিংয়ে তাকালে উন্নতিটা দেখা কঠিন। কিন্তু ছোট ছোট করে উন্নতি কিন্তু হচ্ছে। এটা আসলে একটা প্রক্রিয়া। ওয়ানডেতেও একসময় এমনই ছিল, আমরা ফিনিশিং টাচটা দিতে পারছিলাম না। কিন্তু সেটা এখন শিখে গেছি। টি-টোয়েন্টিতেও একই সমস্যা যাচ্ছে, আমরা সেটা নিয়ে কাজ করছি। এর থেকে বের হয়ে আসার একটাই উপায়—যত বেশি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলব, তত দ্রুত শিখব।’
এই জিততে শেখার পাঠে গুরুত্বপূর্ণ এক অধ্যায় মনে করছেন এই সিরিজকে, ‘বিশ্বকাপের আগে এই সিরিজটা খুব ভালো প্র্যাকটিস হবে আমাদের জন্য। তবে তার মানে এই নয় যে, আমরা শুধু প্র্যাকটিস হিসেবেই নেব এই সিরিজকে। ইতিবাচক মানসিকতা নিয়েই নামব, জেতার জন্যই খেলব।’
তবে সিরিজ শুরুর আগে মাশরাফির ‘প্র্যাকটিস’ শব্দটিকেই মনে হচ্ছে সবচেয়ে জুতসই। ওয়ার্ল্ড টি-টোয়েন্টির আগে আগে শ্রীলঙ্কার চেয়ে আদর্শ প্রতিপক্ষ আর কে হতে পারে! র্যাঙ্কিং, পারফরম্যান্স, ধারাবাহিকতা—সবই বলে, টি-টোয়েন্টির ভাষা সবচেয়ে ভালো পড়তে পারে শ্রীলঙ্কাই। ‘ট্রেইন হার্ড, ফাইট ইজি’—এটিই হতে পারে এখন মাশরাফিদের আপ্তবাক্য। শ্রীলঙ্কার সঙ্গে খেলেই আফগানিস্তান-নেপাল-হংকংকে হারানোর প্রস্তুতি!