যুদ্ধের ডংকা বাজানো বিশ্বকাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেন ক্রমশ প্রকাশ্য কোনো রোমাঞ্চকর উপন্যাস। বিশ্বকাপের আগের ১৯টি আসর নিয়ে কত গল্পগাথা। প্রথম আলো অনলাইনের নতুন এই ধারাবাহিকে ফিরে দেখা হবে বিশ্বকাপের আগের আসরগুলো। দ্বিতীয় পর্বে থাকছে ১৯৩৮ ফ্রান্স বিশ্বকাপ—

১৯৩৮ সালের বিশ্বকাপের পোস্টার
১৯৩৮ সালের বিশ্বকাপের পোস্টার

বিশ্বরাজনীতির মাঠ তখন তীব্র উষ্ণতায় উত্তপ্ত এক জ্বালামুখ। সেখানে বাজছে যুদ্ধের ডংকা! ফুটবল বিশ্বকাপ কী যুদ্ধের চেয়ে কম কিছু! রাজনীতির টালমাটাল সময়ে ফুটবলের মাঠ গরম করতে এবার বল গড়ালো ফ্রান্সে। আরও একবার ইউরোপে বিশ্বকাপ। আগেরবার তখনকার চ্যাম্পিয়ন উরুগুয়ে বিশ্বকাপটা কেবল ইতালিতে আয়োজিত হচ্ছে দেখেই তাতে অংশ নেয়নি।
তৃতীয় বিশ্বকাপে উরুগুয়ের পদাংক অনুসরণ করলো আর্জেন্টিনা। গৃহযুদ্ধে বিধ্বস্ত স্পেনও সরিয়ে রাখলো অংশগ্রহণ থেকে। তবে বাছাইপর্বে উন্নীত হয়েও ১৯৩৮ সালের বিশ্বকাপ খেলতে পারেনি অস্ট্রিয়া। সে গল্পটা কিন্তু অন্যরকমই।

অস্ট্রিয়া খেলতে পারেনি, কারণ তাদের খেলার কোনো উপায় ছিল না। বিশ্বকাপ শুরুর আগ দিয়েই অস্ট্রিয়া দখল করে নেয় হিটলারের জার্মানি। গায়ের জোরে অস্ট্রিয়া তখন জার্মানির অংশ।

অস্ট্রিয়া নামে বিশ্বকাপ খেলতে না পারলেও অস্ট্রিয়ার সেরা ফুটবলারদের বিশ্বকাপ খেলার সুযোগটা উন্মুক্তই রেখেছিল নাজি জার্মানি। শর্ত একটাই, তাদের জার্মানির জার্সি গায়ে চাপাতে হবে।
বেশ কয়েকজন এই সুযোগ কাজে লাগিয়েছিলেন। কিন্তু মাতৃভূমির ভালোবাসায় সবচেয়ে বেশি সুযোগ থাকা সত্ত্বেও জার্মান দলে খেলেননি ম্যাথিয়াস সিন্ডেলা।

স্বাগতিক আর আয়োজক দলের জন্য সেবার থেকেই সরাসরি বিশ্বকাপের দরজা খুলে দেয়া হলো। বাকি ১৪টি স্থান পূরণ করতে অনুষ্ঠিত হয় বাছাইপর্ব। বাছাইপর্ব উের সেবারই বিশ্বকাপের মূল পর্বে কিউবার প্রথম উপস্থিতি ছাড়াও এশিয়ার প্রতিনিধি ছিল ইন্দোনেশিয়া। তবে ওলন্দাজ উপনিবেশ ইন্দোনেশিয়ার নাম তখন ছিল ডাচ-ইস্ট ইন্ডিজ।

সেবারো নক-আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছিল খেলাগুলো। প্রতিটি ম্যাচই ছিল মার-মার, কাট-কাট। অস্ট্রিয়া না খেলায় তাদের প্রতিপক্ষ সুইডেন না খেলেই চলে গিয়েছিল দ্বিতীয় রাউন্ডে। নিজ নিজ প্রতিপক্ষকে পেছনে ফেলে দ্বিতীয় রাউন্ডে চলে যায় ইতালি, ফ্রান্স, ব্রাজিল, চোকোস্লোভাকিয়া, হাঙ্গেরি, সুইজারল্যান্ড ও কিউবা। এই বিশ্বকাপের প্রথম রাউন্ড দেখেছিল দারুন প্রতিদ্বন্দিতাপূর্ণ কিছু ম্যাচ। অতিরিক্ত সময়েই ব্রাজিলের লিওডিনাসের দুই গোলে শেষে ৬-৫ এ নিষপত্তি হওয়া ব্রাজিল-পোল্যান্ড ম্যাচ তো ঢুকে গেছে ইতিহাসের সেরা ম্যাচগুলোর তালিকাতেই! ব্রাজিল অবশ্য উত্তেজনা কিছু জমিয়ে রেখেছিল কোয়ার্টার ফাইনালের জন্যও। চেকোস্লোভাকিয়ার সঙ্গে অতিরিক্ত সময় শেষেও ১-১ এ ঝুলে থাকা কোয়ার্টার ফাইনাল ম্যাচটি পরেরদিন আবারো খেলে ২-১ এ জিতে নেয় ব্রাজিল। উদ্ধারকর্তা আবারো টুর্নামেন্টজুড়ে মোট ৭টি গোল করে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হওয়া সেই লিওনিডাস।

ব্রাজিলের সঙ্গে সেমিফাইনালে দেখা হলো তখনকার চ্যামিপয়ন ইতালির। ২-১ এ পিছিয়ে পড়া সেই ম্যাচে দলকে উদ্ধার করতে সেদিন মাঠে ছিলেন না লিওনিডাস, ফাইনালের প্রস্তুতি হিসেবে তাকে বিশ্রামে রাখা হয়েছিল। কে জানতো ফাইনালের সেই প্রস্তুতি সেবার তৃতীয় হওয়া ব্রাজিলকে তুলে রাখতে হবে আরো ১২ বছর। ফাইনালে ইতালির দেখা হলো অন্য সেমিফাইনালে সুইডেনকে হারিয়ে আসা হাঙ্গেরির সাথে। হাঙ্গেরিকে প্রথমেই কাঁপিয়ে দিয়েছিল চ্যামিপয়নরা। ধাক্কা সামলে দু মিনিটেই খেলায় ফেরে হাঙ্গেরি। সেই ফিরে আসা অবশ্য নিতান্তই অল্প সময়ের জন্য। প্রথমার্ধ যখন শেষ, ৩-১ গোলে পিছিয়ে থাকা হাঙ্গেরি তখন পুরোপুরি খেলার বাইরে। শেষ বাশি বাজা পর্যন্ত স্কোর দাড়ালো ৪-২। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ধরে রাখা প্রথম দল হলো ওই ইতালিই।

সেই ধরে রাখাও কি যা তা ধরে রাখা, টানা ১৬ বছর ! সবচেয়ে বেশি সময় ধরে কাপ ধরে রাখার রেকর্ডের মূলে অবশ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ। যুদ্ধের দামামা বেজে ঠার সঙ্গে সঙ্গে ১২ বছরের জন্য নির্বাসনে চলে যায় বিশ্ব ফুটবলের এই মহাযজ্ঞ। লুণ্ঠনকারীদের হাত থেকে বাঁচাতে তত্কালীন ইতালিয়ান ফিফা ভাইস প্রেসিডেন্ট ডঃ অত্তরিনো বারাসি নাকি জুতার বাক্সের ভেতর বিশ্বকাপ ট্রফি রেখে সেটি খাটের তলায় লুকিয়ে রেখেছিলেন যুদ্ধের পুরো সময়টা জুড়ে।