যুদ্ধের মধ্যে খণ্ড লড়াই
বোমেল বনাম আলোনসোদুদলের দুই কঠিন চরিত্র ফন বোমেল আর জাবি আলোনসোর মাঝমাঠের লড়াইটা খুব জমবার কথা। মাঝমাঠের কর্তৃত্ব কোন দলের হাতে থাকবে, সেটি নির্ধারণ করে দেবেন এ দুজনই। শ্বশুরমশাই বার্ট ফন মারউইক হল্যান্ড দলের দায়িত্ব নেওয়ার পর থেকে ক্যারিয়ারের যেন পুনর্জন্ম ঘটেছে ফন বোমেলের। মাঝমাঠে তাঁর অক্লান্ত খাটুনি স্নাইডার আর রোবেনকে দিচ্ছে আরও ওপরে উঠে খেলার স্বাধীনতা। গত ম্যাচে আলোনসোর রক্ষণাত্মক ভূমিকা জার্মানির আক্রমণভাগকে নিষ্ক্রিয় করে রেখেছিল। আলোনসো চাইবেন, আজও ‘কমলা’দের মুখ যেন হতাশায় লাল হয়ে যায়।ব্রঙ্কহর্স্ট বনাম ইনিয়েস্তাডাচ অধিনায়কের এটাই শেষ আন্তর্জাতিক ম্যাচ। দ্বিতীয় অধ্যায়টিও ঠিক করে ফেলেছেন। হল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলের সহকারী কোচের দায়িত্ব নেবেন। শুরু হবে কোচ জিওভানি ফন ব্রঙ্কহর্স্টের নতুন জীবন। তবে এই দীর্ঘ খেলোয়াড়ি জীবনের শেষ করতে চান সোনালি ট্রফিটায় চুমু এঁকেই। গত ম্যাচে তাঁর দুর্দান্ত গোলটাও চোখে লেগে আছে সবার। সেই মুগ্ধতার রেশ নিয়ে আজ মাঠে নামবেন এই ৩৫ বছর বয়সী ডিফেন্ডার। তবে আবারও এমন সুন্দর গোল নয়, ফন ব্রঙ্কহর্স্টের মূল কাজ হবে ইনিয়েস্তা যেন মাঠে সুন্দর ফুটবলের ফুল ফোটাতে না পারেন সেই বন্দোবস্ত করা। স্পেনের আক্রমণাত্মক ফুটবলের হূৎপিণ্ডকে থামাতে পারলেই যে স্তব্ধ হয়ে যাবে বাকি সব।ভিয়া বনাম স্টেকেলেনবার্গগত ম্যাচে উরুগুয়ের বিপক্ষে দুটি গোল হজম করে বসেছেন ডাচ গোলরক্ষক মারটেন স্টেকেলেনবার্গ। ওদিকে ডেভিড ভিয়া আবার গত ম্যাচে গোল পাননি। হতাশার ম্যাচটি দুজনই ভুলে যেতে চাইবেন। স্টেকেলেনবার্গের ওপর আবার বাড়তি দায়িত্ব বর্তেছে সতীর্থ স্নাইডারের গোল্ডেন বুটের স্বপ্ন উজ্জ্বল করার। ভিয়া-স্নাইডার দুজনের গোলের সংখ্যা ৫। দুজন আজ মাঠে নামবেন গোল্ডেন বুটের লড়াইটাও মাথায় রেখে। স্টেকেলেনবার্গ চাইবেন ভিয়ার পথে কাঁটা বিছিয়ে রাখতে।ক্যাসিয়াস বনাম ফন পার্সিহল্যান্ডের প্রথম শিরোপা জয়ের যে স্বপ্ন, তাতে এক নম্বর বাধা অবশ্যই ইকার ক্যাসিয়াস। টুর্নামেন্টের শুরুতে গোলপোস্টের নিচে স্পেন অধিনায়ককে নড়বড়ে লেগেছে। কিন্তু ধীরে ধীরে স্পেন দলটার মতো তিনিও ছন্দে ফিরেছেন। গত ম্যাচে তো দুর্দান্ত কিছু সেভও করেছেন। অ্যাঙ্কেলের চোট নিয়ে পুরো মৌসুমে ভোগা ফন পার্সি টুর্নামেন্টে এখন পর্যন্ত গোল করেছেন মাত্র একটি। মরিয়া দেখাচ্ছে তাঁকে। অস্থিরও দেখাচ্ছে গোল না পাওয়ার হতাশায়। সেই বেদনায় ফন পার্সিকে ক্যাসিয়াস পোড়াতে চাইবেন আজও।কিউট বনাম রামোসগত ম্যাচে জার্মানি বাঁয়ের উইংয়ে কিছুই করতে পারেনি। পারবে কী করে, পুরোটাই যে ছিল দাপুটে রামোসের দখলে। এবার রামোসের প্রতিপক্ষ কিউট। বাঁয়ের উইং থেকে একের পর এক আক্রমণ আর ক্রসের জোগান দেওয়ার লড়াইয়ে কে এগিয়ে থাকেন, সেটি শেষ পর্যন্ত হয়ে উঠতে পারে ম্যাচের ফল নির্ধারক।স্নাইডার-রোবেন বনাম পুয়োল-পিকেদুই ডাচ ‘কোহিনূর’ এখন পর্যন্ত গোল করেছেন সাতটি। তাতে রোবেনের ভাগ কম, কিন্তু প্রতিপক্ষের রক্ষণভাগে আতঙ্কের চোরাস্রোত বইয়ে দিতে দুজনের প্রভাব সমান। দুজনের বোঝাপড়া চমৎকার। যা আছে স্পেনের দুই সেন্টার ব্যাক পুয়োল-পিকের মধ্যেও। বার্সেলোনাতেও একই সঙ্গে কাঁধ মিলিয়ে রক্ষণ সামলান দুজন। ইংল্যান্ড-আর্জেন্টিনাকে গুঁড়িয়ে দেওয়া জার্মান আক্রমণভাগকে একদমই সুবিধা করতে দেননি এই দুজন।