যুদ্ধের মধ্যে খণ্ডযুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহারণের মধ্যেও থাকে খণ্ডযুদ্ধ। দলগত লড়াইয়ের ভেতর জমে ওঠে ব্যক্তিগত দ্বৈরথ। শেষ পর্যন্ত এগারো দুগুণে বাইশ জনের খেলা। তার পরও আজ এরই মধ্যে জমে উঠতে পারে এই তিনটি দ্বৈরথগেইল বনাম তামিম: দুজনই বাঁহাতি। দুজনই ওপেনার। দুজনই হাসতে হাসতে খুন করতে পারেন বোলিং। দুজনেরই অভিন্ন দর্শন—বলটাকে গ্যালারিতে পাঠাও। মিল শেষ হয়ে যাচ্ছে এখানেই। ক্রিস গেইল বিশ্ব ক্রিকেটের মহাতারকা। তামিম ইকবাল শোনাচ্ছেন সেই আগমনী গান। গেইলের স্ট্রাইক রেট যদি হয় আশির একটু ওপরে, তামিমেরও কিন্তু আশি ছুঁই ছুঁই। সবচেয়ে বড় মিল, দারুণ এক শুরু এনে দিতে দুজনের দলই তাকিয়ে থাকে তাঁদের দিকে। প্রথম ম্যাচে মাত্র ২ রান করে আউট হলেও গেইল গত ম্যাচে করেছেন ৮০। আর প্রথম দুই ম্যাচ থেকে ১১৪ রান তুলে তামিম বুঝিয়ে দিয়েছেন, বিশ্বকাপটা স্মরণীয় করে রাখতে চান।রোচ বনাম রুবেল: মিল দুজনের নামে। র-এ রুবেল, র-তে রোচ। মিল? দুজনই নিজ নিজ দলের গতিতারকা। দুজনই পারেন আগুন ঝরাতে। ওয়েস্ট ইন্ডিজ তো একসময় আগুন ঝরানো সব ফাস্ট বোলারের জন্ম দিয়েছে। এখন আর সেই সুদিন নেই। তবে এই হাহাকারের মধ্যেও আশার আলো হয়ে এসেছেন কেমার রোচ। গত ম্যাচেই করেছেন হ্যাটট্রিক। বাংলাদেশে পুরোদস্তুর ফাস্ট বোলার এমনিতেই বিরল। রুবেল তাঁদের একজন। ভারতের বিপক্ষে ম্যাচে ভালো বোলিং করেও মার খেয়েছেন। গত ম্যাচে করতে পারেননি ৩ ওভারের বেশি। আজ নিশ্চিতভাবেই পুষিয়ে দিতে চাইবেন।বেন বনাম রাজ্জাক: স্পিনার দিয়ে বোলিং আক্রমণের শুরু! ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের জন্য এই বিরল দৃশ্য দেখা গেছে সুলিমান বেনের সৌজন্যে। ছয় ফুট সাত ইঞ্চি দীর্ঘ। হাবেভাবে প্রথম দেখায় মনে হবে আগুন ঝরানো এক ফাস্ট বোলার। কিন্তু ভুল ভাঙবে দ্রুতই, যখন ছোট রানআপ বেয়ে বেন তাঁর বাঁ হাতে করবেন স্পিন। অভিষেকের তিন বছরে অধিনায়কের ভরসা হয়ে উঠেছেন। আবদুর রাজ্জাক সেই ভরসার কেন্দ্রে ছিলেন শুরু থেকেই। কখনো কখনো পেসারদের চেয়ে তাঁর ওপরই নির্ভর করা হয়েছে বেশি। এখন তো দলের মূল স্ট্রাইক বোলার তিনিই। গত ম্যাচেও দ্বিতীয় ওভারেই এসেছিলেন আক্রমণে।