যুব অলিম্পিক হকিতে খেলবে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেলিফোনের অন্য প্রান্ত থেকে বোঝা যাচ্ছিল, কাওসার আলী কতটা উচ্ছ্বসিত। সিঙ্গাপুর থেকে বারবার একই কথা বলছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলটির কোচ, ‘অসাধারণ পারফরম্যান্স করেছে আমাদের ছেলেরা!’ সিঙ্গাপুরে অনূর্ধ্ব-১৬ যুব এশিয়া কাপে টানা জয়ের ধারাটা অব্যাহত রেখেই কাল বাংলাদেশ সেমিফাইনালে ৮-৫ গোলে হারিয়েছে জাপানকে। ফাইনালে উঠেই পেয়ে গেল আগামী বছর চীনে অনুষ্ঠেয় যুব অলিম্পিকে খেলার টিকিটও। আজকের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।সকালে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১১-২ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই শেষ চার নিশ্চিত করে বাংলাদেশের যুবারা। ওই ম্যাচে সর্বোচ্চ ৫টি গোল করে নাঈম উদ্দিন। ইমন ও আশরাফুল ২টি করে গোল করে। ১টি করে গোল সাগর ও রোমানের। এই ম্যাচের মতো সেমিফাইনাল জয়েও বড় ভূমিকা ইমন ও নাঈম উদ্দিনের। ইমন সর্বোচ্চ ৫টি ও নাঈম উদ্দিন ২টি গোল করে। ১টি গোল আশরাফুলের। দিনের অন্য সেমিফাইনালে পাকিস্তান ৬-০ গোলে হারায় মালয়েশিয়াকে।টানা পাঁচ ম্যাচেই জিতল বাংলাদেশ। জাতীয় যুবদলের মোড়কে যাওয়া বিকেএসপির তরুণেরা গ্রুপ পর্বে সিঙ্গাপুরকে হারায় ৭-২ গোলে, মালয়েশিয়াকে ৬-৩ গোলে। কাজাখস্তানের পোস্টে দিয়েছে ২৬ গোল। এরপর কাল জিতল বাকি দুটি ম্যাচ। ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ অনূর্ধ্ব-১৬ দলের এই পারফরম্যান্সে মুগ্ধ। দলটাকে নিয়ে খুবই আশাবাদী তিনি। অন্যদের চেয়ে কম সুযোগ-সুবিধা পেয়েও যা খেলেছে ছেলেরা, তাতে দলটিকে নিয়ে নতুন করেই স্বপ্ন দেখছেন রহমতউল্লাহ, ‘আমরা এমন টুর্নামেন্টে খুব বেশি অংশ নিই না। তবে প্রথমবারের মতো অংশ নিয়ে আমাদের যুব দল যেমন খেলল সেটা নিঃসন্দেহে চমৎকার। অন্য বড় দলগুলোর চেয়ে আমরা মূলত পিছিয়ে আছি কোচিংয়ে। এই টুর্নামেন্টে খেলা প্রতিটি দলেরই হাইপ্রোফাইল কোচ আছে। এখন আমাদেরও এমন একজন কোচের দরকার। তাহলেই এখান থেকে ভবিষ্যতে আরও ভালো খেলোয়াড় বেরিয়ে আসবে।’