যুব অলিম্পিক ‘ভ্রমণের’ পর বোধোদয়
সিঙ্গাপুরে যুব অলিম্পিকে গিয়ে প্রথম দিকে নিজের দেশকে চেনাতে বেশ কষ্টই করতে হচ্ছিল তীরন্দাজ ইমদাদুল হককে (মিলন)। আশপাশের লেনে দাঁড়িয়ে থাকা যুক্তরাষ্ট্র, কানাডার তীরন্দাজরা যখন জিজ্ঞাসা করছিলেন, ‘বাংলাদেশ কোথায়?’, তখন বারবার বোঝাতে হচ্ছিল, এটি ভারতের পাশের একটি ছোট্ট দেশ। অথচ এই ইমদাদুলই পরে যখন র্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে উঠে এলেন, তাঁকে খুঁজে নিয়ে হাত মেলাতে লাগলেন ওই তীরন্দাজেরা।কোনো পদক জিততে পারেননি যুব অলিম্পিকে সরাসরি সুযোগ পাওয়া ইমদাদুল। তবে হাত ফসকে বেরিয়ে গেছে মিশ্র ইভেন্টের পদক, কোয়ার্টার ফাইনালে শেষ হয়েছে এককের স্বপ্নযাত্রা। সাঁতারের ৫০ মিটার ফ্রি-স্টাইলে হিটে প্রথম হয়েছিলেন মাহফিজুর রহমান (সাগর)। শেষ পর্যন্ত ফাইনালে ২০তম হন বিকেএসপির সাঁতারু। এসএ গেমসে সোনাজয়ী সাদিয়া সুলতানা ৩৯০-এর ওপরে স্কোরই করতে পারেননি, ফিরেছেন দশম হয়ে।অথচ এই তরুণদের মধ্যে ভালো কিছু করার প্রতিশ্রুতি ছিল। কিন্তু কেন ভালো হলো না পারফরম্যান্স? ফেডারেশনের কাছে টুর্নামেন্টটা তেমন গুরুত্ব পায়নি, তাই প্রস্তুতিও ভালো হয়নি। ওখান থেকে ফিরে ওদের মনে হচ্ছে ‘যেন যাওয়ার জন্যই যাওয়া হয়েছিল’।এমন একটি বড় আসরে কোচ ছাড়াই খেলতে গিয়েছিলেন সাঁতারুরা। মাহফিজুর, জুয়েলদের অনুশীলন করতে হয়েছে নিজেদের মতো। তাঁদের দেখিয়ে দেওয়ারও কেউ ছিল না। মাহফিজুর জানালেন, ‘এটা সত্যি, কোচ থাকলে আমরা আরও ভালো করতাম।’নিজের সেরা স্কোর করতে না পারার কারণ হিসেবে যুব অলিম্পিকে যোগ হওয়া নিয়মের অজ্ঞতাকে দায়ী করলেন শ্যুটার সাদিয়া, ‘একেক দিন একেকটা লেনে দাঁড়িয়ে অনুশীলন করতাম। শেষ দিনে অফিসিয়াল অনুশীলনে জুরিরা আমাকে নতুন নিয়মে দাঁড়াতে বললেন। নতুন নিয়মে মোটা ও ভারী জ্যাকেট পরা চলবে না, রাইফেল বড় হলে খেলা যাবে না। শেষ পর্যন্ত রাইফেলের গ্রিপ কেটে খেলেছি।’ সিঙ্গাপুরে যাওয়ার আগে এসব নিয়ম তাঁকে জানাতে পারেনি ফেডারেশন কিংবা অলিম্পিক। একই অবস্থা আর্চার ইমদাদুলেরও, ‘নতুন কিছু নিয়ম এখানে যোগ হয়েছে, যেটা আগে জানতাম না। যখন শুনেছিলাম তখন মিসরে ছিলাম। ওই সময় আমার ধনুকের লিম্ব ছিঁড়ে গিয়েছিল। অনুশীলনেও সমস্যা ছিল।’ তবে প্রস্তুতিটা আরেকটু বেশি হলে ওখানে পদক জেতা সম্ভব ছিল বলে মনে করেন দলের শেফ দ্য মিশন মহিউদ্দিন আহমেদ, ‘যুব অলিম্পিকে গিয়ে মনে হয়েছে এ ধরনের টুর্নামেন্টে পদক জেতা আমাদের পক্ষে খুবই সম্ভব। এ জন্য চাই আরেকটু ভালো প্রস্তুতি। অলিম্পিক অ্যাসোসিয়েশনকে দেওয়া রিপোর্টে আমি সে কথাই বলব।’