যুব কাবাডিতে সেরা টাঙ্গাইল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাইনাল শুরুর আগে দুই দল হালকা অনুশীলন করে নিল কাবাডি স্টেডিয়ামের খোলা মাঠে। পাশাপাশি দাঁড়ানো যশোর ও টাঙ্গাইল জেলা দলের খেলোয়াড়দের শরীরী ভাষাতেই ফুটে উঠছিল প্রতিদ্বন্দ্বিতার উত্তাপ। ঘাসের মাঠের অনুশীলন থেকে সেই উত্তাপ গড়াল ম্যাটের কোর্টে কাল বিকেলের চূড়ান্ত লড়াইয়েও। অ্যাটমাই প্রোডাক্টস জাতীয় যুব কাবাডির ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন যশোরকে ১টি লোনাসহ ২২-২০ পয়েন্টে হারাল টাঙ্গাইল।একটা সময় যশোরের পয়েন্ট ছিল ২০, এক পয়েন্ট পিছিয়ে ছিল চ্যাম্পিয়ন টাঙ্গাইল। সেখান থেকেই দারুণ দক্ষতায় যশোরের কাছ থেকে ম্যাচ বের নিয়ে যায় দলটি। সর্বশেষ ২০০৫ সালে যুব কাবাডিতে চ্যাম্পিয়ন হওয়া টাঙ্গাইলকে আবারও শিরোপা এনে দিতে পেরে খুবই খুশি দলের কোচ ফারুক তালুকদার, ‘আমরা আত্মবিশ্বাসী ছিলাম। ওদের চেয়ে আমাদের খেলোয়াড়দের রেটিং অনেক ভালো। ক্যাচিংও ভালো। সব মিলিয়ে চ্যাম্পিয়ন হওয়ার মতো খেলেছি আমরা।’সকালে প্রথম সেমিফাইনালে টাঙ্গাইল ১টি লোনাসহ ১৬-৭ পয়েন্টে হারায় রাজশাহীকে। দ্বিতীয় সেমিফাইনালে যশোর ২টি লোনাসহ ৩৭-২৬ পয়েন্টে জয়ী হয় ঢাকা জেলার বিপক্ষে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন টাঙ্গাইল দলের অধিনায়ক ইমদাদুল হক। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও রেলপথ বিভাগের সচিব মোজাম্মেল হক খান। সারা দেশ থেকে আঞ্চলিক চ্যাম্পিয়ন আটটি দল অংশ নেয় দুই দিনব্যাপী প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে।