যুব বিশ্বকাপ ভারতের
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জিতেছে ভারত। ফাইনালে আজ তারা অস্ট্রেলিয়াকে হারিয়েছে ৬ উইকেটে। অস্ট্রেলিয়ার সংগৃহীত ২২৫ রান ভারত টপকে যায় ১৪ বল বাকি থাকতেই। উমাকান্ত চাঁদের অনবদ্য অপরাজিত ১১১ এবং স্মিত প্যাটেলের হার-না-মানা অর্ধশত রানের ওপর ভর করে লক্ষ্যে পৌঁছাতে খুব একটা বেগ পেতে হয়নি ভারতীয় যুবাদের। টাউন্সভিলের টনি আয়ারল্যান্ড স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং বেছে নেয় ভারত। ব্যাট হাতে অস্ট্রেলিয়ার শুরুটা ছিল খুব বাজে। ৩৮ রানে ৪ উইকেট হারিয়ে বড় ধরনের ধাক্কা খায় অসিরা। অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের ত্রাণকর্তা ছিলেন উইলিয়াম বসিস্টো। তাঁর অপরাজিত ৮৭ রানের ওপর ভর করেই মূলত দুই শ পেরোয় অস্ট্রেলিয়ার স্কোর। লেট অর্ডারে ট্র্যাভিস হেডের ৩৭ ও অ্যাশটন টার্নারের ৪৩ রান অস্ট্রেলিয়াকে এনে দেয় লড়াকু সংগ্রহ। ভারতের উদ্বোধনী বোলার সন্দীপ শর্মা ৫৫ রানের বিনিময়ে নেন ৪ উইকেট। রবিকান্ত সিং ও বাবা অপরাজিত নেন ১টি করে উইকেট।জবাবে ব্যাট করতে নেমে ভারতও প্রাথমিক বিপর্যয়ের মুখে পড়ে। দলীয় ২ রানে আউট হন প্রশান্ত চোপড়া। তবে অপর উদ্বোধনী ব্যাটসম্যান উমাকান্ত চাঁদ এক পাশ আঁকড়ে ধরে খেলতে থাকেন। কিন্তু ভারতের স্কোর ১০০ না পেরোতেই প্যাভিলিয়নে ফিরে যান চার টপ অর্ডার ব্যাটসম্যান। উমাকান্ত সিং এরপর স্মিত প্যাটেলকে সঙ্গে নিয়ে ধীরস্থির ঢঙে পরিস্থিতি সামাল দেন। অস্ট্রেলীয় যুবা বোলারদের বল দেখে-শুনে খেলে এই দুই ভারতীয় ব্যাটসম্যান দলকে নিয়ে যান শিরোপার দোরগোড়ায়। সূত্র: রয়টার্স।