যুব বিশ্বকাপে প্লেট চ্যাম্পিয়ন বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের সাদমানই এখন টুর্নামেন্টের সর্বোচ্চ রানের মালিক
বাংলাদেশের সাদমানই এখন টুর্নামেন্টের সর্বোচ্চ রানের মালিক

ব্যাপার অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। মূল পর্ব থেকে বাদপড়াদের নিজেদের মধ্যে লড়াইয়ে ‘চ্যাম্পিয়ন’ হওয়া। প্লেট পর্বের পরিচিতি সাধারণত এমনই। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের প্লেটের ফাইনালে আবুধাবিতে নিউজিল্যান্ডকে ৭৭ রানে হারিয়ে শিরোপা জিতল বাংলাদেশের যুবারা। প্লেটে এটি বাংলাদেশের চতুর্থ শিরোপা। তবে প্লেট চ্যাম্পিয়ন হয়ে গর্ব করার দিন অনেক আগেই পেছনে ফেলে এসেছে বাংলাদেশ। 

ব্যাটিংয়ে নেমে কিউইদের সামনে ছুঁড়ে দেওয়া চ্যালেঞ্জটা খুব জুতসই হয়নি। ২২৩ রানেই শেষ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ইনিংস। তবে আঁঁটোসাটো বোলিংয়ে নিউজিল্যান্ডকেও বেশি দূর যেতে দেয়নি বাংলাদেশের বোলাররা। ৯ উইকেটে ১৪৬ রান তুলতেই ফুরিয়ে গেছে কিউইদের ৫০ ওভার। ব্যাট হাতে বাংলাদেশের জয়ের নায়ক সাদমান ইসলাম। মাত্র ৩ রানের জন্য টুর্নামেন্টে নিজের দ্বিতীয় সেঞ্চুরিটি পাননি। তবে প্রথম ব্যাটসম্যান হিসেবে টুর্নামেন্টে ৪০০ রান পেরিয়ে গেছেন সাদমান। বল হাতে বাংলাদেশের জয়ের নায়ক অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। টুর্নামেন্টে ১৮৭ রান করার পাশাপাশি মোসাদ্দেক নিয়েছেন ১১ উইকেট।

মাত্র ২১ রানে প্রথম উইকেটের পতন ঘটলেও সাদমান ও লিটন দাসের মধ্যে গড়ে ওঠা ১২৪ রানের জুটি বড় সংগ্রহের স্বপ্ন দেখাচ্ছিল বাংলাদেশ দলকে। সাদমান ৯৭ ও লিটন করেছেন ৭৯। সাদমান ও লিটনের জুটি দলীয় ১৫৭ রানে থামলেও বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় স্কোরবোর্ডে বড় সংগ্রহ তুলতে পারেনি বাংলাদেশ। মাত্র ৬৬ রানে শেষ সাত উইকেট হারিয়ে ব্যর্থ আখ্যানেই শেষ হয় বাংলাদেশের ইনিংস। সাদমান আর লিটন ছাড়া বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে দুই অঙ্কে পৌঁছতে পেরেছেন কেবল ইয়াসির আলী (১৫)।

ব্যাট হাতে জবাব দিতে নেমে নিউজিল্যান্ড কিন্তু শুরু থেকেই বিপদে ছিল। ২৬ রানে প্রথম উইকেটটি পড়ার পর আর একবারও ঘুরে দাঁড়াতে পারেনি। ১১২ রানে হারিয়ে ফেলেছিল ৯ উইকেট। নয় নম্বর ব্যাটসম্যান ব্রেট র্যানডেল অপরাজিত ৫১ করে কিছুটা মুখ রক্ষা করেন কিউইদের।

এর আগে, ১৯৯৮, ২০০৪ ও ২০১০ সালে প্লেট শিরোপা জিতেছিল বাংলাদেশ।