যুব হকি শুরু কাল থেকে
খেলা কবে? হকি ফেডারেশনের সাধারণ একজন সদস্য থেকে শুরু করে সাধারণ সম্পাদককেও এই প্রশ্ন করলে মুখস্থ বুলি আওড়াতে শোনা যায়—প্রথম বিভাগ, জাতীয় যুব হকি, জাতীয় চ্যাম্পিয়নশিপ, বিজয় দিবস, উপজাতি হকি সব হবে। হচ্ছে, হবে এসব শুনতে শুনতে বিরক্ত খেলোয়াড়েরাও বুঝে গেছেন বাস্তবতা। কেউ পাড়ি জমিয়েছেন বিদেশে, কেউ বা ব্যক্তিগত ব্যবসার দিকে ঝুঁকে পড়েছেন।জাতীয় যুব হকি শুরু হওয়ার কথা ছিল গত বুধবার থেকে। কিন্তু আবাসন-সংকটের ছুতোয় সেটিও পিছিয়ে দেওয়া হয়েছে, এটি শুরু হবে আগামীকাল। গতকাল ছিল ফেডারেশনের নির্বাহী কমিটির সভা। সভায় নভেম্বরের শেষ সপ্তাহে জাতীয় চ্যাম্পিয়নশিপ ও ডিসেম্বরে বিজয় দিবস হকি শুরু করার সিদ্ধান্ত হয়েছে। প্রথম বিভাগের বাইলজও অনুমোদিত হয়েছে সভায়। আলোচনা হয়েছে হকি থেকে মুখ ফিরিয়ে নেওয়া পৃষ্ঠপোষকদের ব্যাপারে। স্পনসরদের হকিমুখী করতে চেষ্টা করছেন ফেডারেশন কর্মকর্তারা। বিশেষ করে গ্রিন ডেলটার সঙ্গে আবারও যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। সবই হচ্ছে। কিন্তু খেলাটাই যে মাঠে গড়াচ্ছে না!