
শুধু নিয়মরক্ষার জন্য দুটি ম্যাচ খেলা! নিকট অতীতে কোনো বৈশ্বিক টুর্নামেন্টে অস্ট্রেলিয়াকে মনে হয় না এমন দুর্দিন দেখতে হয়েছে। দিনের প্রথম ম্যাচটা পাকিস্তান জিতে যাওয়াতেই নিশ্চিত হয়ে গিয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে বাকি দুটি ম্যাচ অস্ট্রেলিয়া খেলবে খেলার জন্যই! টস জিতে বোলিং নেওয়ার পর অধিনায়ক জর্জ বেইলি তবু বললেন, ‘ম্যাচটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ!’ সেটা কী কারণে তা খোলাসা করেননি। আত্মবিশ্বাস ছাড়া বাংলাদেশ থেকে আর কিছুই তো নিয়ে যাওয়ার নেই বেইলিদের!
অস্ট্রেলিয়াকে সেই সুযোগটাও দিল না ভারত। সেমিফাইনাল তাদের নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। কাল যুবরাজ-অশ্বিনের দুর্দান্ত পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে ৭৩ রানে হারিয়ে ধোনির দল ধরে রাখল টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত থাকার রেকর্ডটাও। আত্মবিশ্বাস খুঁজে পাওয়ার জন্য অস্ট্রেলিয়ার বাকি রয়ে গেল ১ এপ্রিল বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা।
গত বছরের অক্টোবরে রাজকোটে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচেই খেলেছিলেন অপরাজিত ৭৭ রানের ম্যাচ জেতানো ইনিংস। এরপর যেন নিজেকে আর খুঁজে পাচ্ছিলেন না যুবরাজ সিং। পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ম্যাচে করেছেন ১ ও ১০ রান। বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ের সুযোগই পাননি। যুবরাজ কবে ফর্মে ফিরবেন এই প্রশ্ন অনেকবার শুনতে হয়েছে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকেও। তবে ছন্দে ফেরার জন্য কয়েক মাসের ব্যবধানে আবার সেই অস্ট্রেলিয়াকেই বেছে নিলেন ভারতীয় অলরাউন্ডার। টুর্নামেন্টে প্রথমবারের মতো ব্যাট করতে নেমে শুরুতে বেশ বিপাকেই পড়ে ভারত। ১১.৩ ওভারে ৬৬ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর ভারতের লড়াইয়ের পুঁজি পাওয়াই কঠিন হয়ে পড়েছিল। কিন্তু অধিনায়ক ধোনিকে নিয়ে দলকে উদ্ধার করেন যুবরাজ। পঞ্চম উইকেটে তাঁদের জুটিতে আসে ৮৪ রান। স্টার্কের বলে বোল্ড হয়ে ধোনি ফেরেন ২৪ করে। ওয়াটসনের বলে ম্যাক্সওয়েলের হাতে ক্যাচ হয়ে ফেরার আগে যুবরাজের রান ৬০, ৪৩ বলে। ২০ ওভারে ভারতের রান ৭ উইকেটে ১৫৯।
তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া জয়ের আশা জাগাতে পারেনি একটিবারের জন্যও। ভারতীয় স্পিনারদের খেলতে গিয়ে রীতিমতো গলদঘর্ম হয়েছেন ফিঞ্চ-ওয়ার্নার-ওয়াটসনরা। ৩.২ ওভারে মাত্র ১১ রানে ৪ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ধসিয়ে দেওয়ার মূল কাজটা করেছেন রবিচন্দ্রন অশ্বিন, ম্যাচসেরাও তাই তিনি। ২২ বল বাকি থাকতে বেইলির দল অলআউট মাত্র ৮৬ রানে!
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ২০ ওভারে ১৫৯/৭ (যুবরাজ ৬০, ধোনি ২৪, কোহলি ২৩, রাহানে ১৯; হজ ১/১৩, ম্যাক্সওয়েল ১/২০, বলিঞ্জার ১/২৪, মিউরহেড ১/২৪, স্টার্ক ১/৩৬, ওয়াটসন ১/৩৬)।
অস্ট্রেলিয়া: ১৬.২ ওভারে ৮৬ (ম্যাক্সওয়েল ২৩, ওয়ার্নার ১৯, হজ ১৩; অশ্বিন ৪/১১, মিশ্র ২/১৩, ভুবনেশ্বর ১/৭, মোহিত ১/১১, জাদেজা ১/২৫)।
ফল: ভারত ৭৩ রানে জয়ী।
ম্যান অব ম্যাচ: রবিচন্দ্রন অশ্বিন।