
সাময়িকভাবে ফর্ম হারাতে পারেন, কিন্তু তিনি ম্যাচ উইনার ছিলেন, এখনো আছেন। ৩২ বছর বয়সী অলরাউন্ডার যুবরাজ সিংয়ের প্রতি এমনই আস্থা ভারতের সাবেক প্রধান নির্বাচক কিরণ মোরের। নিউজিল্যান্ড সফর এবং মাত্রই শেষ হওয়া এশিয়া কাপের ভারতীয় দলে না থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে আছেন যুবরাজ। ১৬ মার্চ বাংলাদেশে শুরু ছোট ক্রিকেটের বড় আসরেই আবার ম্যাচ উইনার হিসেবে যুবরাজকে দেখা যাবে বলে বিশ্বাস মোরের, ‘ভারতের হয়ে খেলা শুরুর দিনগুলোতেও সে ছিল ম্যাচ উইনার। আমি নিশ্চিত, প্রতিযোগিতামূলক ক্রিকেটে সে তার এই রূপটা ধরে রাখবে। সম্প্রতি অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। কিন্তু ক্রিকেটকে দেওয়ার এখনো অনেক বাকি তার।’ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে এলেই যুবরাজের একটা কীর্তি সবার মনে ভেসে ওঠে। আর সেটি হলো ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড পেসার স্টুয়ার্ড ব্রডের এক ওভারেই ছয়টি ছক্কা হাঁকানো। ওয়েবসাইট।