যুবরাজ ঝড়ে ভারতের সংগ্রহ ১৯৩ রান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুবরাজ সিংয়ের দুর্দান্ত ঝড়ো ব্যাটিংয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়ের জন্য পাকিস্তানকে ১৯৩ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে ভারত। ৩৬ বলে ৭২ রানের চমত্কার এক ইনিংস খেলেছেন যুবরাজ সিং। পাকিস্তানের পক্ষে চারটি উইকেট শিকার করেছেন উমর গুল।প্রথম ম্যাচের মতো আজও টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ হাফিজ। টসে হেরে ব্যাট করতে নেমে ঝড়ো সূচনা করেন দুই ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর ও আজিনকা রেহানে। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ৪৪ রান। তবে টানা দুই ওভারে গম্ভীর ও রেহানেকে সাজঘরে ফিরিয়ে পাকিস্তান শিবিরে স্বস্তি ফেরান উমর গুল। পঞ্চম ওভারে এই ডানহাতি পেসারের শিকারে পরিণত হয়ে ফিরে যান গম্ভীর। তাঁর ব্যাট থেকে এসেছে ২১ রান। গুলের পরের ওভারে আউট হয়েছেন আরেক ওপেনার রেহানেও। তিনি করেছেন ২৮ রান। চার ওভার পরে দুর্ভাগ্যবশত রানআউটের ফাঁদে পড়ে বিদায় নেন বিরাট কোহলি। সাজঘরে ফেরার আগে কোহলির ব্যাট থেকে এসেছে ২৭ রান। চতুর্থ উইকেটে ৯৭ রানের ঝড়ো জুটি গড়ে ভারতকে ভালো অবস্থানে নিয়ে যান যুবরাজ সিং ও ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এটি টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের পক্ষে চতুর্থ উইকেটে সর্বোচ্চ জুটির নতুন রেকর্ড। এই ৯৭ রান তাঁরা করেন মাত্র ৪৪ বলে। ইনিংসের শেষ ওভারে যুবরাজ ও ধোনি, দুজনকেই সাজঘরে ফেরান উমর গুল। ৩৩ রান এসেছে ধোনির ব্যাট থেকে।প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারতের বিপক্ষে পাঁচ উইকেটের জয় পেয়েছিল পাকিস্তান। আজকের ম্যাচটি জিতলেই টি-টোয়েন্টি সিরিজটি জিতে নিতে পারবে সফরকারীরা। অন্যদিকে নিজেদের মাটিতে সিরিজ হারের লজ্জা এড়ানোর জন্য আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই ভারতের।