যুবরাজ-রূপকথার আরেক পর্ব
প্রয়োজন ছিল প্রমাণের। প্রয়োজন ছিল দেখানোর। ফিটনেসের প্রমাণ দেওয়া আর পারফরম্যান্স দেখানো। ক্যানসারের মতো অচেনা কিন্তু ভয়ংকর শত্রুকে হারাতে পেরেছেন যিনি, তাঁর কাছে পরিচিত আঙিনায় এই চ্যালেঞ্জ জেতা এমন কী আর কঠিন কাজ! যুবরাজ সিং সেটাই দেখিয়ে দিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার মিশন সফল হওয়ার পর তাঁর নতুন মিশন টেস্ট ক্রিকেটে ফেরা। দিলীপ ট্রফিতে ডাবল সেঞ্চুরি করে মৃত্যুঞ্জয়ী যুবরাজ অনেকটা এগিয়ে গেলেন তাতেও সফল হওয়ার পথে।জাতীয় ক্রিকেট একাডেমি থেকে টেস্ট ফিটনেসের সনদ পেয়েছেন এই ম্যাচের আগেই। তার পরও প্রশ্ন ছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জাতীয় একাডেমি থেকেই টি-টোয়েন্টির ফিটনেস সনদ পেয়েছিলেন। কিন্তু বিশ্বকাপে যুবরাজের ফিটনেস ছিল প্রশ্নবিদ্ধ। যাঁর নেতৃত্বে যুবরাজ আন্তর্জাতিক ক্রিকেটে পায়ের তলায় জমি খুঁজে পেয়েছেন, সেই সৌরভ গাঙ্গুলীসহ আরও অনেকেই বলেছিলেন, আবেগের বশে একটু দ্রুতই ফেরানো হয়েছে এই অলরাউন্ডারকে। জাতীয় একাডেমির ওই সনদপত্রই তাই যথেষ্ট ছিল না, প্রয়োজন ছিল মাঠে ফিটনেসের প্রমাণ দেওয়া। আর ফিটনেস তো একটা প্রাথমিক আবশ্যকীয়তা। টেস্ট দলে ফিরতে প্রয়োজন ছিল ব্যাট হাতে পারফরম্যান্সও। ৩৩ চার ও ৩ ছয়ে ২৪১ বলে ২০৮—উত্তরাঞ্চলের হয়ে মধ্যাঞ্চলের বিপক্ষে ম্যাচটায় এক ইনিংসে দুটি শর্তই পূরণ করে ফেললেন যুবরাজ।ম্যাচের আগে বলেছিলেন, আবার ভারতের সাদা পোশাক গায়ে তুলতে মুখিয়ে আছেন। আর টেস্ট দলে ফেরার সিঁড়ি বানাতে চান দিলীপ ও রঞ্জি ট্রফিকে। এই ডাবল সেঞ্চুরিতে সেই সিঁড়ি বেয়ে ওঠার পাশাপাশি সংশয়বাদীদের একটা জবাবও দেওয়া হলো। প্রতিক্রিয়ায় কিন্তু যুবরাজ ভীষণ বিনয়ী, ‘কারও কাছে কিছু প্রমাণের চেষ্টা ছিল না আমার। আমার লক্ষ্য ছিল উইকেটে গিয়ে উপভোগ করা। স্রেফ মজা করতে চেয়েছি। এই মুহূর্তে আমি খুব দূরে তাকাতে চাই না। একটি একটি ম্যাচ ধরে এগোতে চাই।’ যুবরাজের কাছে রানসংখ্যার মতোই সমান গুরুত্বপূর্ণ উইকেটে কাটানো সময়টা। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার ইনিংসটি এ কারণেই বেশি তৃপ্তি দিচ্ছে তাঁকে, ‘যে অবস্থার ভেতর দিয়ে আমাকে যেতে হয়েছিল, এরপর এত লম্বা সময় ব্যাটিং করতে পেরে ভালো লাগছে। এত সময় উইকেটে কাটাতে পারা তৃপ্তিদায়ক, এটাই এই ডাবল সেঞ্চুরিটাকে বিশেষ করে তুলেছে।’ এই ইনিংসেই যুবরাজের সঙ্গে ১৬০ রানের জুটি গড়া উত্তরাঞ্চলের অধিনায়ক শিখর ধাওয়ান তো মুগ্ধ, ‘দারুণ একটা ইনিংস ছিল এটা, আরেক প্রান্ত থেকে তাঁকে দেখাটা ছিল সত্যিই একটা অভিজ্ঞতা। মানসিকভাবে সে খুব শক্ত। কেউ যদি ডাবল সেঞ্চুরি করে, তার মানে সে অবশ্যই ফিট। ইনিংসটার সময় দৌড়েছেও অনেক দ্রুত। আমরা অনেকগুলো দ্রুত সিঙ্গেল ও তিন রান নিয়েছি।’ক্যানসার থেকে ফেরার পর জীবনটাকে যেন অন্য চোখে দেখছেন। কাউকে ভুল প্রমাণ করে ‘কেমন দেখিয়ে দিলাম’ ভাবটাই আর নেই। তবে অন্যরা ঠিকই এই ইনিংসের বৃহত্তর অর্থটা নিয়ে কথা বলছেন। এই ম্যাচে ধারাভাষ্য দেওয়া সাবেক ক্রিকেটার অজয় মেহরাই যেমন বলছেন, ‘যুবরাজ সমালোচকদের ভুল প্রমাণ করেছেন।’ যুবরাজকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে নেওয়া সদ্য বিদায়ী প্রধান নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্তও সমালোচকদের পাল্টা জবাব দেওয়ার এই সুযোগটা ছাড়েননি, ‘ওর ফিটনেস নেই, আমরা আবেগপ্রবণ হয়ে ওকে নিয়েছি—এমন কত আলোচনা চারপাশে। কিন্তু আমরা ঠিকই জানতাম, ও চ্যাম্পিয়ন ক্রিকেটার, ও এটা প্রমাণ করেছে। সঠিক প্রমাণ করেছে আমাদের সিদ্ধান্তকেও।’ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের আগে রঞ্জি ট্রফির আরও দুটি ম্যাচ খেলার সুযোগ পাবেন। উত্তরাঞ্চল ফাইনালে উঠলে পাবেন দিলীপ ট্রফির আরেকটি ম্যাচ। তবে এই ম্যাচগুলোতে পারফরম্যান্স যেমনই হোক, এই ডাবল সেঞ্চুরির পর ১৫ নভেম্বর আহমেদাবাদ টেস্টের একাদশে নিজের নামটা আশা করতেই পারেন যুবরাজ! ওয়েবসাইট।