যুবরাজকে পরিবর্তিত ভূমিকায় দেখতে চাই: ধোনি
বিশাখাপত্তমে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে যুবরাজ সিংকে পরিবর্তিত ভূমিকায় দেখতে চান বলে মন্তব্য করেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।বাজে ফর্ম ও ফিটনেসের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের দলে ছিলেন না। ওয়ানডে সিরিজে তাঁর ওপর আস্থা রেখেই দল ঘোষণা করেছেন নির্বাচকেরা। নিজেকে হারিয়ে খুঁজতে থাকা যুবরাজের জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজটি তাই হয়ে দাঁড়িয়েছে বাঁচা-মরারই এক লড়াই। কোচির প্রথম ওয়ানডে বৃষ্টিতে পণ্ড হয়ে যাওয়ার পর আজ বিশাখাপত্তমে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে তাই যুবরাজ সিংয়ের ওপর আলাদা নজরই থাকছে ভারতীয় ক্রিকেটানুরাগীদের।আড়াই শ ওয়ানডে ম্যাচ খেলা যুবরাজ আজ ভালো খেলুন, নিজের অভিজ্ঞতা উজাড় করে দিন—এমনটাই চাইছে ভারতীয় দলের টিম ম্যানেজমেন্ট। অধিনায়ক ধোনির কণ্ঠেও অনুরণিত হলো যুবরাজের প্রতি গোটা দলের প্রত্যাশাই।ধোনি যুবরাজকে একজন অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে বর্ণনা করে বলেছেন, তিনি এমন একজন খেলোয়াড়, যিনি খুব সহজেই ম্যাচের কেন্দ্রীয় চরিত্রে আবির্ভূত হতে পারেন। তিনি একাই একটি ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন।অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ভারতের যে দলটি মাঠে নামবে তাতে সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় যুবরাজই। শচীন টেন্ডুলকার ও বীরেন্দর শেবাগের মতো খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার জন্য যুবরাজের মতো অভিজ্ঞ ক্রিকেটারের কাছ থেকে ভালো কিছুই আশা করবেন সমর্থকেরা। এ ব্যাপারে ধোনি বলেন, যেহেতু এ দলটিতে যুবরাজই সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়, তাই তাঁর ভূমিকাটাও একটু পরিবর্তন করতে হবে। তাঁকে সামনে থেকে ভারতীয় দলের ব্যাটিংয়ে নেতৃত্ব দিতে হবে।যুবরাজ সিংয়ের বোলিং অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে মনে করেন ধোনি। তিনি বলেন, ‘যুবরাজের বোলিং দলের জন্য গুরুত্বপূর্ণ। যদি বিশাখাপত্তমে চারজন বোলার নিয়ে খেলে, তাহলে পঞ্চম বোলার হিসেবে যুবরাজের কোনো বিকল্প নেই। সে ইতিমধ্যেই বল হাতে সফলতার স্বাক্ষর রেখেছেন। প্রয়োজনের সময় অনেক গুরুত্বপূর্ণ ব্রেক থ্রুও এনে দিয়েছে। তবে বোলিংয়ের চেয়েও অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা ব্যাট হাতে সফল যুবরাজকে দেখতে চাই।’—ইয়াহু নিউজ