যুবরাজকে শুভকামনা আর্মস্ট্রংয়ের
২২ গজের উইকেটে নয়, এখন তাঁর লড়াইটা পাঁচ ফুট বাই সাত ফুট আয়তনের হাসপাতালের বেডে। আর সেই লড়াইয়ে যুবরাজ সিং যাঁর কাছ থেকে প্রেরণা খুঁজছেন, সেই ল্যান্স আর্মস্ট্রং এবার শুভকামনা জানিয়ে পাঠালেন বার্তা। সাতবার ট্যুর ডি ফ্রান্স জেতা এই মার্কিন সাইক্লিস্ট পরশু শুভকামনা জানিয়েছেন যুক্তরাষ্ট্রেরই একটি হাসপাতালে চিকিৎসাধীন যুবরাজকে।‘আমি তোমাকে জানাতে চাই, পুরো লিভস্ট্রং টিম (আর্মস্ট্রংয়ের গড়া একটি সংস্থা, ক্যানসারে আক্রান্তদের সহায়তায় কাজ করে) তোমাকে সাহায্য করতে প্রস্তুত। আমরা সব সময়ই বলি এবং বিশ্বাস করি: জ্ঞানই শক্তি, একতাই বল এবং দৃষ্টিভঙ্গিই আসল। অনুগ্রহ করে আমাকে জানাবে, তোমাকে আর তোমার পরিবারকে আমরা কোনোভাবে সাহায্য করতে পারি কি না’—এই হলো আর্মস্ট্রংয়ের বার্তা।১৯৯৬ সালে আর্মস্ট্রংয়ের শরীরে ক্যানসার ধরা পড়ে। তত দিনে এই রোগ চলে গিয়েছিল চতুর্থ পর্যায়ে। চিকিৎসকেরা তাঁর বেঁচে থাকার সম্ভাবনাকে অঙ্ক দিয়ে মেপেছিলেন ৪০ শতাংশে। আর্মস্ট্রং শুধু সুস্থ হয়ে ফেরেননি, ১৯৯৯ থেকে ২০০৫—রেকর্ড টানা সাতবার জিতেছেন সাইক্লিংয়ের সবচেয়ে মর্যাদার আসর। নিজের এই অনুপ্রেরণাদায়ী কাহিনি নিয়ে একটা বইও লিখেছেন—ইটস নট অ্যাবাউট দ্য বাইক: মাই জার্নি ব্যাক টু লাইফ। যুক্তরাষ্ট্রে আসার পর থেকেই বইটা যুবরাজের সঙ্গী। আর্মস্ট্রংয়ের সঙ্গে দেখা করতে চানও বলে জানিয়েছিলেন। সেই আর্মস্ট্রংয়ের কাছ থেকে বার্তা পাওয়ার পর অনেক উজ্জীবিত বোধ করছেন বলে জানিয়েছেন যুবরাজ, ‘ল্যান্স আর্মস্ট্রংয়ের বার্তা আমাকে আরও বেশি সুস্থ বোধ করাচ্ছে। ধন্যবাদ ল্যান্স। তোমার এই বার্তার গুরুত্ব আমার কাছে অসীম। আশা করি, আমাদের দেখাও হবে।’ ওয়েবসাইট।