এক যুগের লড়াইয়ে ধাক্কা খেয়েছেন আরেকবার। টেস্ট দলে জায়গা পাকা করার স্বপ্ন থমকে গেছে আবারও। এই তো, কদিন আগেই। তবে রঙিন পোশাকে যুবরাজ সিং যে অপরিহার্য, প্রমাণিত হলো আরেকবার। প্রথম টি-টোয়েন্টিতে পরশু ব্যাটে-বলে প্রায় একাই ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছেন ক্যানসারজয়ী অলরাউন্ডার। এমন এক সময়ে এই জয়, যখন ভারতীয় ক্রিকেটে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল এই ‘জয়’ শব্দটাই। হোক সেটা টি-টোয়েন্টিতেও! জয়ের দেখা পেয়ে আত্মবিশ্বাসী ভারত আজ নামছে সিরিজ জয়ের লড়াইয়ে। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি আজ মুম্বাইয়ে। শুধু সিরিজ জয়ই নয়, ভারত আজ জিততে চাইবে আত্মবিশ্বাসের পারদটা আরেকটু উঁচুতে নিয়ে যেতেও। দুই দিন পরই যে শুরু চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে সিরিজ!পুনেতে পরশু ফিরে এসেছিলেন যেন গত ওয়ানডে বিশ্বকাপের যুবরাজ। ব্যাটে-বলে যিনি সমান সফল। প্রথমে বল হাতে করলেন ক্যারিয়ার সেরা বোলিং (৩/১৯)। অ্যালেক্স হেলস (৩৫ বলে ৫৬) ও লুক রাইটের (২১ বলে ৩৪) ঝোড়ো ব্যাটিংয়ে ১০ ওভারেই ৮৯ তুলেছিল ইংল্যান্ড। যুবরাজের আগমন বদলে দেয় পুরো চিত্র। এই দুজনকে ফেরানোর পর তুলে নেন আরেক বিপজ্জনক ব্যাটসম্যান ও ভারপ্রাপ্ত অধিনায়ক এউইন মরগানকেও। শেষ দিকে জস বাটলারই (২১ বলে ৩৩) ইংল্যান্ডকে নিয়ে যান ১৫৭ রানে।এরপর ব্যাট হাতেও ইংলিশদের ভোগালেন যুবরাজ। দুই ওপেনার অজিঙ্কা রাহানে (১৯) ও গৌতম গম্ভীরকে (১৬) এক ওভারেই তুলে নিয়েছিলেন টিম ব্রেসনান। কিন্তু ৩ ছয়ে যুবরাজের পাল্টা আক্রমণ। ২১ বলে ৩৮ করে আউট হয়ে হওয়ার পর আর জয় এনে দিতে খুব একটা সমস্যা হয়নি ধোনি (২৪*) ও রায়নাদের (২৬)। ভারত জিতেছে ৫ উইকেটে।‘টি-টোয়েন্টিতে আমি নিজেকে সত্যিকার অর্থে মেলে ধরতে পারি’—ম্যাচ-সেরা যুবরাজ বলেছেন সবার জানা কথাটাই। ধোনি যুবরাজের পাশাপাশি দারুণ খুশি দলের ফিল্ডিংয়ে, ‘হেলস যেভাবে শুরু করেছিল, একটু ভয়ই পেয়ে গিয়েছিলাম। যুবরাজ একেবারে সময়মতো দারুণ বোলিংয়ে আমাদের ম্যাচে ফিরিয়েছে। আর দলের ফিল্ডিংও ছিল দুর্দান্ত, যেটা আমি খুব করে চাইছিলাম।’ ওয়েবসাইট।