যুবরাজে ম্লান পন্টিং, সেমিফাইনালে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরও একটা ম্যাচে ভারতের জয়ের নায়ক বনে গেলেন যুবরাজ সিং। বল হাতে দুইটা উইকেট নেওয়ার পর আগের ম্যাচগুলোর মতো আজও ব্যাট হাতে জ্বলে উঠলেন ভারতীয় এই অলরাউন্ডার। ১৮৭ রানে ৫ উইকেট হারিয়ে হারের আশঙ্কা চেপে বসেছিল ভারতীয় শিবিরে। কিন্তু তখনই ৬৫ বলে ৫৭ রানের হার না-মানা অসাধারণ এক ম্যাচ জেতানো ইনিংস খেলে ভারতকে ৫ উইকেটের জয় এনে দিলেন তিনি। ম্লান করে দিলেন অসি অধিনায়ক রিকি পন্টিংয়ের ১০৪ রানের অধিনায়কোচিত ইনিংসটাকে। অবসান ঘটালেন ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়ান আধিপত্যের।অস্ট্রেলিয়ার বেঁধে দেওয়া ২৬১ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা ভালোভাবেই করেছিলেন ভারতীয় দুই ওপেনার শচীন টেন্ডুলকার ও বীরেন্দর শেবাগ। উদ্বোধনী জুটিতেই সংগ্রহ করেছিলেন ৪৪ রান। কিন্তু নবম ওভারে শেবাগকে সাজঘরে পাঠিয়ে অস্ট্রেলিয়ান শিবিরে স্বস্তি এনে দিয়েছেন শেন ওয়াটসন। দ্বিতীয় উইকেটে ৫০ রানের জুটি গড়ে সেই ধাক্কা সামলে নিয়েছিলেন গৌতম গম্ভীর ও টেন্ডুলকার। ১৯তম ওভারে এই জুটি ভাঙেন শন টেইট। ৫৩ রান করে ফিরে যান লিটল মাস্টার। তবে তার আগে তিনি স্পর্শ করেছেন নতুন এক মাইলফলক। এক দিনের ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে করেছেন ১৮ হাজার রান। তৃতীয় উইকেটে আবার ৪৯ রান যোগ করে ব্যক্তিগত ২৪ রানের মাথায় আউট হন কোহলি। চতুর্থ উইকেটেও বড় জুটি গড়ার পথেই এগিয়ে যাচ্ছিলেন গম্ভীর ও যুবরাজ। কিন্তু ক্রমাগত ভুল বোঝাবুঝির ফলস্বরুপ খুবই দুর্ভাগ্যজনকভাবে রান আউটের শিকার হন গম্ভীর। ৩৮তম ওভারে ব্রেট লির বলে মাইকেল ক্লার্ক চমতকারভাবে তালুবন্দী করেছেন ধোনির ক্যাচ। ষষ্ঠ উইকেটে ৭৪ রানের অসাধারণ জুটি গড়ে ভারতকে ৫ উইকেটের জয় এনে দিয়েছেন যুবরাজ সিং ও সুরেশ রায়না। এর আগে অসি অধিনায়ক রিকি পন্টিংয়ের অধিনায়কোচিত ১০৪ রানের উপর ভর করে ভারতকে ২৬১ রানের লক্ষ্য বেধে দেয় অস্ট্রেলিয়া।দিবা-রাত্রির এই গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রিকি পন্টিং। অসি অধিনায়কের লক্ষ্যটা কঠিন করে দিতেই স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে দিয়ে বোলিং আক্রমণ শুরু করান ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। অধিনয়াকের এই আস্থার প্রতিদানও বেশ ভালোমতোই দিয়েছেন অশ্বিন। দলীয় ৪০ রানের মাথায় সাজঘরমুখী করেছেন শেন ওয়াটসনকে (২৫)। দ্বিতীয় উইকেটে ৭০ রানের জুটি গড়ে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছিল অস্ট্রেলিয়া। কিন্তু ২৩তম ওভারে ক্রমাগত বিপদজনক হয়ে ওঠা এই জুটি ভেঙ্গে ভারতীয় শিবিরে স্বস্তি ফিরিয়েছেন যুবরাজ সিং। ৫৩ রান করে সুরেশ রায়নার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ওপেনার ব্রাড হাডিন। ২ ওভার পর মাইকেল ক্লার্কও ফিরে যান যুবরাজ সিংয়ের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে।পঞ্চম উইকেটে ৪০ রানের জুটি গড়ে আবারও ঘুরে দাড়ানোর চেষ্টা চালাচ্ছিলেন অধিনায়ক রিকি পন্টিং ও ক্যামেরন হোয়াইট। কিন্তু দলীয় ১৯০ রানের মাথায় হোয়াইটকে আউট করে এই জুটি ভাঙেন জহির খান। শেষপর্যন্ত ডেভিড হাসির ২৬ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংসটির সুবাদে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাড়ায় ড ২৬০ রান।অশ্বিন,যুবরাজ ও জহির খান ২টি করে উইকেট নিয়েছেন।