যুবরাজের আবেগময় ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্রেফ একটি টি-টোয়েন্টি ম্যাচ, কিন্তু এর মধ্যেই জন্ম নিল কয়েকটি আখ্যান! যুবরাজের আবেগময় প্রত্যাবর্তন, ব্যাট হাতে সেই দাপুটে রূপ, ভারতের জন্য ‘অ্যান্টিক্লাইম্যাক্স’, হাতের মুঠোয় থাকা ম্যাচে ১ রানে হার আর প্রায় ফসকে যাওয়া ম্যাচে নিউজিল্যান্ডের অভাবনীয় জয়।ব্রেন্ডন ম্যাককালামের বিস্ফোরক ইনিংসের জবাব দিয়েছিলেন বিরাট কোহলি আরেকটি দুর্দান্ত ইনিংসে। এরপর রায়না-যুবরাজদের ব্যাটে শেষ ৭ ওভারে ৮ উইকেট হাতে নিয়ে ভারতের প্রয়োজন ছিল মাত্র ৪৯। কিন্তু পুরোনো পথে হেঁটে হঠাৎই যেন মন্থর হয়ে গেল চেন্নাইয়ের উইকেট, মিডিয়াম পেসার থেকে ‘স্লো-মিডিয়াম’ হয়ে গেলেন ওরাম-ফ্রাঙ্কলিন, টাইমিং করতে হাঁসফাঁস করলেন মহেন্দ্র সিং ধোনি। রান-বলের সমীকরণটা কঠিন হয়ে উঠল। শেষ ৮ বলে প্রয়োজন যখন ২০ রান, ওরামকে মিড উইকেট গ্যালারিতে পাঠালেন যুবরাজ, ৫ বলে ১২ রান অবস্থায় ফ্রাঙ্কলিনকে মিড উইকেট দিয়ে চার ধোনির। কিন্তু এক বল পরই ফ্রাঙ্কলিন বোল্ড করে দিলেন যুবরাজকে। শেষ দুই বলে প্রয়োজন ছিল ৬, রোহিত শর্মা নিতে পারলেন দুটি ডাবল। প্রত্যাবর্তনের আনন্দে বিষাদ বুলিয়ে দিয়েছে হার। তবে স্রেফ একটি টি-টোয়েন্টি হারই তো! ক্যানসারকে হারিয়ে যুবরাজের মাঠে ফেরার গল্প তো এই সামান্য জয়-পরাজয়ের সীমানা ছাড়িয়ে ছুঁয়েছে জীবনের সীমানা। নাটকীয়তায় ভরা ম্যাচেও তাই মুখ্য চরিত্র ওই একজনই। ভক্ত-সমর্থক এমনকি নিখাদ ক্রিকেটপ্রেমীদের যেমন, প্রচণ্ড আবেগ ছুঁয়ে গিয়েছিল স্বয়ং যুবরাজকেও, ‘অনুভূতিটা মিশ্র। জেতা উচিত ছিল এমন একটা ম্যাচ আমরা হেরেছি, কিন্তু ব্যক্তিগতভাবে মাঠে ফেরা ছিল আমার জন্য প্রচণ্ড আবেগময় একটা মুহূর্ত। যখন মাঠে এলাম প্রচণ্ড আবেগ আমাকে ঘিরে ধরেছিল। আমার মা ছিল গ্যালারিতে, বন্ধুরা...। ফিল্ডিংয়ের সময় আমার চোখে পানি চলে এসেছিল, সৌভাগ্যক্রমে ক্যামেরা তা ধরতে পারেনি। আমার মনে হয় ব্যাট হাতে আমার টাইমিং হচ্ছিল দারুণ। এখন এখান থেকে কেবল ভালোই হতে পারে!’ফিল্ডিংয়ে মাঠে ঢোকার সময়ই মৃত্যুঞ্জয়ী বীরকে দাঁড়িয়ে অভিবাদন জানিয়েছে চিদাম্বরমের ২৫ হাজার দর্শক। বল হাতে ২ ওভারে ১৪ রান দিয়ে উইকেট পাননি, ফিল্ডিংয়ে আকাশছোঁয়া বল হাতে জমিয়ে ফিরিয়েছেন জেমস ফ্রাঙ্কলিনকে। ব্যাট হাতে নামতেই খুঁজে পাওয়া গেল সেই চিরচেনা যুবরাজকে। ২৬ বলে ৩৪ রান, গ্যালারিতে পাঠিয়েছেন ভেট্টোরি ও ওরামকে। জানালেন, আগে ফিল্ডিং করায় মানিয়ে নিতে একটু সুবিধাই হয়েছে, ‘ব্যাটিংয়ে নামার আগে ফিল্ডিং করায় আমার জন্য ভালো হয়েছে। কে জানে আগে ব্যাটিং করলে কেমন করতাম! ব্যাট হাতে নামার সময় একটু নার্ভাস হয়ে পড়েছিলাম...প্রথম বাউন্ডারির শটটা ভালো ছিল না, তবে ৪ রান পেয়েই স্বস্তি পাচ্ছিলাম। ছয়টা মারার পর (ভেট্টোরিকে) আত্মবিশ্বাস ফিরে পেলাম। মনে হলো অবশেষে আমি ফিরেছি।’ চূড়ান্ত বিজয়ের দিনটিতে আবার মনে করিয়ে দিয়েছেন ক্যানসারকে পরাজিত করার কষ্টকর অভিযানটাকে, ‘কোনো বর্ণনাই বোঝাতে যথেষ্ট নয় কতটা কষ্টের ছিল এই লড়াই। কঠিন এক যুদ্ধ। আমি গর্বিত যে আজ আবার মাঠে ফিরতে পেরেছি।’চোটের কারণে বীরেন্দর শেবাগ না থাকায় ওপেন করেছিলেন কোহলি। অস্বস্তির কোনো চিহ্ন অবশ্য ছিল না ব্যাটিংয়ে। ১০ চার ও ১ ছয়ে তাঁর ৪১ বলে ৭০, আর রায়না (২২ বলে ২৭) ও যুবরাজরা জয়ের পথেই রেখেছিলেন ভারতকে। কিন্তু ফ্রাঙ্কলিন বল হাতে নিয়েই ফেরালেন কোহলিকে, রানের গতিও গেল কমে। শেষ ওভারে ফ্রাঙ্কলিন ফেরালেন যুবরাজকে। ভারতকে ডুবিয়েছে অধিনায়ক ধোনির (২৩ বলে ২২*) ইনিংসটাও। নিউজিল্যান্ডকে প্রায় একা ১৬৭ রানের পুঁজি এনে দিয়েছিলেন ম্যাককালাম। ১১ চার ও ৩ ছয়ে ৫৫ বলে ৯১ করে বোল্ড হয়েছেন ইরফানের স্লোয়ারে। এই নিয়ে ভারতের বিপক্ষে চার টি-টোয়েন্টির সবগুলো জিতল কিউইরা। এএফপি, ওয়েবসাইট।