যুবরাজের আশা ফিরবেনই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুণ্ডিত মস্তক। চোখে কালো চশমা। পরনের টি-শার্ট, এমনকি হাতঘড়িটাও কালো। মুখে সব সময় লেগে থাকা প্রাণোচ্চ্ছল হাসির কারণে ‘কালো’ রংটাকেও মনে হচ্ছিল আনন্দের, জীবনের। কাল দিল্লিতে সংবাদ সম্মেলনে মুখোমুখি হলেন যে যুবরাজ সিং, তিনি যেন অন্য কেউ। সংবাদ সম্মেলনেও বললেন, এ যেন নতুন জীবন। নতুনভাবেই শুরু করতে চান জীবনের নতুন ইনিংস।কদিন হলো যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। কিন্তু গতকালই প্রথম মুখোমুখি হয়েছেন গণমাধ্যমের। তাঁর ক্রিকেট একাডেমি যুবরাজ সিং সেন্টার অব এক্সেলেন্সে ভারতীয় অলরাউন্ডার জানালেন, ক্যানসারের সঙ্গে লড়াই করে জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গিটাই পাল্টে গেছে। জীবনের কঠিনতম লড়াইটায় জিতে ভারতকে দ্বিতীয় বিশ্বকাপ জেতানো ৩০ বছর বয়সী তারকা এখন নতুন আত্মবিশ্বাসেও বলীয়ান। আশাবাদী, আবার ফিরবেন ক্রিকেট মাঠে।‘ক্যানসার আমাকে নতুন অনেক কিছু শিখিয়েছে। ক্যানসার হয়তো আমার জীবনে ঘটা সবচেয়ে ভালো কিছু। হয়তো ভবিষ্যতে এটাই উপলব্ধি হবে আমার’—বলেছেন যুবরাজ। বলেছেন, চিকিৎসাধীন সময়টা কত কঠিন ছিল। কেমো নেওয়ার পর হতাশায় আছন্ন হতেন। কখনো কখনো কাঁদতেনও। মুণ্ডিত মস্তক তাঁর কেমোথেরাপির সাক্ষী। চোখের কালো চশমাও ফ্যাশনের অংশ নয়। ক্যামেরার ফ্লাশের তীব্র আলো থেকে চোখকে বাঁচানোর উপায়। প্রায় এক ঘণ্টার সংবাদ সম্মেলনে মন খুলে কথা বলেছেন যুক্তরাষ্ট্রে তাঁর দুই মাসের চিকিৎসাধীন জীবন নিয়ে। চিকিৎসাধীন সময়টায় ক্রিকেট একদমই দেখেননি। হাসপাতালে ‘দ্য ক্যানসার ফ্যামিলি’র একজন হয়ে অন্যদের জীবনের গল্প শুনেছেন। তবে নিজের আসল যে পরিবার, সেই ক্রিকেটে ফিরতে তিনি উন্মুখ। ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী। তবে কোনো তাড়া নেই, নেই উদ্বেগও, ‘কীভাবে ফিরব, কী করতে সমর্থ হব, জানি না। মাঠে ফেরাটা হবে আমার জন্য অনেক বড় একটা অর্জন। আমার শরীরের এখনো ধকল সামলে ওঠার জন্য সময় দরকার। সেই চাপ আবারও সামলানো, ভারতের হয়ে খেলা হবে আমার জন্য বড় অর্জন। এর পর কী হবে, আমি জানি না। একজন ক্রীড়াবিদ হিসেবে এটুকুই বলতে পারি, কঠোর পরিশ্রম করব। ভারতের লোগোঅলা টুপি আবারও মাথায় পরার ব্যাপারটি সব সময়ই আমার ভাবনায় ছিল। ফিরে আসার পর কী করতে পারব জানি না। তবে আমি নিশ্চিত, ক্রিকেটে ফিরবই।’ ওয়েবসাইট। বছর কয়েক আগে সাইক্লিস্ট ল্যান্স আর্মস্ট্রংয়ের ইটস নট অ্যাবাউট দ্য বাইক আত্মজীবনীটি অর্ধেক পড়েছিলেন। কাল জানালেন, আর্মস্ট্রংয়ের মতোই ক্যানসারে আক্রান্ত হয়ে সেই বইটা পুরো পড়ে ফেলাটা যেন ছিল নিয়তিনির্ধারিত। ‘আমার কাছে ল্যান্স হলো বাস্তব জীবনের এক নায়ক। ক্রীড়াবিদ হিসেবে তিনি অনেক বড়, কিন্তু ব্যক্তিজীবনে তাঁর অর্জন আরও বেশি কিছু’—বলেছেন যুবরাজ।