যুবরাজের দৃষ্টি বিশ্বকাপে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সতীর্থরা যখন ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফি খেলে এখন ত্রিদেশীয় সিরিজ খেলছেন ওয়েস্ট ইন্ডিজে, তিনি ফ্রান্সে। দক্ষিণ ফ্রান্সের ব্রিভ লা গাইয়ার্দ শহরে ট্রেনিং করছেন প্রখ্যাত ট্রেনার টিম এক্সেটারের সঙ্গে। প্রতিদিন ঘাম ঝরাচ্ছেন ৫-৬ ঘণ্টা। আপাতত লক্ষ্য ফিটনেসটাকে আবার সর্বোচ্চ পর্যায়ে ফিরিয়ে আনা। আর দৃষ্টি ২০১৫ বিশ্বকাপে। বিশ্বকাপে পাখির চোখ করেই ক্যারিয়ারের নতুন অধ্যায় সাজাতে চান যুবরাজ সিং।

ক্যানসারের সঙ্গে লড়াইয়ে জিতে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন। চেনা কিছু ঝলকও দেখা গিয়েছিল, তবে পুরোপুরি ফিরে পাওয়া যায়নি সেই পুরোনো যুবরাজকে। ফর্ম হারানোর সঙ্গে যোগ হয় পিঠের চোট। জানুয়ারিতে ইংল্যান্ড সিরিজের পর ছিটকে পড়লেন ভারতীয় দল থেকে। তবে মরণব্যাধিকে হারিয়েছেন যিনি, তিনি কি আর এত সহজে হাল ছাড়েন? দলে ফেরার লড়াইয়ে জিততেই সুদূর ফ্রান্সে যুবরাজের এই ফিটনেস-অভিযান। যেখানে তাঁর সঙ্গী ছিটকে পড়া আরেকজন, জহির খান। ক্যানসার থেকে ফেরার পর জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি আর মূল্যবোধ বদলে যাওয়ার কথা বলেছেন অনেকবার। প্রমাণ হিসেবেই যেন ফ্রান্সে কোনো পাঁচ তারকা হোটেলে নয়, যুবরাজ পেইং গেস্ট হিসেবে আছেন একটি পরিবারের সঙ্গে। ভারতের গত বিশ্বকাপ জয়ের নায়কের ভাবনাজুড়ে এখন ২০১৫ বিশ্বকাপ, ‘আমার প্রাথমিক লক্ষ্য এখন ফিটনেস পুরোপুরি ফিরে পাওয়া। এরপর চেষ্টা করব অক্টোবরে অস্ট্রেলিয়া সিরিজের দলে ফিরতে। মূল লক্ষ্য অবশ্যই ২০১৫ বিশ্বকাপ। লক্ষ্যপূরণে আমি দৃঢ়প্রতিজ্ঞ। জীবনে উত্থান-পতন কম দেখিনি। চেষ্টার তাই কোনো ত্রুটি রাখব না। বাকিটা ভাগ্যের হাতে।’ ওয়েবসাইট।