যুবরাজের পাশে এবার কেপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুঃসময়ে সতীর্থদের পাশে পেয়েছেন যুবরাজ সিং। তাঁর দিকে ধেয়ে আসা সমালোচনার বাণকে অগ্রহণযোগ্য বলেছেন শচীন টেন্ডুলকারও। ঢাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভুতুড়ে এক ইনিংস খেলা যুবরাজ এবার পাশে পেলেন পুরোনো এক ‘শত্রু’কেও। ২০০৮ সালে যুবরাজের বাঁহাতি স্পিনকে কদর্য বলেছিলেন যে কেভিন পিটারসেন, সেই পিটারসেনও যুবরাজের সমালোচনা মানতে পারছেন না। আইপিএলের দল দিল্লি ডেয়ারডেভিলস অধিনায়ক মনে করছেন ‘অগ্রহণযোগ্য সমালোচনায়’ বিদ্ধ করা হচ্ছে যুবরাজকে।
যুবি-কেপির ‘শত্রুতা’ অবশ্য চুকেবুকে গেছে সেই কবেই। দুজন এখন বন্ধু। কাল দিল্লিতে বন্ধুর মতোই যুবরাজের পাশে দাঁড়ালেন ইংল্যান্ডের জাতীয় দলে ব্রাত্য হয়ে পড়া কেপি, ‘আমি এখানকার (ভারত) পত্রিকা পড়িনি, তবে টুইটারেই দেখলাম তার মুণ্ডুপাত হচ্ছে। এটা অগ্রহণযোগ্য। তার সঙ্গে এ রকমটা হতে পারে না।’
কৃষ্ণামাচারি শ্রীকান্ত ও রবি শাস্ত্রীর মতো সাবেকরাও যোগ দিয়েছেন সমালোচনায়। পিটারসেন তাঁদের খোঁচা দিয়েছেন এই বলে, ‘আপনি সব সময় ভালো খেলতে পারবেন না। খেলা ছাড়ার পর কথা বলা খুবই সহজ। আমি এমন অনেক খেলোয়াড়কে কথা বলতে দেখি, যারা কখনো আন্তর্জাতিক ক্রিকেট খেলেনি। তাদের অনেক কিছুই বলার আছে, কারণ সমালোচনা করাটা যে সবচেয়ে সহজ কাজ।’
শুধু পিটারসেনই নন, যুবরাজের হয়ে ব্যাট করছেন গৌতম গম্ভীরও। ভারতীয় দলের বাইরে থাকা এই ওপেনার দুষেছেন গণমাধ্যমকে, ‘আমার মনে হয় না বর্তমান কোনো ক্রিকেটার যুবরাজের সমালোচনা করতে পারে। গণমাধ্যম ও সাবেক ক্রিকেটাররাই তাঁকে আক্রমণ করেছে। আমাদের উচিত বুঝেশুনে কথা বলা। ’
যুবরাজের সামর্থ্যে এখনো অগাধ আস্থা কলকাতা নাইট রাইডার্স অধিনায়কের, ‘সীমিত ওভারের ক্রিকেটে সেই আমাদের সবচেয়ে সেরা ম্যাচজয়ী তারকা। তাঁকে দলে টানার জন্য নিলামে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) পাগল হয়ে গিয়েছিল। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরে যায়। আমি বলতে চাই আজ যদি কোনো নিলাম হতো, আমি আগের মতোই তাঁকে দলে পেতে সর্বাত্মক চেষ্টা করতাম।’ ওয়েবসাইট।