যুবরাজের পাশে টেন্ডুলকার

অধিনায়কের সমর্থন পেয়েছেন। পাশে দাঁড়িয়েছেন বন্ধু হরভজন সিংসহ ক্রিকেট আঙিনা ও বলিউডের অনেকেই। এবার পেলেন ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় মহীরূহের ছায়ার আশ্রয়। দুঃসময়ের যুবরাজ সিংয়ের ওপর স্বস্তির ছাতা মেলে ধরেছেন শচীন টেন্ডুলকার।
ম্যাচ জেতানোর অসাধারণ ক্ষমতার জন্য বরাবরই নিজেকে যুবরাজের গুণমুগ্ধ বলে থাকেন টেন্ডুলকার। ক্যানসার চিকিৎসার সময় যুবরাজকে দেখতে ছুটে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রেও। সেই ম্যাচ জেতানো মানুষটার উল্টো চেহারা দেখা গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে। বহু জয়ের নায়কই এবার খলনায়ক!
চারদিক থেকে ছুটে আসছে সমালোচনার তির। এমন দুঃসময়েই টেন্ডুলকার এগিয়ে দিলেন শক্ত বর্ম, ‘যুবি যখন আমাদের ২০০৭ বিশ্বকাপ জেতাল, অসাধারণ অবদান রাখল ২০১১ বিশ্বকাপ জয়ে, ওর বীরত্বে তখন আমরা সবাই গর্বিত হলাম। সেদিন স্রেফ একটা বাজে দিন গেল, তাতেই আমরা সব ভুলে গেলাম! হ্যাঁ, সমালোচনা হতেই পারে কিন্তু তাই বলে এভাবে শূলে চড়ানো উচিত নয়। বাতিলের খাতায় ফেলে দেওয়া উচিত তো নয়ই।’
টেস্ট ও ওয়ানডে দলে জায়গা আগেই হারিয়েছেন যুবরাজ। ফাইনালের পারফরম্যান্সের পর তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারেরই শেষ দেখে ফেলেছেন অনেকে। তবে সেটির সঙ্গে একমত নন টেন্ডুলকার। সবাইকে মনে করিয়ে দিয়েছেন ক্যানসারজয়ীর হার না মানা মানসিকতার কথা, ‘আমি বরাবরই যুবরাজের অদম্য মানসিকতার গুণমুগ্ধ। মানসিক শক্তির বলেই মাঠের ভেতরে ও বাইরে অসংখ্য চ্যালেঞ্জে জিতেছে সে। যুবির দৃঢ়প্রতিজ্ঞা ও প্রতিকূলতার সঙ্গে লড়াই করার স্পৃহার কথা জানি বলেই আমি নিশ্চিত, সে আরও উজ্জ্বল হয়ে ফিরবে। ভুল প্রমাণ করবে সমালোচকদের।’
যুবরাজের জন্য অনুপ্রেরণার বার্তাও দিলেন টেন্ডুলকার, ‘যুবি, বছরের পর বছর ধরে আমাদের যত মধুর স্মৃতি তুমি উপহার দিয়েছ, একটি বাজে দিন সেটাকে একটুও খাটো করতে পারবে না। হয়তো আজ তুমি খানিকটা বিবর্ণ, তবে শেষ এখনো অনেক অনেক দূর।’
নিজের খেলোয়াড়ি জীবনেও এমন চড়াই-উতরাই কম পেরোননি টেন্ডুলকার। ভারতের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব হওয়ার পরও কম শুনতে হয়নি সমালোচনা। ভক্ত-সমর্থক ও সমালোচকদের জন্যও তাই একটা বার্তা দিয়েছেন টেন্ডুলকার, ‘খেলাটার ধরন এমন অনিশ্চয়তায় ভরা বলেই তো ক্রিকেট এত রোমাঞ্চকর ও উত্তেজনাপূর্ণ খেলা। ক্রিকেটার হিসেবে সাফল্যের সময় প্রশংসাগুলো আমরা সব সময়ই উপভোগ করি। তবে এমন কঠিন সময়ে, দুঃসময়ের ভক্ত-সমর্থকেরা যখন পাশে থাকেন, অনুপ্রেরণা জোগান, সেটার মূল্যই আমাদের কাছে সবচেয়ে বেশি।’ ওয়েবসাইট।