যুবরাজের পাশে ভারত সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কত ম্যাচে জয়ের নায়ক হয়ে দেশবাসীকে আনন্দে উদ্বেলিত করেছেন ক্রিকেটার যুবরাজ সিং। গত বছর তো ম্যান অব দ্য সিরিজ হয়ে বিশ্বকাপ জয়ের আনন্দে ভাসালেন দেশের মানুষকে। আজ সেই যুবরাজ যখন ক্যানসারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী, তখন প্রিয় ক্রিকেটারের পাশে দেশের মানুষ দাঁড়াবে না—তা কি হয়?না, অমন কিছু হয়নি। ক্যানসারের সঙ্গে প্রাণপাত লড়াইয়ে তিনি একা নন। যুবরাজ পাশে পাচ্ছেন পুরো দেশকে, দেশের সরকারকে। ভারতের ক্রীড়ামন্ত্রী অজয় মানকেন আজ সোমবার জানিয়েছেন, যুবরাজ সিংয়ের চিকিত্সার যাবতীয় ব্যয়ভার বহন করবে ভারত সরকার।এক টুইটার বার্তায় মানকেন যুবরাজ সিংয়ের দ্রুত আরোগ্য কামনা করে বলেছেন, ‘যুবরাজ দ্রুত সুস্থ হয়ে খেলায় ফিরে আসুক, এটাই চাই।’ তিনি আরও লিখেছেন, ‘আমি সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছি, কীভাবে যুবরাজের এই বিপদের দিনে ভারত সরকার তাঁর পাশে দাঁড়াতে পারে, সেটা খুঁজে বের করতে।’ যুবরাজের চিকিত্সার যাবতীয় ব্যয়ভারও বহন করার কথা তিনি বলেন।গত অক্টোবরে যুবরাজ সিংয়ের ফুসফুস ও হূিপণ্ডের ঠিক মাঝখানে একটি টিউমার ধরা পড়ে। ভারতীয় একটি হাসপাতালের চিকিত্সকেরা অবশ্য সেই টিউমারটিকে ‘নন-ম্যালিগন্যান্ট’ হিসেবে অভিহিত করেছিল। পরে একজন রাশিয়ান চিকিত্সক সবকিছু পরীক্ষা করে জানান, যুবরাজের টিউমারটি ম্যালিগন্যান্ট, অর্থাত্ ক্যানসার। এরপর থেকেই যুবরাজ সিং যুক্তরাষ্ট্রে চিকিত্সাধীন রয়েছেন। গতকাল ভারতীয় গণমাধ্যমে প্রথম যুবরাজের ক্যানসারের খবরটি চাউর হয়। আজ অবশ্য জানা গেছে তাঁর ক্যানসার এখনো প্রাথমিক স্তরে রয়েছে এবং এটির সম্পূর্ণ আরোগ্য সম্ভব। টাইমস অব ইন্ডিয়া।