যুবরাজের প্রেরণা আর্মস্ট্রং
ক্যানসার ধরা পড়েছিল তৃতীয় পর্যায়ে গিয়ে। তত দিনে এই মরণব্যাধি ছড়িয়ে পড়েছে ফুসফুস, উদর আর মস্তিষ্কেও। মুমূর্ষু রোগীদেরও চিকিৎসকেরা আশার কথা শোনান। কিন্তু ল্যান্স আর্মস্ট্রংকে জানিয়ে দেওয়া হয়েছিল, তাঁর বেঁচে ফেরার সম্ভাবনা মাত্র ৪০ শতাংশ!হাল ছাড়েননি। হার মানেননি। লড়াই করেছেন। এবং সেই লড়াইয়ে জিতেছেন সগৌরবে। এরপর আর্মস্ট্রং ফিরে এসেছিলেন। শুধু তা-ই নয়, এই জয় সাইক্লিস্ট আর্মস্ট্রংকেও ভীষণভাবে অনুপ্রাণিত করেছিল। মৃত্যুদুয়ার থেকে ফিরে এসে রেকর্ড টানা সাতবার জিতেছেন সাইক্লিংয়ের সবচেয়ে মর্যাদার আসর ট্যুর ডি ফ্রান্স। এরই এক ফাঁকে লিখেছেন আত্মজীবনী ইটস নট অ্যাবাউট দ্য বাইক: মাই জার্নি ব্যাক টু লাইফ।আর্মস্ট্রংয়ের সেই বইটা এখন যুবরাজ সিংয়ের নিত্যসঙ্গী। এই বই থেকেই ভারতের বিশ্বকাপ জয়ের নায়ক খুঁজে নিচ্ছেন ক্যানসারের সঙ্গে লড়াই করার প্রেরণা। শুধু তা-ই নয়, যুবরাজ উন্মুখ হয়ে আছেন সাইক্লিং কিংবদন্তির সঙ্গে দেখা করতেও। প্রথমে যেটিকে নিরীহ টিউমার ভাবা হয়েছিল, সেটি আসলেই ক্যানসার—এই খবর ছড়িয়ে পড়ার পর এই প্রথম যুবরাজের বক্তব্য পাওয়া গেল। তাঁর সুস্থতা কামনায় যে অসংখ্য মানুষ প্রার্থনা করছে, এই খবরে ভীষণ আবেগাক্রান্ত যুবরাজ পরশু প্রথম টুইট করেন। টানা ১৫টির মতো খুদে বার্তায় কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি নিজের শারীরিক অবস্থার কথাও জানিয়েছেন এই ৩০ বছর বয়সী।‘ল্যান্স আর্মস্ট্রংয়ের সঙ্গে শিগগিরই দেখা করার জন্য, তাঁর কাছ থেকে অনুপ্রেরণা নেওয়ার জন্য আমি উন্মুখ।’ এই হলো যুবরাজের একটি টুইট। এই লড়াইয়ে তিনি হার মানবেন না জানিয়ে আরেকটি টুইটে লিখেছেন, ‘দেশে আমার প্রতিটি শুভার্থীকে কৃতজ্ঞতা জানাই। আমি বেশ ভালোভাবেই সেরে উঠছি। হ্যাঁ, এটা কঠিন। কিন্তু কঠিন সময় বেশিক্ষণ টেকে না, টিকে যায় কঠিন মানসিকতার একজন মানুষই।’ পুরো জাতির প্রার্থনা বৃথা যাবে না, এই বিশ্বাস তাঁর আছে, ‘আমি লড়াই করে আগের চেয়ে আরও শক্তিশালী একজন হয়েই ফিরে আসব। কারণ, আমার সঙ্গে আছে পুরো দেশের প্রার্থনা।’যুবরাজ সিংয়ের সৌভাগ্য, ক্যানসার ধরা পড়েছে প্রথম পর্যায়েই। অবশ্য প্রথমে টিউমার শনাক্ত হওয়ার পরই তাঁদের যুক্তরাষ্ট্রে আসা উচিত ছিল—বাবা যোগরাজের এমন মন্তব্যের পর কেউ কেউ চিকিৎসায় অবহেলার প্রসঙ্গ তুলেছেন। অনেকেই কঠোর সমালোচনা করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড ও যুবরাজের ব্যক্তিগত চিকিৎসকের। এই দুই ধারণাও ভুল বলে টুইটে জানিয়ে দিয়েছেন যুবরাজ। রয়টার্স।