যুবরাজের প্রেরণার ‘বিশেষজন’ টেন্ডুলকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে জয়ের পরপরই সংবাদ সম্মেলনে যুবরাজ সিং সবাইকে উসকে দিয়েছিলেন। বলেছিলেন, গত দুই বছর তিনি ‘বিশেষ’ একজনের উত্সাহে খেলে যাচ্ছেন। তাঁর বাজে ফর্মের সময়গুলোতে যিনি পাশে থেকে সাহস জুগিয়ে গেছেন তাঁকে।যুবরাজ সিংয়ের সেই ‘বিশেষ’ ব্যক্তির কথা জানার জন্য উত্সাহের বুদ্বুদ উঠেছিল তুঙ্গে। অনেকেই অনুমান করার চেষ্টা করছিলেন, কে হতে পারেন তাঁর সেই বিশেষ ব্যক্তি। যুবরাজ সবাইকে নিরাশ করে বলেছিলেন, কেবল বিশ্বকাপ জিতলেই তিনি তাঁর না প্রকাশ করবেন।গতকাল ভারতের বিশ্বকাপ জয়ের অধীর প্রতীক্ষার পাশাপাশি সংবাদমাধ্যমের আগ্রহের কমতি ছিল না যুবরাজের সেই ‘বিশেষ’ ব্যক্তির নাম জানার জন্য। বিশ্বকাপ জয় করেই তিনি প্রকাশ করেছেন তাঁর সেই বিশেষ মানুষটির নাম। যিনি গত দুই বছর বাজে ফর্মের কারণে সমালোচিত যুবরাজ সিংয়ের পাশে দাঁড়িয়ে তাঁকে অভিভাবকের মমতায় উত্সাহ জুগিয়ে গেছেন।তিনি আর কেউ নন, ভারতের লিটল মাস্টার, সর্বকালের সেরা, গ্রেট শচীন টেন্ডুলকার!ম্যাচ শেষে এই প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আপনারা কি মনে করেছিলেন, সেই “বিশেষ” মানুষটি আমার প্রেমিকা বা এমন কিছু! দুঃখিত, তিনি আর কেউ নন, গ্রেট শচীন টেন্ডুলকার।’এবারের বিশ্বকাপটি ছিল যুবরাজ সিংয়ের জন্য পুনর্জন্মের বিশ্বকাপ। হ্যাঁ, ক্যারিয়ারের পুনর্জন্মই! গত দুই বছর যুবরাজ সিং ছিলেন ভয়াবহ বাজে ফর্মে। ভারতের টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন। ওয়ানডে দলেও অনিয়মিত হয়ে পড়েছিলেন। এবারের বিশ্বকাপ দল থেকে অনেকেই তাঁকে বাদ দিয়ে দেওয়ার দাবি পর্যন্ত তুলেছিল। কিন্তু ভারতীয় নির্বাচকেরা তাঁর অভিজ্ঞতার ওপর আস্থা রেখে তাঁকে বিশ্বকাপ দলে রাখলেন। যুবরাজও তাঁদের আস্থার প্রতিদান দিলেন দারুণ ঢঙে। ব্যাট হাতে ৯০ দশমিক ৫০ গড়ে ৩৬২ রান। চারটি ম্যাচ অব দ্য ম্যাচের পুরস্কার। বাঁ-হাতি স্পিন দিয়ে ২৫ দশমিক ১৩ গড়ে ১৫ উইকেট নিয়ে তিনিই বিশ্বকাপের ম্যাচ অব দ্য টুর্নামেন্ট। এর চেয়ে রাজসিক প্রত্যাবর্তন আর কি হতে পারত যুবরাজ সিংয়ের জন্য!‘গত দুটি বছর আমার সময়টা একেবারেই ভালো যায়নি। নানা রকম ইনজুরি আর ফর্মহীনতা আমাকে নিঃশেষ করে দিচ্ছিল। এই সময় শচীন আমাকে দারুণ সাহস জুগিয়েছে। তাঁর উত্সাহেই রঞ্জি ট্রফিতে ভালো পারফর্ম করে আমি বিশ্বকাপ দলে জায়গা সুনিশ্চিত করেছিলাম।’ কৃতজ্ঞ যুবরাজের ভাষ্য।নিজের ক্যারিয়ারের বন্ধুর যাত্রাপথে তিনি স্মরণ করেছেন অনেককেই। বিশ্বকাপ জয়ের পর কিছুটা আবেগপ্রবণ হয়েই বললেন ক্যারিয়ারের প্রথম দিকের অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর কথা। ‘সৌরভ যখন অধিনায়ক তখন আমি মাত্র খেলা শুরু করেছি। সে আমাকে দারুণ সাহস দিয়েছে। এবারও যখন ফর্মহীনতা আমাকে পেয়ে বসল, তখন সৌরভ আমাকে উত্সাহ দিয়েছে। বিভিন্ন পরামর্শ দিয়ে আমাকে সহায়তা করেছে।’যুবরাজ অধিনায়ক ধোনি সম্পর্কে বলেন, ‘ধোনি দারুণ অধিনায়ক। সে যে জায়গাতে হাত দেয়, সেখানেই সোনা ফলে। আমি গর্বিত, এমন একজনের অধীনে খেলতে পেরে।’ ওয়েবসাইট।