যুবরাজের বাড়িতে ঢিল!
ক্রিকেট সম্পর্কে বলা হয় ‘দ্য গেম ইজ আ গ্রেট লেভেলার।’ এ মুহূর্তে

র চেয়ে বেশি তা আর কে বুঝতে পারছেন!
ক্যারিয়ারজুড়ে ব্যাটকে তলোয়ার বানিয়ে কচুকাটা করেছেন বোলারদের। তাঁর ব্যাটই ১ ওভারে ছয়বার বলকে উড়িয়েছে সীমানার ওপারে। সাত বছর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপেই ফিফটি করতে তাঁর লেগেছে মাত্র ১২ বল, যে রেকর্ডকে ধরা হয় ডন ব্র্যাডম্যানের গড়ের মতোই ধরাছোঁয়ার বাইরে। এক যুগ আগে ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে তাঁর শাণিত ব্যাটেই লর্ডসের ব্যালকনিতে গায়ের জার্সি খুলে ওড়াতে পেরেছিলেন সৌরভ গাঙ্গুলী। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিলেন ৩০ বলে ৭০ রানের বিস্ফোরক ইনিংস। ১৪ বছরের পথচলায় আরও কত কত ম্যাচ জেতানো ইনিংস! ২৮ বছর পর ভারতের ওয়ানডে বিশ্বকাপ জয়েরও মূল নায়ক ছিলেন তিনি, টুর্নামেন্ট-সেরা হয়েছিলেন ২০১১ বিশ্বকাপে। অথচ আরেকটি ফাইনালে সেই তিনিই খলনায়ক। কাঠগড়ায় উঠতে হচ্ছে মন্থর ব্যাটিংয়ের জন্য!
ঝড় বইছে সমালোচনার। ভারত বড় ম্যাচ হারলেই যে খবরটি নিয়মিত, সেটিই শোনা গেছে। চণ্ডীগড়ে যুবরাজের বাড়ির সামনে বিক্ষোভ মিছিল হয়েছে। সেখান থেকে ঢিল ছোড়া হয়েছে তাঁর বাড়িতে। নিরাপত্তার জন্য ডাকতে হয়েছে পুলিশ।
ছেলেকে এভাবে খলনায়ক বানানোয় হতভম্ব হয়ে গেছেন যুগরাজ সিং। শুধু একটি ম্যাচ খারাপ খেলার জন্য ছেলের প্রতি এমন আচরণ মেনে নিতে পারছেন না সাবেক ক্রিকেটার ও পাঞ্জাবি ছবির জনপ্রিয় অভিনেতা, ‘একটি ম্যাচ খারাপ খেললেই কাউকে এভাবে দোষ দেওয়া ঠিক নয়। মানুষের জীবনে যেমন উত্থান-পতন থাকে, খেলাতেও থাকে। এই যুবরাজই তো কতবার জয়ের আনন্দে ভাসিয়েছে দেশকে!’ যুবরাজ পাশে পেয়েছেন শচীন টেন্ডুলকারকেও। কিংবদন্তি ব্যাটসম্যান ফেইসবুকে জানিয়েছেন, একটা বাজে দিনের কারণে ক্রিকেটে তাঁর সব অবদান মুছে যেতে পারে না। যুবরাজের সমর্থনে মুখ খুলেছেন বন্ধু হরভজন সিংও, ‘যুবরাজকে এভাবে দোষ দেওয়া হচ্ছে দেখে আমি বিস্মিত। এ মানুষটি আমাদের দুটি বিশ্বকাপ জিতিয়েছে। ভারতীয় ক্রিকেটের খুব বিরল ম্যাচ উইনারদের একজন সে। ন্যাটওয়েস্ট ফাইনাল থেকে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়ে ২০১১ বিশ্বকাপ, বড় টুর্নামেন্টে তার চেয়ে ভালো করেছে এমন আর একজনকে দেখান তো আমাকে!’ ওয়েবসাইট।
যুবরাজের সঙ্গে অনেকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন মহেন্দ্র সিং ধোনিকেও। কেন যুবরাজকে নামানো হলো তখন? ধোনির ব্যাখ্যাও মিলেছে, ‘উইকেটে গিয়েই শট খেলা সহজ ছিল না। আমাদের দলের বেশির ভাগ ব্যাটসম্যানই উইকেটে গিয়ে একটু সময় নিয়ে পরে বড় শট খেলে। কেবল রায়নাই গিয়েই শট খেলতে পারে। এ জন্যই যুবরাজকে তখন পাঠানো হয়েছিল (একাদশ ওভার চলছিল তখন), রায়নাকে রেখে দেওয়া হয়েছিল। সমর্থকেরা হতাশ হয়েছে অবশ্যই, কিন্তু মনে রাখতে হবে ওই ক্রিকেটারের চেয়ে বেশি হতাশ আর কেউ নন।’