যুবরাজের সেই ‘প্রিয়জন’ শচীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের ফাইনাল-পরবর্তী সংবাদ সম্মেলনে যুবরাজ সিংয়ের প্রতি উপস্থিত সাংবাদিকদের উত্সুক দৃষ্টি—যুবরাজের প্রিয়জনটা কে? যাঁর জন্য তাঁর এত দূর আসা, যাঁর জন্য বিশ্বকাপ খেলা, যাঁর কথা ভেবেই দুই বছর ধরে সংগ্রাম চালিয়ে যাওয়া, যুবরাজ তাঁর প্রতিশ্রুতি রেখেছেন। লুকোচুরি না করে জানিয়ে দিয়েছেন, সেই প্রিয়জন আর কেউ নন, শচীন টেন্ডুলকার!অস্ট্রেলিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে জয়ের পরপরই সাংবাদিকদের সামনে ‘প্রিয়জন’ প্রসঙ্গটা নিজ থেকেই তুলে এনেছিলেন যুবরাজ। কিন্তু প্রিয়জনের নামটা উল্লেখ করেননি সেদিন। কথা দিয়েছিলেন, জানাবেন বিশ্বকাপের পর। বিশ্বকাপ শিরোপা ঘরে তোলার পরই ‘রহস্যটা’ উন্মোচন করলেন যুবরাজ, ‘আপনাদের হতাশ করার জন্য দুঃখিত। এত দূর আসা আমার গার্লফ্রেন্ডের জন্য নয়। এটা শচীন টেন্ডুলকারের জন্য!’এবারের বিশ্বকাপটি ছিল যুবরাজ সিংয়ের জন্য পুনর্জন্মের বিশ্বকাপ। হ্যাঁ, ক্যারিয়ারের পুনর্জন্মই! গত দুই বছর যুবরাজ সিং ছিলেন ভয়াবহ বাজে ফর্মে। ভারতের টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন। ওয়ানডে দলেও অনিয়মিত হয়ে পড়েছিলেন। এবারের বিশ্বকাপ দল থেকে অনেকেই তাঁকে বাদ দিয়ে দেওয়ার দাবি পর্যন্ত তুলেছিল। কিন্তু ভারতীয় নির্বাচকেরা তাঁর অভিজ্ঞতার ওপর আস্থা রেখে তাঁকে বিশ্বকাপ দলে রাখলেন। যুবরাজও তাঁদের আস্থার প্রতিদান দিলেন দারুণ ঢঙে। ব্যাট হাতে ৯০ দশমিক ৫০ গড়ে ৩৬২ রান। চারটি ম্যাচ অব দ্য ম্যাচের পুরস্কার। বাঁ-হাতি স্পিন দিয়ে ২৫ দশমিক ১৩ গড়ে ১৫ উইকেট নিয়ে তিনিই বিশ্বকাপের ম্যাচ অব দ্য টুর্নামেন্ট। এর চেয়ে রাজসিক প্রত্যাবর্তন আর কি হতে পারত যুবরাজ সিংয়ের জন্য!‘গত দুটি বছর আমার সময়টা একেবারেই ভালো যায়নি। নানা রকম ইনজুরি আর ফর্মহীনতা আমাকে নিঃশেষ করে দিচ্ছিল। এই সময় শচীন আমাকে দারুণ সাহস জুগিয়েছে। তাঁর উত্সাহেই রঞ্জি ট্রফিতে ভালো পারফর্ম করে আমি বিশ্বকাপ দলে জায়গা সুনিশ্চিত করেছিলাম।’ কৃতজ্ঞ যুবরাজের ভাষ্য।নিজের ক্যারিয়ারের বন্ধুর যাত্রাপথে তিনি স্মরণ করেছেন অনেককেই। বিশ্বকাপ জয়ের পর কিছুটা আবেগপ্রবণ হয়েই বললেন ক্যারিয়ারের প্রথম দিকের অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর কথা। ‘সৌরভ যখন অধিনায়ক তখন আমি মাত্র খেলা শুরু করেছি। সে আমাকে দারুণ সাহস দিয়েছে। এবারও যখন ফর্মহীনতা আমাকে পেয়ে বসল, তখন সৌরভ আমাকে উত্সাহ দিয়েছে। বিভিন্ন পরামর্শ দিয়ে আমাকে সহায়তা করেছে।’যুবরাজ অধিনায়ক ধোনি সম্পর্কে বলেন, ‘ধোনি দারুণ অধিনায়ক। সে যে জায়গাতে হাত দেয়, সেখানেই সোনা ফলে। আমি গর্বিত, এমন একজনের অধীনে খেলতে পেরে।’ ওয়েবসাইট।