যুবরাজের ‘মিশন টেস্ট ক্রিকেট’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিশন ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ’ মোটামুটি সফল। আবেগময় ফেরাটা শুধু আবেগের জালে বন্দী থাকেনি। যুবরাজ সিং পারফর্মও করেছেন। ব্যাট হাতে খুব বড় ইনিংস হয়তো খেলতে পারেননি। কিন্তু বিশাল বিশাল কিছু ছক্কায় ঠিকই বুঝিয়ে দিয়েছেন, হারানো সময়ে হারিয়ে যাননি। বল হাতে পারফরম্যান্স ছিল দুর্দান্ত, ৮ উইকেট নিয়ে দলের সফলতম স্পিনার তিনিই। শেষ ম্যাচে তো অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরাই হলেন। শ্রীলঙ্কা থেকে ব্যর্থ হয়ে ফিরেছে ভারত, কিন্তু যুবরাজ ফিরেছেন জয়মাল্য গলায় তুলে।মৃত্যুঞ্জয়ী ক্রিকেটারের সামনে এবার নতুন চ্যালেঞ্জ। নতুন মিশন। নাম দেওয়া যায় ‘মিশন টেস্ট ক্রিকেট’। এবার সাদা পোশাকেও ফিরতে চান যুবরাজ। কাজটা অনেক কঠিন। যত কিছুই বলা হোক, যত যুক্তিই তুলে ধরা হোক, টি-টোয়েন্টি বিশ্বকাপে যুবরাজকে ফেরানোর সিদ্ধান্তে আবেগ কিছুটা কাজ করেছেই। টেস্টে আবেগের ধারেকাছে যাবেন না নির্বাচকেরা নিশ্চিতভাবেই। ফিটনেস আর পারফরম্যান্স চূড়ান্ত দেখিয়ে তবেই ফিরতে হবে এই অলরাউন্ডারকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। তবে এখন আর সম্ভবত প্রশ্ন তোলার সুযোগ নেই। ভারতের জাতীয় ক্রিকেট একাডেমি থেকে টেস্ট ফিটনেসের সার্টিফিকেট পেয়ে গেছেন। এবার পারফরম্যান্স দেখানোর পালা। আহমেদাবাদ টেস্ট দিয়ে ইংল্যান্ড সিরিজ শুরু ১৫ নভেম্বর। দল ঘোষণার আগে নিজেকে প্রমাণের জন্য যুবরাজের সামনে আছে অন্তত তিনটি ম্যাচ। আগামীকাল থেকে দিলীপ ট্রফির ম্যাচে উত্তরাঞ্চলের হয়ে খেলবেন মধ্যাঞ্চলের বিপক্ষে। এরপর আছে রণজি ট্রফির দুটি ম্যাচ। উত্তরাঞ্চল দিলীপ ট্রফির ফাইনালে উঠলে পাবেন আরও একটি ম্যাচ।টেস্টে ফেরার স্বপ্নে বিভোর যুবরাজ তাকিয়ে এই ম্যাচগুলোর দিকে, ‘দিলীপ ট্রফির ম্যাচগুলো হবে দারুণ গুরুত্বপূর্ণ। ইংল্যান্ড সিরিজের আগে প্রস্তুতির সুযোগ তো এখানেই। এই ম্যাচগুলোর জন্য আমি মুখিয়ে আছি। জানি ভালো করলে টেস্ট দলে ফিরতে পারব। লম্বা বিরতির পর বড় দৈর্ঘ্যের ম্যাচ খেলা সহজ হবে না। তবে আমি নিশ্চিত, আমি টিকতে পারব।’একটা দিক থেকে যুবরাজের ভাগ্য ভালো, টেস্ট দলে জায়গা ফাঁকা আছে। বিরাট কোহলির জায়গা এখন টেস্টেও পাকা। তবে রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষ্মণের অবসরে দুটি জায়গা আছে লুফে নেওয়ার মতো। সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজে দ্রাবিড়ের তিনে খেলেছেন চেতেশ্বর পূজারা, লক্ষ্মণের জায়গায় সুরেশ রায়না। কেউই জায়গা একদম নিজের করে নিতে পারেননি। নিউজিল্যান্ডের বিপক্ষে একটি সেঞ্চুরি করায় পূজারা অবশ্য আবার সুযোগ পাবেন নিশ্চিতভাবেই। যুবরাজ পেতে পারেন রায়নার জায়গাটা। যুবরাজের অসুস্থতায় সুযোগ পেয়েই অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছিলেন রায়না। কিন্তু এরপর আরও ১৬ টেস্ট খেলে কোনো সেঞ্চুরি নেই। টেস্টে শর্টবল আর অফ স্পিনে রায়নার দুর্বলতাও এখন প্রকাশ্য। লড়াইয়ে যুবরাজ এগিয়ে থাকবেন বোলিংয়র কারণেও। বোলিংটা রায়নাও পারেন, তবে যুবরাজের মতো কার্যকরী অবশ্যই নয়। বল হাতে দারুণ ফর্মেও আছেন যুবরাজ। শোনা যাচ্ছে, ইংলিশদের জন্য স্পিন-ফাঁদ তৈরির নির্দেশ দিয়েছেন ধোনি। অশ্বিন-ওঝার পাশাপাশি একজন স্পেশালিস্ট ব্যাটসম্যানের স্পিনটা কাজে লাগানোর সুযোগ নিশ্চয়ই হাতছাড়া করবেন না ভারত অধিনায়ক। এটা জানেন যুবরাজ নিজেও, ‘বোলিংয়ের দিকেও আমি মনযোগ দিচ্ছি। শুধু ব্যাটসম্যান হিসেবে নয়, আমি ভারতীয় দলে ফিরতে চাই অলরাউন্ডার হিসেবে।’ ওয়েবসাইট।