যুবাদের ক্যারিবিয়ান জয়

দুজনেই ম্পিনার। একজন বাঁহাতি, অন্যজন ডানহাতি। নিহাদুজ্জামান ও মেহেদি হাসানের এই বাম-ডান ঘূর্ণিতেই গায়ানার জর্জ টাউনে সিরিজের শেষ ও সপ্তম এক দিনের ম্যাচে কুপোকাত ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের করা ১৬৮ রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের যুবাদের তাই থামতে হয় মাত্র ১০১ রানে। ৬৭ রানের জয় দিয়ে ৪-৩ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ সফররত বাংলাদেশের ছেলেরা।
প্রথম ম্যাচটা জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। তারপর বাংলাদেশের টানা তিন জয়। ঘুরে দাঁড়ানো ওয়েস্ট ইন্ডিজ আবার পরপর দুটি ম্যাচ জেতায় পরশু শেষ ম্যাচটা আক্ষরিক অর্থেই রূপ নেয় ফাইনালে। সাদমান হোসেন আর জয়রাজ শেখের ৪৩ রানের উদ্বোধনী জুটিতে ভালো সূচনাও করেছিল বাংলাদেশ। ব্যক্তিগত ২৬ রানে জয়রাজ ফিরে গেলেও জসিমউদ্দিনকে নিয়ে আবারও ৫৬ রানের জুটি গড়েন সাদমান। ৩৩ রানে জসিমউদ্দিন বোল্ড হন রামাল লুইসের বলে। মাত্র ২ রানের জন্য সিরিজে নিজের দ্বিতীয় অর্ধশতক না পাওয়া সাদমান পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ড্রেসিং রুমে ফেরেন জেরোমি জোন্সের বলে এলবিডব্লিউ হয়ে। এরপর ক্যারিবীয় এই পেসারের তোপের মুখে বেসামাল হয়ে যায় বাংলাদেশের লোয়ার অর্ডার। ৬ ওভারে মাত্র ২৩ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন জোন্স। এর মধ্যে ৪৪তম ওভারের শেষ তিন বলে ইয়াসির আলী, নিহাদুজ্জামান ও জুবায়ের হোসেনকে আউট করে পূরণ করেছেন হ্যাটট্রিকও।
তবে ওয়েস্ট ইন্ডিজের গতির জবাব বাংলাদেশ দিয়েছে ঘূর্ণি বলে। ১১ রানে ত্যাগনারায়ণ চন্দরপলের উইকেট দিয়ে শুরু করেন মেহেদি। আলজেরি জোসেফের উইকেটটি নিয়ে শেষ করেছেন নিহাদুজ্জামান। ৭ ওভার ৫ বলে মাত্র ১২ রান দিয়ে ৫ উইকেট শিকার তাঁর। ২৫ রানে ৪ উইকেট নিয়েছেন মেহেদী, সঙ্গে ব্যাট হাতে ২৮ রান তাঁকে এনে দিয়েছে ম্যাচ সেরার পুরস্কার। পুরো সিরিজের অলরাউন্ড পারফরম্যান্স (৭ ম্যাচে ১২৭ রান, ১৩ উইকেট) সিরিজ সেরার পুরস্কারও দিয়েছে যুব দলটির অধিনায়ককে।
ওয়ানডে সিরিজে বাংলাদেশের আধিপত্য শুধু এটুকুতেই সীমাবদ্ধ নয়। সিরিজের সেরা পাঁচ ব্যাটসম্যানের প্রথম তিনজনই বাংলাদেশের, সেরা পাঁচ বোলারের প্রথম চারজনও! ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৪৪ ওভারে ১৬৮ (সাদমান ৪৮, জয়রাজ ২৬, জসিমউদ্দিন ৩৩, মোসাদ্দেক ০, নাজমুল ০, মেহেদি ২৮, ইয়াসির ২০, রাহাতুল ৭, আবু হায়দার ০*, নিহাদুজ্জামান ০, জুবায়ের ০; জোন্স ৫/২৩, জোসেফ ২/৪৮, মটি-কানহাই ০/২৫, লুইস ১/৩৩, অ্যালেন ২/২৭, গ্যাব্রিয়েল ০/১১)।
ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯: ৩৩.৫ ওভারে ১০১ (হেটমায়ার ৬, চন্দরপল ৫, সলোজানো ৩৫*, কোলম্যান ৮, পুরান ১০, লুইস ১৯, মটি-কানহাই ৪; আবু হায়দার ০/১৫, মেহেদি ৪/২৫, নিহাদুজ্জামান ৫/১২, মোসাদ্দেক ০/১১, জুবায়ের ০/১৯, রাহাতুল ১/১৫)।
ফল: বাংলাদেশ ৬৭ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: মেহেদি হাসান
ম্যান অব দ্য সিরিজ: মেহেদি হাসান
সিরিজের সেরা ৫
ব্যাটসম্যান
ইনিংস রান গড় সর্বোচ্চ ১০০/৫০
সাদমান ইসলাম ৭ ২৫৯ ৩৭ ৯৫ ০/১
জসিমউদ্দিন ৭ ২০৮ ২৯.৭১ ৬৮ ০/২
মোসাদ্দেক হোসেন ৭ ১৫৫ ২২.১৪ ৭০ ০/১
শিমরন হেটমায়ার ৬ ১৪৬ ২৪.৩৩ ৬৫ ০/১
জেরেমি সলোজানো ৫ ১৪৪ ৩৬ ৪৪ ০/০
বোলার
ওভার উইকেট গড় সেরা রান/ওভার
জুবায়ের হোসেন ৩৯ ১৪ ১৩.৫৭ ৪/২০ ৪.৮৭
মেহেদি হাসান ৫৯ ১৩ ১৩.০৭ ৫/১৭ ২.৮৮
রাহাতুল ফেরদৌস ৪২.৩ ১১ ১৮.৫৪ ৫/৫৫ ৪.৮
নিহাদুজ্জামান ৩৫.৫ ৯ ১৪.৩৩ ৫/১২ ৩.৬
রামাল লুইস ৫৫ ৯ ২০.৬৬ ৩/৩৫ ৩.৩৮