একই ফ্রেমে পাঁচ গ্র্যান্ডমাস্টারকে রাখতে হবে—এ জন্য ফটোসাংবাদিকদের চেষ্টার কমতি ছিল না। মাঝখানে বসলেন উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ। দুদিকে জিয়াউর রহমান, রিফাত বিন সাত্তার, আবদুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন রাজীব। দাবার নতুন কমিটির চেষ্টায় সবাই আবার একই ছাতার নিচে। শক্তিশালী এই দলটাই তুরস্ক যাত্রা করছে আগামীকাল। ইস্তাম্বুলে ২৭ আগস্ট-৯ সেপ্টেম্বর বসছে ৪০তম দাবা অলিম্পিয়াড। পুরুষদের দলটিকে বলা হচ্ছে সর্বকালের সবচেয়ে শক্তিশালী দল। মহিলা দলটি তত শক্তিশালী নয়। আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ থাকলেও আরেক মহিলা মাস্টার শারমিন আক্তার (লিজা) পরীক্ষার কারণে যেতে পারছেন না তুরস্কে।দাবার এই মহাযজ্ঞে খেলতে যাওয়ার আগে পাঁচজন গ্র্যান্ডমাস্টার একসঙ্গে অনুশীলন করতে পারেননি এক দিনও। কোনো ক্যাম্পও করেনি ফেডারেশন। তবে মহিলা দলকে প্রশিক্ষণ দিয়েছেন রাজীব।সেই ১৯৮৪ সাল থেকে দাবা অলিম্পিয়াডে অংশ নেওয়া বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় জিয়াউর রহমান। সর্বোচ্চ ১১ বার খেলেছেন। এবারের দল নিয়ে তিনি খুব আশাবাদী। যদিও লক্ষ্যের কথাটা বলতে পারলেন না। নিয়াজ মোরশেদ বললেন, ‘এই প্রথম পাঁচ গ্র্যান্ডমাস্টার একসঙ্গে যাচ্ছি বলে প্রত্যাশার চাপ একটু বেশি থাকবে। তবে আমরা নিজেদের সেরাটা খেলারই চেষ্টা করব।’ পঞ্চমবারের মতো অলিম্পিয়াডে অংশ নিচ্ছেন নিয়াজ। বাকি তিনজনের এটি অষ্টম আসর। আগের কমিটির সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে অনেক দিন কোনো টুর্নামেন্টেই খেলেননি রাকিব ও রাজীব। রাকিব সর্বশেষ টুর্নামেন্ট খেলেছেন ২০০৯ সালে, ঢাকায়। রাজীব গত বছর খেলেছেন ভারতে। এত দিন খেলার মধ্যে নেই, ম্যাচে এর একটা প্রভাব পড়তেই পারে। রাকিব মানলেনও সেটা, ‘কিছুটা সমস্যা তো হবেই। ভালো হতো, অলিম্পিয়াডের আগে যদি কোনো টুর্নামেন্ট খেলতে পারতাম।’ লাটভিয়ান কোচ ইগর রাউসিসের অধীনে বাংলাদেশ অলিম্পিয়াডে সর্বোচ্চ সাফল্য পায় ২০০২ সালে স্লোভেনিয়ায়। সেবার ১৪০টি দেশের মধ্যে পুরুষ দল হয়েছিল ৩৪তম। কিন্তু এবার কোচ ছাড়াই যেতে হচ্ছে।এত কিছুর মাঝে একটা অসংগতির কথাও বললেন খেলোয়াড়েরা। রাকিবের অভিযোগ, ‘আমাদের সঙ্গে একজন গ্র্যান্ডমাস্টারের স্ত্রী-সন্তান যাচ্ছে। এটা টিম ইভেন্টের জন্য ক্ষতিকর। এতে দলের ঐক্য নষ্ট হয়।’ পরিবার নিয়ে যাচ্ছেন যিনি, সেই জিয়াউর রহমান অবশ্য বিষয়টি মানতে নারাজ, ‘পরিবার সঙ্গে থাকলে আমার খেলা আরও ভালো হয়।’ ফেডারেশনের সাধারণ সম্পাদক গাজী সাইফুল তারেক এসব নিয়ে মোটেও ভাবছেন না। সংবাদ সম্মেলনে তিনি বললেন, ‘যেকোনো মূল্যে আমরা সেরা দলটা চেয়েছি। এ জন্যই বিষয়টা মেনে নিয়েছি। তবে জিয়ার পরিবারের খরচ ফেডারেশন দিচ্ছে না।’