যে আত্মঘাতী গোলে সবার বিস্ময়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ রকম একটা গোল হজম করার পর মাথায় হাত দেওয়া ছাড়া আর কী ই বা করার ছিল গোলরক্ষকের?
এ রকম একটা গোল হজম করার পর মাথায় হাত দেওয়া ছাড়া আর কী ই বা করার ছিল গোলরক্ষকের?

মাঝমাঠ থেকে জোরালো শট। গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জড়িয়ে গেল জালে। অসাধারণ একটা গোল হিসেবেই স্বীকৃতি পাওয়ার কথা। পাওয়ার কথা বাহবা। মাঝমাঠ থেকে এক শটে গোল তো আর হররোজ হয় না। কিন্তু অবাক ব্যাপার! গোল উদযাপন করতে দেখা গেল না পুরো দৃশ্যপটের ‘নায়ক’কে। পরে বোঝা গেল গোলদাতা নায়ক নন, খলনায়ক। কারণ জোরালো সেই শটটা যে তিনি নিয়েছিলেন নিজেদের জাল লক্ষ্য করেই!

সম্প্রতি অদ্ভুত এই কাণ্ডটা ঘটেছে জার্মানির একটি অঞ্চলভিত্তিক লিগে। মাঝমাঠ থেকে শট মেরে বল জালে জড়ানোর মতো দুরূহ কাজটি করে হতাশায় পুড়তে হয়েছে ১৮৬০ মিউনিখের মিডফিল্ডার স্টিফান সিউফার্টকে। মাঝমাঠে বল ক্লিয়ার করার জন্যই শটটা নিয়েছিলেন এই জার্মান ফুটবলার। গোলরক্ষকও গোলপোস্ট ছেড়ে কিছুটা এগিয়ে আসায় কোনোভাবেই রুখতে পারেননি এই ট্র্যাজিক আত্মঘাতী গোলটি।

স্টিফান সিউফার্টের জোরালো শট নেওয়ার দক্ষতা সম্পর্কে দলের সবারই বেশ ভালো ধারণা ছিল। কোচ বা সতীর্থদের কেউই কখনো এ ব্যাপারে দ্বিমত করেননি। কিন্তু সেই দক্ষতাটাই যে তাঁদের কাল হয়ে দাঁড়াবে, সেটা হয়তো কারও মাথাতেই ছিল না। আর কোনো রকম কষ্ট না করেই অনায়াস এই গোলটা পেয়ে যাওয়ায় প্রতিপক্ষের খেলোয়াড়রাও উদযাপনটা করেছেন খুবই সাদামাটাভাবে। শেষ পর্যন্ত সিউফার্টের দল ম্যাচটিতে হেরেছে ৩-০ গোলে।