চার বছর আগে লন্ডন অলিম্পিকে অংশ নিয়েছিলেন আইওসির পতাকা নিয়ে। স্বপ্ন ছিল কোনো একদিন নিজ দেশের পতাকা নিয়েই অলিম্পিকে যাবেন। ম্যারাথন দৌড়বিদ গুওর মারিয়ালের সেই স্বপ্নটা বাস্তবে রূপ নিচ্ছে। তাঁর দেশ দক্ষিণ সুদান যে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্যপদ পেয়ে গেছে!
গত রোববার মালয়েশিয়ার কুয়ালালামপুরের সভায় উত্তর-পূর্ব আফ্রিকার দেশটিকে ২০৬তম সদস্য হিসেবে গ্রহণ করে নিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। এর ফলে দেশটির আগামী বছর রিও অলিম্পিকে অংশ নিতেও আর কোনো বাধা নেই।
প্রায় ১৯ মাস হলো দক্ষিণ সুদানে গৃহযুদ্ধ লেগে আছে। জীবন হাতে নিয়ে যেখানে নিয়ত চলতে হয়, খেলার চিন্তা সেখানে বাতুলতাই। খেলাধুলার স্থাপনার কোনোটিই আর অবশিষ্ট নেই, নেই প্রশিক্ষণের সুবিধাও। প্রশিক্ষণের জন্য খেলোয়াড়দের পাড়ি দিতে হয় পাশের দেশ কেনিয়ায়। সব প্রতিবন্ধকতা পেরিয়েই অলিম্পিক খেলার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে দক্ষিণ সুদানের অ্যাথলেটদের।
মারিয়ালের কণ্ঠেও যেন সেই গর্বেরই অনুরণন, ‘স্বপ্ন সত্যি হলো। দক্ষিণ সুদানের পতাকা নিয়ে রিওতে যাওয়ার চেয়ে ভালো কিছু হতে পারে না।’
আনন্দে কেঁদেই ফেললেন দেশটির অলিম্পিক কমিটির সচিব টং দেরান। তাঁর চিন্তায় ভাসছিল যুদ্ধবিধ্বস্ত দেশটির ১৬ বছর বয়সী দৌড়বিদ মারগ্রাত রুমাত হাসানের মতো অ্যাথলেটদের সংগ্রামের ছবিটা, যুদ্ধের সময়ে যারা প্রায়ই সকালের নাশতাটাও ঠিকমতো পেত না। তাও ছুটেছে প্রশিক্ষণের জন্য।
দক্ষিণ সুদানের প্রথম অলিম্পিক কমিটির সভাপতি ডেং কুইরোত যেন স্বপ্ন আঁকছিলেন আরও বড় ক্যানভাসেই। তাঁর প্রতিজ্ঞা খেলাধুলার মাধ্যমেই দেশটির শিশুদের একটি সুন্দর শৈশব উপহার দেওয়ার, ‘বেশির ভাগ শিশুই হয়তো অস্ত্র হাতে বিভিন্ন দলে যোগ দিয়েছে। অস্ত্রের বদলে ওদের হাতে খেলার সামগ্রী তুলে দিতে চাই।’
কুইরোত তাঁর স্বপ্ন বাস্তবায়নে পাশে পাবেন আইওসিকেও। সংস্থাটির সভাপতি টমাস বাখও সেই প্রতিশ্রুতিটাই দিচ্ছেন, ‘আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। পাশেই থাকব।’ এএফপি।