যে আনন্দের ভাষা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পেনকে নীলচে কালো অ্যাওয়ে জার্সি পরে পরশু মাঠে নামতে দেখে অনেক সমর্থকের মন খারাপ হয়ে গিয়েছিল। ড্র অনুযায়ী বিশ্বকাপ ফাইনালে হোম দল হিসেবে খেলেছে হল্যান্ড। রোবেনরা কমলা জার্সি পরে খেললেও লাল রংটা কাছাকাছি হয়ে যায়। স্পেনকে খেলতে হয়েছে অ্যাওয়ে জার্সি পরে।তবে ম্যাচ শেষে নিজেদের লাল জার্সিটা গায়ে চাপিয়ে নিল চ্যাম্পিয়ন স্পেন। সেই জার্সিতে বুকের বাঁ দিকে ফেডারেশনের লোগো। তার ওপরই সোনালি একটা তারা। এক তারা মানে একবারের চ্যাম্পিয়ন।শিরোপা এসেছে বহু অপেক্ষার পর। বহু অর্ঘ্য-অর্চনা আরাধনা শেষে। কিন্তু শিরোপা জয়ের পর সেস ফ্যাব্রিগাস যা বললেন তাতে ভয়ই পাওয়ার কথা বাকি দলগুলোর। স্পেনের আর্সেনাল তারকা ঘোষণার সুরেই বললেন, এই শিরোপা সহজেই হাতছাড়া হতে দেবে না স্পেন, ‘আমাদের দুর্দান্ত সব খেলোয়াড় উঠে আসছে। স্প্যানিশ ফুটবল ক্রমেই আরও উচ্চতায় উঠছে।’ মুখে না বললেও বোঝা যায়, ২০১৪ বিশ্বকাপে শিরোপা ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী ফ্যাব্রিগাস।কোচ ভিসেন্তে দেল বস্ক বলছেন, সুন্দর ফুটবলের জয়গান ভবিষ্যতেও গেয়ে যাবে স্পেন, ‘এটা সুন্দর ফুটবলের জন্য একটা পুরস্কার। এই জয় স্পেনের প্রাপ্য ছিল। এটা শুধু খেলাধুলার সীমারেখায় আটকে নেই। স্পেনের সব মানুষকে এই জয় এনে দিতে পেরে আমরা গর্বিত, উচ্ছ্বসিত। আমাদের প্রচেষ্টা এখানেই থেমে যাবে না। ২০০৮ ইউরো জেতার ফসল বলতে পারেন এই শিরোপা। আমরা এখান থেকে এগিয়ে যেতে চাই।’টানা দুটি বিশ্বকাপ জেতার যে চ্যালেঞ্জ স্পেন মাথা পেতে নিল, সেটি কঠিন বৈকি। ইতিহাসে এ পর্যন্ত দুটি দলই টানা দুবার শিরোপা জিতেছে, ১৯৩৪ ও ৩৮ বিশ্বকাপে ইতালি আর ১৯৫৮ ও ৬২ বিশ্বকাপে ব্রাজিল। গত ৫০ বছরে আর কোনো দল আর তা পারেনি, বরং ২০০২ বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স আর এবার ইতালি হোঁচট খেয়ে বিদায় নিয়েছে প্রথম রাউন্ডে।কিন্তু শ্রম আর শিল্পে বিশ্বাসী স্পেনের বেলায় এমনটা হবে না বলে বিশ্বাস জাভি হার্নান্দেজের। মাঝমাঠের এই কারিগর নিজে গত বছর ক্লাবের হয়ে জিতেছেন ছয়টি শিরোপা। কিন্তু এই একটি শিরোপার কাছে বাকি সব যেন তুচ্ছ, ‘এই অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। নিজের হাতে ওই ট্রফিটা ধরা অবিশ্বাস্য অভিজ্ঞতা। এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো। আমরা দুটি টুর্নামেন্টই (২০০৮ ইউরো জেতার পর এবার বিশ্ব চ্যাম্পিয়ন) জিতলাম, এটি আমাদের কঠোর পরিশ্রমেরই ফসল।’দলকে জেতানো গোলটি করা ‘বিনয়ী’ আন্দ্রেস ইনিয়েস্তা বলে রেখেছেন, তাঁর অবদান নাকি ‘যৎসামান্য’! তা হলে ফ্যাবিগ্রাসের তো মুখ বন্ধই রাখা উচিত। ইনিয়েস্তার গোলটি বানিয়ে দেওয়া এই মিডফিল্ডার বলছেন, ‘আমার জন্য, স্পেনের প্রতিটি মানুষের জন্য এটি গৌরবময় মুহূর্ত। আমরা সবাই গর্বিত। সত্যি বলছি, আমরা চ্যাম্পিয়ন হতে পারব, এতটা ভাবিনি। কিন্তু আমরা সেটি করতে পেরেছি। এবং এটি বিশেষ কিছু।’ আর্সেনালের অধিনায়ক তিনি। তাঁর দলেই আবার খেলেন হল্যান্ডের রবিন ফন পার্সি। এই ফাঁকে ক্লাব অধিনায়কের দায়িত্ব পালন করে ফন পার্সিকে জানালেন সান্ত্বনা। তবে টুর্নামেন্টে বেশির ভাগ সময় বেঞ্চে বসে থাকতে হয়েছে বলে ফ্যাবিগ্রাসের নিজের কণ্ঠে আক্ষেপও ঝরল।দলটাই এমন। ফার্নান্দো তোরেস যেমন ফাইনালে মাঠে নামার সুযোগ পেলেন ১০৬ মিনিটে। ইনিয়েস্তার গোলের প্রথম ভিত্তিটা তাঁরই। বক্সের বাইরে থেকে তোরেসই বল ঠেলে দিয়েছিলেন ফ্যাব্রিগাসের কাছে। সেখান থেকে ইনিয়েস্তা। পুরো টুর্নামেন্টে গোল পাননি, কিন্তু শেষ মুহূর্তে সেই জাদুকরি ছোঁয়া। লিভারপুল তারকা শেষ ছবিটার দিকে তাকিয়েই তৃপ্ত, ‘যতটা চেয়েছিলাম, তা পাইনি। কিন্তু শেষ পর্যন্ত যা পেলাম, এটা আমার জীবনেরই শ্রেষ্ঠ পাওয়া।’ম্যাচের সেরা তারকা হয়ে গেছেন ইনিয়েস্তা। কিন্তু দুটো দুর্দান্ত সেভ করা ইকার ক্যাসিয়াসও নায়ক। তবে স্পেন অধিনায়ক নিজে কৃতিত্ব নিলেন না। পুরোটাই ভাগ করে দিলেন সতীর্থদের। বিশ্বকাপ শিরোপা ছোঁয়ার পর অধিনায়কের প্রশংসা—আর কী চাই বাকি খেলোয়াড়দের! এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।