যে আলো ছড়িয়ে যাবে সবখানে
আজ অলিম্পিয়া পর্বতে সেই উৎসব। যে উৎসবের মাধ্যমে প্রজ্বলিত হবে অলিম্পিক মশাল। গ্রিসে সংক্ষিপ্ত রিলে শেষে ১৮ মে ব্রিটেনে পৌঁছাবে এই মশাল। সূর্যের আলো থেকে প্রজ্বলিত আগুন এর পর মশাল থেকে মশালে প্রবাহিত হবে। ৭০ দিন ধরে ঘুরে অবশেষে ২৭ জুলাই সেই আগুন এসে পৌঁছাবে লন্ডনে। লন্ডনের মূল অলিম্পিক ভেন্যুতে তৈরি হয়েছে বিশাল এক মশাল। গ্রিস থেকে বয়ে আনা সেই আগুন দিয়েই প্রজ্বলন করা হবে লন্ডনের এ মশালটি। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে ২০১২ অলিম্পিক গেমসের।এই অলিম্পিক শিখার জন্ম থেকে জড়িয়ে আছে অনেক ইতিহাস। তারই কিছু:অগ্নিশিখার ইতিহাস: প্রাচীন গ্রিসে প্রমিথিউসসহ অন্য দেবতাদের উদ্দেশে মশাল নিয়ে দৌড়ের আয়োজন করা হতো। কিংবদন্তি রয়েছে, স্বর্গ থেকে আগুন চুরি করে নিয়ে প্রমিথিউস তা মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন। মানবসম্প্রদায় তা থেকে পেয়েছিল জ্ঞান। * প্রাচীন অলিম্পিকে গ্রিক দেবতাদের রাজা জিউসের স্মরণে একটি আগুন জ্বালিয়ে রাখা হতো। * আধুনিক অলিম্পিকে প্রথম অগ্নিশিখা প্রজ্বলন করা হয় ১৯২৮ আমস্টারডাম অলিম্পিকে। প্রাচীন ও আধুনিক অলিম্পিকের মেলবন্ধনের প্রতীক হিসেবে দেখা হয় এটিকে।অগ্নিশিখা প্রজ্বলন অনুষ্ঠান: অলিম্পিক শুরুর কয়েক মাস আগে প্রাচীন অলিম্পিকের কেন্দ্র অলিম্পিয়ার হেরার মন্দিরে মশাল প্রজ্বলন করা হয়। অভিনেত্রীরা ধর্মযাজিকার বেশে সূর্যের প্রতিফলিত আলো কয়েকটি আয়নায় ফেলে তা থেকেই আগুন ধরান। * সেই আগুন এথেন্সের প্যানাথিনাইকো স্টেডিয়ামে আয়োজক দেশের হাতে সেই মশাল তুলে দেওয়া হয়। দীপাধারে সুরক্ষিত করে হেঁটে, নৌকা, উড়োজাহাজ, বাইসাইকেল, গাড়ি অথবা ট্রেনে চেপে যাত্রা শুরু হয় অলিম্পিক মশালের। * আধুনিক অলিম্পিকে প্রথম মশাল-দৌড়ের আয়োজন করার বুদ্ধিটি এসেছিল নাৎসিদের মাথা থেকে। ১৯৩৬ বার্লিন অলিম্পিকে প্রথম এটি আয়োজন করা হয়। ওই অলিম্পিকের আয়োজক কার্ল ডিয়েমের মস্তিষ্কপ্রসূত এই ধারণা। * এখন মশালের এই ম্যারাথনকে দেখা হয় শান্তির প্রতীক হিসেবে, বার্লিন অলিম্পিকে কিন্তু সেটি হয়ে দাঁড়িয়েছিল অ্যাডলফ হিটলারের শক্তির প্রদর্শনী। মশালটি বানানো হয়েছিল ক্রুপস মেটাল ওয়ার্কের কারখানা থেকে, এখানেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের অস্ত্রশস্ত্র বানিয়েছিলেন হিটলার। * ৩ হাজার তিন শরও বেশি বাহকের হাতে ৩ হাজার ১৯০ কিলোমিটার পথ প্রদক্ষিণ শেষে অলিম্পিয়া থেকে বার্লিনে এসে পৌঁছেছিল এই মশাল। * ২০০৪ এথেন্স অলিম্পিকে অলিম্পিক মশালের ম্যারাথন প্রথম বৈশ্বিক রূপ পায়। সেবার ২৭টি দেশের ৩৪টি শহরে ঘুরেছিল এই মশাল।অলিম্পিয়া থেকে লন্ডন: ২০০৮ অলিম্পিক মশালের প্রদক্ষিণ নিয়ে বেশ শোরগোল ফেলে দিয়েছিল চীন। ওইবার মশালটি প্রদক্ষিণ করেছিল ১ লাখ ৩৭ হাজার কিলোমিটার! যেটি ছিল রেকর্ড। এবারের অলিম্পিক মশালটি প্রদক্ষিণ করবে মাত্র ১২ হাজার ৮০০ কিলোমিটার। ইংল্যান্ডের ল্যান্ডস এন্ড থেকে শুরু হবে মশালের যাত্রা। এর পর শুধু এক দিনের জন্য যুক্তরাজ্যের বাইরে (ডাবলিন) থাকবে মশালটি। ৭০ দিনের যাত্রায় মূলত ব্রিটেনে বিভিন্ন শহরেই ঘুরবে তা। ১ হাজার ১৯টি সম্প্রদায়ের ৮ হাজার মানুষের হাতে হাতে ঘুরে উদ্বোধনী দিনে মশালটি পৌঁছাবে লন্ডনে। অলিম্পিক স্টেডিয়ামের মূল মশালে কে সেই আগুন পৌঁছে দেবেন, বরাবরের মতো এবারও তা নিয়ে চলছে জল্পনা। রয়টার্স, ওয়েবসাইট।