যে-ই জিতুন রেকর্ড হচ্ছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাফায়েল নাদাল, না নোভাক জোকোভিচ? আজ ফ্রেঞ্চ ওপেন যে-ই জিতুন, টেনিস ইতিহাসের একটি পাতা লেখা হবে নতুন করে। লাল দুর্গের রাজা নাদাল জিতলে পুরুষ এককের সব চ্যাম্পিয়নের ওপরেই তখন লেখা হবে এই স্প্যানিয়ার্ডের নাম। সপ্তম শিরোপা জিতে পেছনে ফেলবেন বিয়ন বোর্গকে। জোকোভিচ জিতলে ফিরিয়ে আনবেন প্রায় ভুলে যাওয়া এক স্মৃতিকে। গত ৪৩ বছরে পৃথিবীতে ঘটেছে কত কিছু, টেনিসে ভেঙেছে অজস্র রেকর্ড, কিন্তু একই সঙ্গে চারটি গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন হওয়া সর্বশেষ খেলোয়াড় হয়ে রয়েছেন সেই রড লেভার। আজ সার্বিয়ান তারকা জিতলেই সমকক্ষ হবেন লেভার ও ডন বাজের। ফাইনালটি নাদাল-জোকোভিচের টানা চতুর্থ গ্র্যান্ড স্লাম ফাইনাল। আগের তিনটি ফাইনালে জিতলেও এবার ফেবারিট নন জোকোভিচ। নাদাল নিজের প্রিয় টুর্নামেন্টে খেলছেন অবিশ্বাস্য টেনিস। ছয় ম্যাচের একটিতেও কোনো সেট হারেননি। তা ছাড়া দুটি প্রস্তুতি টুর্নামেন্টে জোকোভিচকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছেন গত সপ্তাহে ২৬-এ পা দেওয়া নাদাল। তাই পরশু জোকোভিচের কাছে সরাসরি সেটে হেরে যাওয়ার পরও রজার ফেদেরার নাদালকেই ফেবারিট বলছেন, ‘আমি অবশ্যই রাফাকে বেছে নেব। সেই অবিসংবাদিত ফেবারিট।’জোকোভিচও জানেন চতুর্থ গ্র্যান্ড স্লাম জেতাটা সহজ হবে না, ‘আমাকে নাদালের বিপক্ষে পাঁচ সেটের ম্যাচ জিততে হলে ধারাবাহিকভাবে খুব উঁচু মানের খেলা খেলতে হবে। এটাই চূড়ান্ত পরীক্ষা।’অনেকেই নাদালকে ক্লে-কোর্টের সুপারম্যান বলছেন। তবে নাদাল নিজে সুপারম্যান-তত্ত্বে বিশ্বাসী নন, ‘আমি প্রতিদিন কাজ করি; অনুশীলনও করি প্রতিদিন। রোববার পর্যন্ত আমাকে এটাই করে যেতে হবে।’ এএফপি, রয়টার্স।