যে ঔদ্ধত্য তাঁকে মানায়!

২৮ গজ দূর থেকে জ্লাতান ইব্রাহিমোভিচের শট। সেটা যে গতিতে আন্ডারলেখটের জালে জড়াল, সে গতিতে ইউরোপের অনেক শহরে গাড়ি চালালে হয়তো ট্রাফিক ধরে জেলে পুরে দেবে! গোলরক্ষক টমাস কামিনস্কি নিয়মরক্ষার একটা ঝাঁপ দিয়েছিলেন। ঠেকানো দূরের কথা, আন্ডারলেখট গোলরক্ষকের কপাল ভালো বলটা তাঁর গায়ে লাগেনি। হাসপাতালে নিয়ে যেতে হতো নির্ঘাত!
পরশু রাতে ইব্রার তৃতীয় গোল। এর আগে দুটি এবং পরে আরও একটি গোল করেছেন প্যারিস সেন্ট-জার্মেই স্ট্রাইকার। ফুটবলীয় সৌন্দর্যের বিচারে কোনোটাই অন্যটির চেয়ে কম নয় কোনো অংশে। তবে বুলেট গতির হ্যাটট্রিক গোলটা যে অনেক দিন ফুটবল অনুরাগীদের চোখে লেগে থাকবে, সেটা বোঝা গেছে গোলের পর প্রতিপক্ষ সমর্থকদের গ্যালারি ফাটানো হাততালিতেই। ব্রাসেলসে দর্শকদের কাছ থেকে এমন সম্মান পেয়ে অভিভূত সুইডিশ স্ট্রাইকারও, ‘এটা অবিশ্বাস্য, অসাধারণ। আমি শিহরিত ও রোমাঞ্চিত। এ এক বিরাট সম্মান।’
১৭ মিনিটে প্রথম গোল, ৩৬ মিনিটে তৃতীয়টি। সময়ের হিসাবে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে অষ্টম দ্রুততম হ্যাটট্রিক। ৬২ মিনিটে নিজের চতুর্থ গোলটি করার পর নাম লিখিয়েছেন চ্যাম্পিয়নস লিগের এক ম্যাচে চার বা ততোধিক গোল করা একাদশ ফুটবলার হিসেবে। চার মিনিট বাকি থাকতে তাঁর পর পর দুটি শট কামিনস্কি ফিরিয়ে না দিলে লিওনেল মেসির পর চ্যাম্পিয়নস লিগের এক ম্যাচে পাঁচ গোল করা দ্বিতীয় ফুটবলার হতেন ইব্রা! এক ম্যাচে এত কিছু করা হয়তো শুধু তাঁর পক্ষেই সম্ভব।
মেসি-রোনালদোর যুগে পড়ে গেছেন বলে, অনেক ফুটবলার আফসোস করতে পারেন। ইব্রার মধ্যে সেই আফসোস নেই, বরং নিজেকে মাঝেমধ্যেই ওই দুজনের চেয়ে সেরা বলে দুর্নাম কুড়িয়েছেন উদ্ধত হিসেবে। তবে পরশু রাতে তাঁর চারটি গোল দেখে সেই ঔদ্ধত্যকে মনে হবে সৌন্দর্য।
যে ঔদ্ধত্য ইব্রাকে মানায়!