যে কথা রাখলে বাফুফের প্রশংসা করতে হবে

কমলাপুর স্টেডিয়ামে অনুশীলনে একাডেমি দলফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব ফুটবলে উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোর উন্নতির পথে নতুন ‘প্যাকেজ’ বয়সভিত্তিক জাতীয় দল ও একাডেমি দলকে ঘরোয়া লিগগুলোতে খেলিয়ে তৈরি করে নেওয়া। প্রতিবেশী ভারতই অনূর্ধ্ব-১৯ দলকে ‘ইন্ডিয়ান অ্যারোজ’ নামে আই লিগে খেলায়। ভুটান তো এই পথে হেঁটে ২০১৯ সালে প্রথমবারের মতো এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে বাংলাদেশকে হারিয়েছিল।

এর সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত তাজিকিস্তান। মধ্য এশিয়ার দেশটি ২০২৬ বিশ্বকাপে খেলার লক্ষ্য নির্ধারণ করে এই পরিকল্পনায় হেঁটে খেলে ফেলেছে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। তাদের অনূর্ধ্ব-১৯ দলটিও টানা দ্বিতীয়বার গ্রুপ পর্ব পেরিয়ে খেলছে এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ। এবার তাদের মতোই পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

গত আগস্টে ৫২ জন (বর্তমানে আছে ৩২ জন) খেলোয়াড়কে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে রেখে অনুশীলনের ব্যবস্থা করেছে বাফুফে। এ প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘বাফুফে এলিট একাডেমি’। সেখানকার খেলোয়াড়দের নিয়ে ‘ডেভেলপমেন্ট স্কোয়াড’ নামে একটি দল গঠন করে সেই দলকে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে বাফুফে।

আজ বিকেলে বাফুফে ডেভেলপমেন্ট কমিটির সভায় সিদ্ধান্তটি চূড়ান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম। প্রথম আলোকে তিনি বলেন, ‘আগে থেকেই নীতিগতভাবে সিদ্ধান্ত ছিল একাডেমি দল চ্যাম্পিয়নশিপ লিগে খেলবে। চূড়ান্ত সিদ্ধান্তটা নেওয়া হয়েছে আজ। এতে আমাদের ছেলেরা অনেকগুলো করে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ পাবে।’ দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থার এই উদ্যোগের প্রশংসা করতেই হয়। তবে শেষ পর্যন্ত এটি নির্ভর করছে তাদের কথা রাখার ওপর।

একাডেমি দলের খেলোয়াড়দের নিবিড় অনুশীলন
ফাইল ছবি

২০১৯ সালে ফর্টিজ একাডেমি নিয়ে একই সিদ্ধান্তের কথা জানিয়েছিল দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা বাফুফে। শেষ পর্যন্ত কথা রাখতে পারেনি তারা। এবার নিজেদের কথা রাখবে বাফুফে, সে আশা ফুটবলপ্রেমীদের।

আগামী বছর ফেব্রুয়ারিতে শুরু হবে পেশাদার ফুটবল লিগের দ্বিতীয় স্তরের লিগ টুর্নামেন্ট ‘চ্যাম্পিয়নশিপ লিগ’। সেখানে ডেভেলপমেন্ট স্কোয়াড চ্যাম্পিয়ন বা অবনমন হলে কী হবে, সে বিষয়গুলোর ব্যাপারে পরে সিদ্ধান্ত নেবে বাফুফে।