অস্ট্রেলিয়া থেকে অস্ত্রোপচার করে এসেছেন সাত সপ্তাহ হলো। অল্প রানআপে বোলিংও শুরু করেছেন। নাজমুল হোসেনের আশা, সেপ্টেম্বরের মধ্যেই পুরোপুরি ফিট হয়ে যাবেন। অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞ চিকিৎ সক ডেভিড ইয়াং যে রকম বলেছিলেন, এখন পর্যন্ত সব নাকি সেভাবেই এগোচ্ছে।
অস্ট্রেলিয়া থেকে বিদায় দেওয়ার আগে নাজমুলকে আরেকটা কথা বলেছিলেন ডেভিড ইয়াং, ‘বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় এসে চিকিৎ সা করাতে তো অনেক খরচ। আমি বছরে দুবার শ্রীলঙ্কায় যাই। প্রয়োজন হলে তোমরা ওখানে এসেও আমার সঙ্গে দেখা করতে পারো। খরচ অনেক কম পড়বে।’ ইয়াংয়ের এই পরামর্শের কথা কাল নাজমুলই বলছিলেন টেলিফোনে।
অন্যান্য দেশের তুলনায় ব্যয়বহুল হলেও বাংলাদেশের ক্রিকেটারদের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার চিকিৎ সাই এখন ‘স্ট্যান্ডার্ড’। অস্ট্রেলিয়া ক্রিকেট জাতি, ক্রিকেটারদের জন্য বিশেষায়িত চিকিৎ সাব্যবস্থা গড়ে উঠেছে সে দেশে। মাশরাফি বিন মুর্তজার অস্ত্রোপচারের সুবাদে ডেভিড ইয়াংসহ অনেক অস্ট্রেলিয়ান চিকিৎ সকের সঙ্গে বিসিবির ভালো যোগাযোগও তৈরি হয়েছে। তবে অস্ট্রেলিয়ায় পাঠিয়ে চিকিৎ সার সবচেয়ে বড় কারণ বোধ হয় মানসিক সন্তুষ্টি। বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীও বললেন, ‘মানসিক সন্তুষ্টিটা বড় ব্যাপার। ক্রিকেটারদের চিকিৎ সা বরাবর অস্ট্রেলিয়াতেই করাচ্ছি আমরা। সে জন্য নতুন একজন ক্রিকেটার ইনজুরিতে পড়লে অটোমেটিক অস্ট্রেলিয়ার কথাই আগে আসে মাথায়। ক্রিকেটাররাও অস্ট্রেলিয়াতে পাঠালেই বেশি নিশ্চিন্ত থাকে।’
এ পর্যন্ত সবচেয়ে বেশিবার অস্ট্রেলিয়ায় গিয়ে চিকিৎ সা করে আসা মাশরাফির কাছে অবশ্য মানসিক সন্তুষ্টির চাইতেও বড় অস্ট্রেলিয়ার চিকিৎ সার মান, ‘ক্রিকেটারদের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার চিকিৎ সক এবং চিকিৎ সা অন্য যেকোনো দেশের চেয়ে অনেক ভালো। অন্যান্য দেশে অস্ত্রোপচার করালে যদি ৭০ ভাগ সুফল পাওয়া যায়, অস্ট্রেলিয়ায় পাওয়া যাবে ৯০ ভাগ।’
তবে ফুটবলার আমিনুল হকের অভিজ্ঞতার কথা শুনলে নতুন কিছুও ভাবতে পারে বিসিবি। পেসার আবুল হাসান এখন মেরুদণ্ডের যে সমস্যায় ভুগছেন, একই সমস্যা ছিল জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুলেরও। ভারতের মুম্বাই হাসপাতালে ২০০১, ২০০৭ ও ২০০৯ সালে এই অস্ত্রোপচার করা আমিনুল বলছিলেন, ‘তিনবারই আমার অপারেশন করেছেন বিশেষজ্ঞ স্পাইনাল সার্জন সামির দালভি। খুবই ভালো চিকিৎ সক, প্রতিদিন ৮-১০টা অপারেশন করেন। হাসপাতালের অন্যান্য সুযোগ-সুবিধাও পাঁচ তারকা মানের।’ অস্ট্রেলিয়ায় পাঠালে আবুল হাসানের একবারের অস্ত্রোপচারে যেখানে খরচ হবে প্রায় ৩০ লাখ টাকা, সেখানে ভারতে তিনবার অস্ত্রোপচার করেও আমিনুলের খরচ হয়েছিল ১৫ লাখ টাকার মতো।
প্রশ্ন উঠতে পারে, ভারতে এত ভালো চিকিৎ সা হলে আমিনুলকে কেন তিনবার করাতে হলো একই অস্ত্রোপচার? আমিনুলের ব্যাখ্যা, ‘মেরুদণ্ডের অপারেশনের চেয়েও গুরুত্বপূর্ণ অপারেশনের পরের সময়টাতে সবকিছু মেনে চলা। আমার সেসবে ঘাটতি ছিল। আমি তো প্রথম অপারেশনের চার মাসের মাথায় সাফ ফুটবল খেলতে নেমেছিলাম।’
আন্তর্জাতিক স্বাস্থ্যবিমা প্রতিষ্ঠান বুপার সঙ্গে বিসিবির আগের চুক্তি থাকলে অবশ্য ক্রিকেটারদের অস্ট্রেলিয়া-ইংল্যান্ডে পাঠানোও কঠিন হতো না। বুপার বিমায় পাওয়া যেত চিকিৎ সা খরচের পুরোটাই। কিন্তু বছর দুয়েক হলো বুপার সঙ্গে চুক্তি নেই বিসিবির। জাতীয় দলের খেলোয়াড়দের প্রত্যেকের জন্য প্রিমিয়াম বাবদ বুপাকে বছরে দুই হাজার ৫০০ ডলার করে দিতে হতো। বিনিময়ে পাওয়া যেত রোগীপ্রতি প্রায় সাড়ে ১৮ লাখ ডলার (১২ লাখ পাউন্ড) পর্যন্ত চিকিৎ সা খরচ। সৌভাগ্যবশতই হোক বা দুর্ভাগ্যজনক, ওই সময়ে বাংলাদেশের ক্রিকেটারদের চোটাঘাতে পড়ার হার ছিল খুবই কম। চুক্তির চার-পাঁচ বছরের মধ্যে তাই আড়াই কোটি টাকার মতো প্রিমিয়াম দেওয়া হয়ে গেলেও বিমার টাকা দাবি করা গেছে মাত্র পাঁচ লাখের মতো!
বুপার সঙ্গে চুক্তি রাখাটা এ কারণেই লাভজনক মনে করেনি বিসিবি। নতুন পরিস্থিতিতে যে আবার চুক্তি করবে, সেটাও কঠিন। বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী বললেন, ‘আগে অ্যাপোলো হাসপাতাল বুপার ইনস্যুরেন্সের আওতায় থাকা খেলোয়াড়দের চিকিৎ সা করত। কিন্তু এখন বাংলাদেশে বুপার অনুমোদিত কোনো হাসপাতাল নেই।’ অত টাকা প্রিমিয়াম দিয়েও তাই শুধু বিদেশে গিয়ে চিকিৎ সা করালেই পাওয়া যাবে বুপার সেবা।
তবে বুপার বিমার আওতায় থাকা কেউ চাইলে নিজ খরচে যেকোনো হাসপাতালে চিকিৎ সা করাতে পারেন। পরে তাদের কাছে বিল পাঠিয়ে দিলেই হলো। প্রক্রিয়াটা জটিল বলে বিসিবি সে পথে যায়নি। ক্রিকেটারদের বিমা করা আছে দেশের প্রগতি ইনস্যুরেন্সের সঙ্গে। এই বিমার আওতায় জাতীয় দলের ক্রিকেটারদের হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎ সার জন্য প্রতিবার সর্বোচ্চ পাঁচ লাখ টাকা করে পায় বিসিবি, ঘরে বসে চিকিৎ সার জন্য এক লাখ টাকা। জাতীয় দলের বাইরের বেতনভুক্ত ক্রিকেটারদের জন্য অঙ্কটা তিন লাখ ও ৫০ হাজার। তবে বিদেশি কোচিং স্টাফদের জন্য এখনো বুপার স্বাস্থ্যবিমার সেবাই নিচ্ছে বিসিবি। বুপার বিমা থাকতে হবে, বিসিবির সঙ্গে চুক্তিতেই নাকি শর্তটা রেখে দেন বিদেশি স্টাফরা।